মধুসূদনের কাব্য নিয়ে নাটক ও অন্যান্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাভারত-এর ১১ জন নারীর আখ্যান নিয়ে ১১টি অধ্যায়ে মাইকেল মধুসূদন দত্ত লিখেছিলেন বীরঙ্গনা কাব্য। সেখান থেকে চারটি অধ্যায় নিয়ে কাব্যনাটক করেছে সিলেটের মণিপুরি থিয়েটার। কহে বীরঙ্গনা নামের এই নাটকের নির্দেশনা দিয়েছেন শুভাশীস সিনহা।জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটারে আয়োজিত ‘নাট্যযজ্ঞ’ নাট্যোৎসবে মঞ্চস্থ হয় এ নাটকটি। গতকাল ছিল উৎসবের ষষ্ঠ দিন। ‘নাট্যযজ্ঞ’ ঢাকার মঞ্চের তিন তরুণ নির্দেশকের সৃষ্টি তুলে ধরার আয়োজন। এতে অংশ নেওয়া আর দুই নির্দেশক হচ্ছেন ফয়েজ জহির ও আজাদ আবুল কালাম। নাটকের পত্রিকা থিয়েটারওয়ালা-এর আয়োজক।কহে বীরঙ্গনা নাটকের চার অধ্যায়ে দুষ্মন্তের প্রতি শকুন্তলা, অর্জুনের প্রতি দ্রৌপদী, জয়দ্রথের প্রতি দুঃশলা ও নীলধ্বজের প্রতি জনার পত্রকাব্য বিবৃত হয়েছে। বিরহিনী চার নারীর মর্মযাতনা ও ক্রন্দনের ভেতর দিয়ে প্রকাশ পেয়েছে চিরন্তন প্রেমের এক বিচিত্র ছবি। এ এক প্রেমের জয়গানও বটে। ক্ষমতার দ্বন্দ্ব, প্রতিহিংসা কিংবা যুদ্ধ নয়, দুর্নিবার আত্মিক প্রেম ও ভালোবাসার শক্তিই দিতে পারে মানুষের প্রকৃত মুক্তির সন্ধান। মহাভারতের ওই কয়েকজন বিরহিনী নারীর যন্ত্রণাদগ্ধ সংলাপের মধ্য দিয়ে ফুটে উঠেছে সেই চিরন্তন সত্য।নাটকের চার নারীর ভূমিকাতেই অভিনয় করছেন জ্যোতি সিনহা। তাঁকে গল্পে এগিয়ে নিতে সহায়তা করেছেন স্মৃতি, শুক্লা, সুনন্দা ও ভাগ্যলক্ষ্মী সিনহা।বাংলা একাডেমীতে রবীন্দ্রনাথ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে বাংলা একাডেমীতে আয়োজিত অনুষ্ঠানমালার গতকাল ছিল শেষ দিন। মঙ্গলবার দুটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালের অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। সভাপতিত্ব করেন মুহাম্মদ হাবিবুর রহমান। ‘১৯৬১-র রবীন্দ্র জন্মশতবার্ষিকী ও তৎকালীন পূর্ব বাংলার সংস্কৃতি অঙ্গনের কিছু কথা এবং অবিদ্যা থেকে মুক্তি: রবীন্দ্রনাথের শিক্ষাচিন্তা’ শিরোনামে আলোচনায় অংশ নেন সাংবাদিক ইকবাল বাহার চৌধুরী, অধ্যাপক আহসানুল হক এবং অধ্যাপক অজয় রায়।বিকেলে আয়োজিত ‘রবীন্দ্রনাটক ও নাট্যপ্রযোজনায় একুশ শতকের দৃষ্টিভঙ্গি’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে রবীন্দ্রনাথের তাসের দেশ, রক্তকরবী ও চিত্রাঙ্গদা নৃত্যনাট্য নিয়ে আলোচনা করেন যথাক্রমে নৃত্যশিল্পী লুবনা মারিয়াম, নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান ও নাট্যনির্দেশক শুভাশীস সিনহা।শিশু-কিশোর নাট্যোৎসবশিল্পকলা একাডেমীর সহযোগিতায় জাতীয় নাট্যশালায় আয়োজিত একাদশ জাতীয় শিশু-কিশোর, আদিবাসী ও অবহেলিত শিশু নাট্যোৎসবের গতকাল ছিল দ্বিতীয় দিন। গতকাল দেশের বিভিন্ন স্থান থেকে আসা ছয়টি দল ছয়টি নাটক পরিবেশন করে। এগুলো ছিল বরগুনা লিট্ল থিয়েটারের নাটক তবু ঘুরে দাঁড়াই, দিনাজপুরের আমাদের থিয়েটারের নাটক ডেলাখের গল্প, সাঁওতাল শিশু থিয়েটারের নাটক শাসেত, রিপার্টরি থিয়েটারের নাটক অন্তরায়, বগুড়ার অ আ ক খ থিয়েটারের টিপু সুলতান ও ঢাকার কিশোর থিয়েটারের নাটক থু।কবিগুরুর দেশের গান ও কবিতাকবিগুরুর সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী আয়োজন করেছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রাধান্য ছিল কবির স্বদেশবিষয়ক গানের। সম্মেলক কণ্ঠে ‘ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা’ গানটি পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এটি পরিবেশন করেন আয়োজক সংগঠনের শিল্পীরা। গান ছাড়াও ছিল কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনা।সংগীত পরিবেশন করেন সাজেদ আকবর, তানিয়া মান্নান, মীরা মণ্ডল, সালমা আকবর, অনিমা রায়, মাফিয়া রহমান, আরিফ রহমান প্রমুখ। শিল্পীরা ‘সার্থক জনম আমার’, ‘এই ভুবন মনোমোহিনী’, ‘ওমা তোমার দুয়ার আজি’, ‘যে তোমায় ছাড়ে ছাড়ুক’, ‘কেন চেয়ে আছো গো মা’—এসব গান গেয়ে শোনান। কবিতা আবৃত্তি করেন রেজিনা ওয়ালী, রফিকুল ইসলাম, মাসকুরে সাত্তার প্রমুখ।‘মন মোর মেঘের সঙ্গী’ গানটির সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করে ভোরের পাখি নৃত্যকলা কেন্দ্র। নটরাজ নৃত্য পরিবেশন করে ‘বজ্র মাণিক দিয়ে’ গানটির সঙ্গে।সাংস্কৃতিক অনুষ্ঠানের আগে ছিল সংক্ষিপ্ত আলোচনা সভা। সহসভাপতি এম ই চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন ফকির আলমগীর, গোলাম কুদ্দুস, হাসান আরিফ প্রমুখ।