মধুসূদনের ক্যানভাসে দুই বাংলার নিসর্গ ও মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনের বাইরের লবিতে প্রদীপ জ্বালিয়ে মধুসূদন দাশের প্রদর্শনী উদ্বোধন করেন অতিথিরা। ছবি: প্রথম আলো
জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনের বাইরের লবিতে প্রদীপ জ্বালিয়ে মধুসূদন দাশের প্রদর্শনী উদ্বোধন করেন অতিথিরা। ছবি: প্রথম আলো

কালের বিবর্তনে পাল্টে গেছে চারপাশের সবকিছু। ছবির প্রেক্ষাপটেও এসেছে পরিবর্তন। কিন্তু একই ভালোবাসা নিয়ে আজও সমান গতিতে এগিয়ে চলেছে এক শিল্পীর রেখা আর তুলির টান। তিনি শিল্পী মধুসূদন দাশ। তাঁর কাজের সঙ্গে বাংলা নিসর্গ, দুই বাংলার মানুষের যেন একেবারে নাড়ির যোগ। নদী, বনজঙ্গল থেকে শুরু করে নারী, শিশু—সব বিষয়েই তাঁর উৎকর্ষ পৌঁছে গেছে তাঁর ক্যানভাসে।

ভারতের শিল্পী মধুসূদন দাশ বিশ্বভারতী থেকে চিত্রকলায় স্নাতকোত্তর অর্জন করেছেন। আন্তভারতীয় স্বর্ণপদক বিজয়ী। জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনের বাইরের লবিতে রোববার শুরু হয়েছে তাঁর একক চিত্রকর্ম প্রদর্শনী। প্রদর্শনীটির আয়োজন করেছে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র।

শিল্পকর্মগুলোর কোনোটিতে ফুটিয়ে তুলেছেন মায়ের মমতা
শিল্পকর্মগুলোর কোনোটিতে ফুটিয়ে তুলেছেন মায়ের মমতা

রোববার দুপুরে আয়োজিত প্রদর্শনীর উদ্বোধনে হাজির ছিলেন শিল্পী নিজে। তাঁকে উৎসাহ দিতে এসেছিলেন বাংলাদেশের বরেণ্য শিল্পী নিসার হোসেন, রণজিৎ দাস প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক জয়শ্রী কুণ্ডু। সবাই মিলে প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন এ প্রদর্শনী।
২৭টি চিত্রকর্ম আছে প্রদর্শনীতে। সব কটি অ্যাক্রিলিক মাধ্যমে আঁকা। প্রদর্শনীর বিষয়বস্তু খুব সহজ। অবয়ব আঁকার দিকে আগ্রহ তাঁর। আধা-বাস্তবরীতিতে কাজ করেছেন তিনি। শিল্পের গভীরতা–সন্ধানী শিল্পী মধুসূদন দাশ তাঁর এই শিল্পকর্মগুলোর কোনোটিতে ফুটিয়ে তুলেছেন মায়ের মমতা, আবার কোনোটিতে বিচ্ছন্নতাও। নারীমনের অতৃপ্ত বাসনা, সৌন্দর্যবোধ তাঁর ক্যানভাসে মূর্ত হয়েছে। মাতৃগর্ভে অনাগত শিশুর নিশ্চিত ঘুম দারুণভাবে ফুটে উঠেছে তাঁর ক্যানভাসে।
‘প্রকৃতি’ মধুসূদনের ক্যানভাসে ঘুরে ফিরে এসেছে। তাঁর ছবিতে আঁকা প্রকৃতি কখনো প্রস্ফুটিত, কোথাও কোথাও বিমূর্ত। কখনো সন্ধ্যা নেমেছে তাঁর ক্যানভাসে, কখনো ভোরের আলো ফুটেছে।

প্রদর্শনী দেখছেন অতিথিরা। ছবি: প্রথম আলো
প্রদর্শনী দেখছেন অতিথিরা। ছবি: প্রথম আলো

১৯৭৩ সালে জন্ম নেওয়া এ শিল্পী জানালেন, তিনি ৪০ বছর আগে যখন ছোট ছিলেন, তখন এসেছিলেন এ দেশে। নিউইয়র্ক, লন্ডনসহ পৃথিবীর অনেক শহরে আয়োজিত প্রদর্শনীতে অংশ নিয়েছেন তিনি। কিন্তু শৈশবের স্মৃতিজাগানিয়া এ শহরে একটি একক প্রদর্শনী তাঁর কাছে স্বপ্নপূরণের মতো একটি বিষয়। এখানে অনেক আবেগ জড়িয়ে আছে।
প্রদর্শনীটি চলবে ১৪ জুন পর্যন্ত। জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনের বাইরের লবিতে সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত দেখা যাবে প্রদর্শনীটি।