মধ্যরাতের মহড়ায় এ আর রাহমান

মঙ্গলবার রাত ১১টা ৩৫ মিনিটে লাগ ভেলকি লাগ! পাল্টে গেল চিরচেনা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের অবয়ব। কিছুক্ষণ আগে স্টেডিয়ামে এসেছেন এ আর রাহমান। মঞ্চ তৈরি হয়ে গেছে। যুক্ত হচ্ছে আলো আর শব্দ। বিরতির মধ্যে পুরো মঞ্চ ঘুরে ঘুরে দেখছেন তিনি। বিভিন্ন বাদ্যযন্ত্র পরীক্ষা করছেন নিজেই। আওয়াজ উঠছে টুংটাং, আবার আনন্দন শিবামণির মার্চিং ড্রামের শব্দে চমকে উঠছে গোটা স্টেডিয়াম। মঞ্চের আশপাশে কড়া নিরাপত্তা। নিরাপত্তার চোখ ফাঁকি দিয়ে অনেকেই ভিড় করছে মঞ্চের সামনে। এ আর রাহমানকে কাছ থেকে একনজর দেখা, তাঁর গান শোনা—উদ্দেশ্য এটাই।
এ আর রাহমান কিন্তু কাউকে নিরাশ করেননি। রাত ১২টা ৫ মিনিটে নিজেই বসলেন হারমোনিয়াম নিয়ে। তাঁর পাশে বসলেন জাভেদ আলী। শুরু হলো মহড়া। বৈঠকি ঢঙের গান দিয়ে মহড়া শুরু করলেন এ আর রাহমান। মন্ত্রমুগ্ধ হয়ে সবাই উপভোগ করলেন তাঁর পরিবেশনা। এরপর কিছুক্ষণের মধ্যেই ফাঁকা হয়ে গেল মঞ্চ। সরিয়ে নেওয়া হলো প্রপস। নিভে গেল আলো। আলো জ্বলতেই মঞ্চে এলেন নীতি মোহন, এরপর উদিত নারায়ণ। সঙ্গে নৃত্যশিল্পীরা। স্টেডিয়ামজুড়ে তৈরি হয় ভিন্ন এক আবহ। রাত যতই বাড়ছে, মঞ্চে শিল্পীরা উঠছেন, গান গাইছেন, এরপর এ আর রাহমানকে ধন্যবাদ জানিয়ে, প্রয়োজনে তাঁর সঙ্গে কথা বলে মঞ্চ থেকে নেমে আসছেন। যখন আমরা ফিরছি, তখন রাত দুইটা। তখনো স্টেডিয়ামে চলছে মহড়া, যা জানান দিচ্ছে বৃহস্পতিবার (আজ) সন্ধ্যায় এই স্টেডিয়ামেই কী অসাধারণ বৈচিত্র্যময় ঘটনাগুলো ঘটতে থাকবে!