
তারকাদের মন যেন সাগরপাড়ের ছোট্ট দ্বীপ। আবহাওয়ার মতিগতি বোঝা বড় দায়। ক্ষণে ক্ষণে পাল্টায়। তারকাদের মনের মতো তাঁদের ফোনের মডেলও পাল্টায় ঝড়ের বেগে। আর তাই কোন তারকা কোন মুঠোফোন ব্যবহার করছেন, কোন যন্ত্র দিয়ে গান শুনছেন, কিংবা তাঁদের ব্যক্তিগত ল্যাপটপটার মডেল কী—এ নিয়ে পাকা খবর দেওয়া মুশকিল।
একসময় হলিউডে ছিল ব্ল্যাকবেরির রাজত্ব। প্রায় সিংহভাগ তারকাই ব্যবহার করতেন ব্ল্যাকবেরি ফোন। কিন্তু শুধু বাজার থেকে নয়, আইফোন পুরোপুরিই মুছে দিয়েছে ব্ল্যাকবেরির অস্তিত্ব। চোখ বন্ধ করে তাই বলে দিতে পারেন, হলিউড তারকাদের প্রায় সবাই ব্যবহার করেন আইফোন।

তবে সবাই আইফোনের ছাতার তলে নিশ্চয়ই নেই। অনেকেই অ্যাপল ছাড়াও অন্যান্য প্রতিষ্ঠানের দূত হিসেবে কাজ করেন। এ কারণে ব্যক্তিগত জীবনে আইফোন বা আইপ্যাড-আইপড ছাড়া অন্য কিছু ব্যবহার করতে হয় তাঁদের। রিজ উইদারস্পুন যেমন কাজ করেছেন মটোরোলার দূত হিসেবে। পরে অবশ্য ব্ল্যাকবেরির দিকে ঝুঁকতে দেখা গেছে তাঁকে। মটোরোলার হয়ে কাজ করেছেন প্যারিস হিলটনও।
ব্রিটনি স্পিয়ার্স একসময় স্যামসাং ফোন ব্যবহার করতেন। পরে তিনিও ঝুঁকেছেন ব্ল্যাকবেরির দিকে।
ভাগ্যিস ব্ল্যাকবেরি উধাও হয়ে গেছে প্রায়। না হলে কী ঝামেলাতেই না থাকতে হতো জন মেয়ারকে। মেয়ার স্টিভ জবসের খুব কাছের বন্ধু ছিলেন। ‘ছিলেন’ লিখতে হচ্ছে জবস এই পৃথিবী ছেড়ে চলে গেছেন বলে নয়। বরং দুজনার বন্ধুত্বের ‘মৃত্যু’ ঘটেছিল আরও আগে। যখন মেয়ার বন্ধুর সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ করে অ্যাপলের প্রতিদ্বন্দ্বী ব্ল্যাকবেরির দূত হিসেবে নাম লেখান। তবে কি অর্থই আগে, বন্ধুত্ব কিছু নয়!
মেয়ার আবার টুইটারের ভীষণ ভক্ত। শুধু টুইট করেন না, কিচিরমিচির দিয়ে ‘ঝড়’ও তোলেন। টুইট বিতর্কে প্রায়ই জড়িয়ে পড়তে দেখা যেত তাঁকে একসময়। এটি ক্যারিয়ারে সমস্যা করছে বলে একসময় টুইটার থেকে স্বেচ্ছা অবসরও নিয়েছিলেন। পরে অবশ্য ফিরে এসেছেন টুইটের জগতে।
আইফোনের মতো গান শোনার ক্ষেত্রে আইপডও হলিউড তারকাদের খুব পছন্দের। তবে ব্যতিক্রমদের তালিকায় আছেন জেসিকা সিম্পসন। তিনি ব্যবহার করেন আইরিভার। দক্ষিণ কোরিয়ার এই পণ্যটির দূত হিসেবে যে কাজ করেছেন। নুন খাই যার, গুণ গাই তার। লিন্ডসে লোহানও আইরিভারের হয়ে কাজ করেন। তবে লোহানের মোবাইল ফোনটি টি-মোবাইলের। জার্মানির এই প্রতিষ্ঠানটির হয়ে কাজ করছেন নিকোল রিচিও। কিরা নাইটলি আবার ব্যবহার করেন আইপড।
সংগীত তারকা বনোও প্রযুক্তির ব্যাপারে খুবই আগ্রহী। ইউটুর এই সংগীতশিল্পী ‘ইলেভেশন পার্টনার্স’ নামের একটি বিনিয়োগ সংস্থার সহ-উদ্যোক্তা। সংস্থাটি ইয়েলপ, ফেসবুক ও ড্রপবক্সে বিনিয়োগ করেছে। বনো মনে করেন, প্রযুক্তি ও প্রযুক্তিপণ্য সহজলভ্য করা উচিত। সবার হাতের নাগালে পৌঁছে দেওয়া উচিত। কারণ, পৃথিবী সামনে যে বিপ্লবের জন্য অপেক্ষা করছে, সেটা হবে পুরোপুরি প্রযুক্তির বিপ্লব।

শুধু প্রযুক্তির ব্যবহার বা ভক্ত হয়ে থাকা নয়, বনোর মতো প্রযুক্তি খাতে বিনিয়োগ করেছেন জাস্টিন টিম্বারলেক, অ্যাশটন কুচারের মতো তারকারাও। আলোকচিত্রীদের ছবি বিক্রির সাইট স্টিপল কিংবা সংগীতবিষয়ক সাইট মিসকো মিডিয়ায় বড় বিনিয়োগ আছে টিম্বারলেকের। মাইস্পেস—এও লাখো ডলার বিনিয়োগ করেছিলেন। যদিও ফেসবুক-টুইটারের সঙ্গে লড়াইটায় জিততে পারেননি।
প্রথম তারকা হিসেবে টুইটারের ১০ লাখ বা ১ মিলিয়ন অনুসারী গড়ে তুলেছিলেন কুচার, ২০০৯ সালে। স্কাইপি, ফোরস্কয়ার, ভিকারিয়াসের মতো সংস্থায় বিনিয়োগও আছে তাঁর। শুধু তা-ই নয়, বিশ্বের সবচেয়ে বড় পিসি নির্মাতা প্রতিষ্ঠান লেনোভোর উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবেও কাজ করেছেন তিনি।
হলিউড তারকারা প্রযুক্তিকে ভালোবাসেন। অনেকে শুধু ফ্যাশন বা পণ্যদূতিয়ালির মধ্যেই এটিকে সীমাবদ্ধ রাখেননি। আর হলিউড তারকাদের এ কথা বলার সুযোগও নেই, ‘...বন্ধুর কাছে মনের খবর কেমনে পাঠাইতাম।’ টেলিফোন আর টেলিগ্রাম হয়তো এখন আর আসলেই সেভাবে ‘নাই’, কিন্তু মোবাইল ফোন, ফেসবুক, টুইটার তো আছে!
হলিউড লাইফ অবলম্বনে