মন কী যে চায় বলো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইনসাইড আউট ছবির দৃশ্য
ইনসাইড আউট ছবির দৃশ্য

‘তোমার ঘরে বাস করে কারা ও মন জানো না-
তোমার ঘরে বসত করে কয়জনা।’
অ্যানিমেশন ছবি তৈরির কারখানা পিক্সার এই লালনগীতি শুনেই বোধ হয় নতুন ছবি ইনসাইড আউট-এর গল্পটা ভাবতে শুরু করে! ভ্রু কুঁচকে ভাবছেন, এ আবার কেমন কথা? তা ঠিক, লালনগীতি হয়তো তাঁরা শোনেননি, কিন্তু পাক্কা দুই বছর পর আসা পিক্সারের নতুন ছবির গল্পটা যে মানুষের মনের সূক্ষ্ম অনুভূতি নিয়েই!
সেই ১৯৯৫ সালে টয় স্টোরি থেকে শুরু, এরপর প্রতিটি ছবিতেই পিক্সার অনুভূতি আর আবেগী হৃদয়-কাঁপানো গল্প নিয়ে খেলা করেছে। ইনসাইড আউটই বা বাদ যাবে কেন? এই ছবিতে আছে অনুভূতিদের অনুভূতির কথা! শুনতে অদ্ভুত লাগছে একটু, তাই না?
মিনেসোটায় জন্ম রাইলির। যার মনের ভেতর পাঁচ ধরনের অনুভূতির বাস—আনন্দ, দুঃখ, ভয়, বিতৃষ্ণা আর রাগ। রাইলির বয়স যখন ১১, তখন বাবার নতুন চাকরির জন্য মিনেসোটা ছেড়ে তাঁদের বসত গাড়তে হয় সানফ্রান্সিসকোতে। চিরচেনা পরিবেশ ছেড়ে হঠাৎ নতুন জায়গায় এসে রাইলির মানসিক জগৎটাই কেমন যেন এলোমেলো হয়ে যায়। আগের সোনালি আনন্দের স্মৃতিগুলো ধীরে ধীরে হয়ে যায় নীল দুঃখের। এই অবস্থায় রাইলি কীভাবে নিজেকে খাপ খাওয়াবে? বা আদৌ পারবে কি না, তা নিয়েই এগিয়েছে ছবির গল্প।
চিত্রনাট্যকারেরা কিন্তু পাঁচটার বদলে সাতাশটা অনুভূতি নিয়ে ছবির গল্প সাজাতে চেয়েছিলেন। খুব বেশি ঘোরপ্যাঁচ হয়ে যাবে বুঝে পরে এই ভাবনা বাদ দেওয়া হয়। মন নিয়েই ছবির কারবার, তাই ছবিটি বানানোর আগে পরিচালক পিট ডকটার এবং রনি দেল কারমেন কথা বলেন কয়েকজন খ্যাতিমান মনস্তাত্ত্বিকের সঙ্গে। এ কারণেই হয়তো ইনসাইড আউট ছবির মূল গল্প হয়ে উঠেছে নিখুঁত, অসম্ভব আবেগে টইটম্বুর।
গুনে গুনে দুই বছর অপেক্ষার পর পিক্সারের নতুন ছবি। ইনসাইড আউট হতাশ করেনি দর্শকদের। এরই মধ্যে মুক্তির ১০ দিনের মাথায় ছবির আয় প্রায় সাড়ে আঠারো কোটি ডলার!
পিক্সারের অন্য ছবিগুলোর মতো এই ছবিতেও পিৎজা প্ল্যানেট ট্রাকের দেখা মিলেছে! এমনকি রাইলির স্মৃতিগুলোর মধ্যে চকিতের জন্য দেখা গেছে আপ ছবির কার্ল আর এলিকেও।
শুধু সাধারণ দর্শক নয়, ছবিটি দেখার পর বেশির ভাগ সমালোচক, শিশু বিশেষজ্ঞ আর মনস্তাত্ত্বিক অকুণ্ঠ প্রশংসা করেছেন। কলাম্বিয়া মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু-মনস্তাত্ত্বিক ড. এলিজাবেথ গাথরি ঠিক করেছেন, ভবিষ্যতে শিশুদের সঙ্গে সেশনে তিনি এই ছবিটি ব্যবহার করবেন। ছবির মূল কথা একটাই, ‘মন খারাপ করাটাও কিন্তু ভালো!’
পিট এই ছবি তৈরির আগ্রহ বা উৎসাহ পেয়েছিলেন কাছ থেকে নিজের মেয়েকে বড় হতে দেখে। তাই হয়তো শিশুদের মন ছবিতে এতটা ভালোভাবে ফুটে উঠেছে। তবে এসব জটিল মনস্তাত্ত্বিক ব্যাপারে না গিয়ে সবাই বরং এখন ছবিটাই দেখি। আর যা-ই হোক, মানুষের মনের খবর জানা তো সহজ কথা নয়! মাইলসের গান, ‘কী যে চায় এই মন, কী খোঁজে সারাক্ষণ, আমার পিয়াসী মন!’ তবে আমার মনে হচ্ছে, এখন সবার মন চাইছে আগে ছবিটা দেখতে, ঠিক ধরেছি না?
ঢাকার দর্শকেরাও এখন দেখতে পাবেন ছবিটি। ২৬ জুন ছবিটি মুক্তি পেয়েছে স্টার সিনেপ্লেক্সে।
নিউজউইক অবলম্বনে