
উৎকর্ষ ও জনপ্রিয়তায় গত শতকের শেষের দিকে তুঙ্গে পৌঁছে যায় ব্যান্ড সংগীত। সে সময় একেবারে ব্যতিক্রম একটি কণ্ঠ নিয়ে হাজির হয়েছিলেন শিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল। ব্যান্ডের ডামাডোলেও আলাদা করা যেত সেই স্বরটি। সংগীতে গত এক দশক প্রায় অনিয়মিত হয়ে গিয়েছিলেন তিনি। হয়তো প্রকাশ করেছেন দু-একটি একক গান বা ভিডিও। কেন এই অন্তর্ধান? এত দিন কোথায় ছিলেন, কেন ছিলেন না সংগীতে? সেই সব নিয়ে গত ১৮ মে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে কথা হয় রাসেল মাহ্মুদের সঙ্গে। দীর্ঘ বিরতির পর সেদিন প্রকাশিত হয় তাঁর দশম একক অ্যালবাম এমন হলো কই। অ্যালবামটি প্রকাশ করেছে বাপ্পা মজুমদারের রেকর্ডিং লেবেল বী ইমজ্ ওয়ার্কস্টেশন।
কৈশোরে আমরা আপনাকে বলতাম ছ্যাঁকা খাওয়া ছেলেদের শিল্পী। ‘রোমান্টিক-স্যাড’ ধরনটা বেছে নিয়েছিলেন কেন?
(একচোট হেসে নিয়ে) আমাকে আবিষ্কার করেছিলেন বাচ্চু ভাই (আইয়ুব বাচ্চু)। বলেছিলেন, গাও। তিনি বাজিয়েছেন, আমি গেয়েছি। আমার কণ্ঠ শুনে তিনিই ঠিক করে দিয়েছিলেন যে আমাকে ‘রোমান্টিক-স্যাড ব্যালাড’ ধরনের গান গাইতে হবে। প্রথম অ্যালবাম কুয়াশা প্রহর করেছিলেন তিনি। এরপর যা হওয়ার তাই হলো। একবার কমেডিয়ান চরিত্রে ভালো করলে সারা জীবন তাঁকে কমেডিয়ান হিসেবেই কাজ করতে হয়। আমার ক্ষেত্রে সবাই ধরেই নিলেন যে, জুয়েলের জন্য এ রকম সুরের গানই করতে হবে। আমিও তেমন ‘ছ্যাঁকা খাওয়া’ ছেলেদের শিল্পী হয়ে রইলাম।
তারপর হঠাৎ ‘নাই’ হয়ে গেলেন কেন?
আমাদের বয়স বেড়েছে, নতুনেরা সামনে এগিয়ে এসেছে। বাড়িতেও এ রকম হয়। বাবা ও বড় ভাইয়েরা নেপথ্যে চলে যান, এগিয়ে আসে ছোটরা। আপনারা এখন দুই হাতে লিখছেন। বয়স বাড়লে শুধু কলাম লিখবেন, আমাদের দেশে যেমন হয় আরকি। আমারও তা-ই হয়েছে। তবে একদম ছিলাম না, তা নয়। টুকটাক গান করেছি। কিন্তু উপস্থিতি টের পাননি এর কারণ হচ্ছে, বিলবোর্ড বা লাখ লাখ টাকার মিউজিক ভিডিও করিনি বলে।
অনিয়মিত হয়ে পড়ার অন্যতম কারণ তাহলে অভিমানও?
আমি আসলে কখনোই ফুলটাইম মিউজিশিয়ান ছিলাম না। আমার একটা ভিন্ন ক্যারিয়ার ছিল। গানকে আমি রুটি-রুজি করতে চাইনি। কারণ যখনই কোনো প্রতিষ্ঠান বুঝবে যে গান গেয়ে আপনার বাচ্চার দুধ কিনতে হবে, তখনই সে আপনাকে কোথাও কিনবে কোথাও বেচবে। আমি তাঁদের কাছে বিক্রি হতে চাইনি। আমি বুঝেছি যে, তাঁদের হাতে নিজেকে সঁপে দিলে তাঁরা আমার গানকে নিয়ন্ত্রণ করবে। দেখা যাবে, যেসব গান আমাকে মানায় না, তেমন গানও গাইতে হচ্ছে। তখন আপনারাই বলবেন, আমি কেন এসব গাইলাম? সে জন্য শুরুতেই আমি একটা ভিন্ন ক্যারিয়ার গড়ে নিয়েছি। গান ছিল সেকেন্ডারি।
একসময় আমরা নিয়মিত ক্যাসেট কিনতাম। আপনার প্রায় সব ক্যাসেট ছিল আমার সংগ্রহে। বাংলাদেশে এখন গান কেনে লোকে?
সিডি-প্লেয়ার হঠাৎ করেই চলে গেল। প্রযুক্তি সিডি-প্লেয়ার কেড়ে নিয়ে বিকল্পও দিয়েছে। কিন্তু মানুষের কাছে বাংলা গান পৌঁছে দেওয়ার কোনো বিকল্প ব্যবস্থা আমাদের সংগীত ব্যবসায়ীরা করেননি। সে রকম প্ল্যাটফর্ম তৈরির দায়িত্ব ছিল তাঁদের। পশ্চিমারা করেছে। ম্যাডোনা, বিয়োন্সে, রিয়ান্না, বিবার, অ্যাডেলেরা জানেন, তাঁদের অ্যালবাম বের হবে এবং সেগুলো মিলিয়ন মিলিয়ন কপি বিক্রি হবে। তাঁরা শুধু গাইবেন। প্রোমোটর, ম্যানেজার, রেকর্ড লেবেল কোম্পানি প্রক্রিয়া তৈরি করে তাঁদের শুধু জানান যে তাঁরা কীভাবে চুক্তিবদ্ধ, শুধু ডিজিটাল রাইট পাবেন নাকি শুধু আইটিউন থেকে রয়্যালটি পাবেন। পশ্চিমারা প্রযুক্তি কাজে লাগিয়ে তাঁদের বাজার তৈরি করেছেন। আমরা শুধু বসে বসে ভেবেছি, যদি দয়া করে কেউ গান কেনে। আর ব্যবসায়ীরা পরিবর্তনটা না বুঝে সংগীত ব্যবসা ফেলে আলু-পটোলের ব্যবসা শুরু করেছেন। সারা পৃথিবীতে যেখানে গান বিক্রি হচ্ছে, আমাদের হবে না কেন? আমার এই গানগুলো যদি আজ তিন-পাঁচ টাকায় কেনার ব্যবস্থা করা হয়, কে কিনবে না? পাঁচটা গান যদি ৫০ টাকায় ডাউনলোড করা যায়, নামাবে না? আমরা তো উল্টো পাইরেসির জায়গা করে দিচ্ছি।
এই কথাগুলো তুলেছেন কোথাও?
শ্রোতারা কীভাবে গান শুনবেন সেটা আসলে আমাদের ভাবা উচিত ছিল। কিন্তু আমরা, শিল্পী-সুরকার-গীতিকাল-কম্পোজার, যারা এই শিল্প নিয়ে কাজ করি, সবাই একসঙ্গে ব্যর্থ হয়েছি। সময়টাকে ধরতে পারিনি। ওয়েস্টার্ন ওয়ার্ল্ড সেটা করেনি। তাই তাদের বলতে হচ্ছে না যে, হায় আমাদের গান কেউ টাকা দিয়ে কেনে না। আমার মনে হয়েছে, মন দিয়ে চেষ্টা করলে আমিও হয়তো কিছু একটা করতে পারতাম। কিন্তু ছোটবেলা থেকে অনেক কাজের কাজী হয়েছিলাম বলে কিছুই ঠিকমতো করা হয়নি। কবিতা লিখেছি, নাটক করেছি, ছবি তুলেছি, পরিচালনা, প্রযোজনা কিছুই বাদ দিইনি। এখন মনে হয়, আসলে এত কিছু না জানলেও হতো।
এখন করতে পারেন না?
এখন আর হবে না। একটা বিশেষ শারীরিক-মানসিক অবস্থার মধ্য দিয়ে যেতে হচ্ছে আমাকে। তবে এবারের প্রকাশনা অনুষ্ঠানে এত এত প্রিয় মানুষ এসেছেন, এগুলো পাঁচ বছর আগে থেকে আমাকে বেশি অনুপ্রাণিত করেছে। আমার এখন এসব দরকার। আমার জন্য দোয়া করবেন সবাই।
নতুন গানের ভিডিওটা ভালো হয়েছে। বেশ সিম্পল।
আমারও ভালো লেগেছে। অল্প বয়সী মেয়ে দোলনায় বসে পা দোলাবে, সে রকম ভিডিও বানানোর বয়স, রুচি, সংগতি কোনোটাই নেই আমার। কথায়ও নতুন সময়ের কিছু শব্দ সংযোজিত হয়েছে। আমার বিশ্বাস, গানগুলো বরাবরের মতোই ভালো লাগবে সবার। বাপ্পা খুব মেধাবী কম্পোজার। তাঁর কাজ ভালো না লাগার কোনো কারণ নেই।