মন পবনের ছন্দে নাচবেন নিপুণ
এবারের ঈদে চারটি ছবি, বেশ কয়েকটি নাটক ও কয়েকটি টিভি টক শোতে হাজির হবেন নিপুণ। কিন্তু সবকিছু ছাপিয়ে নতুনরূপে নিপুণকে পাওয়া যাবে চ্যানেল টোয়েন্টিফোরের জন্য নির্মিত ‘মন পবনের ছন্দে’ অনুষ্ঠানে। কারণ, এ অনুষ্ঠানে তাঁকে দেখা যাবে নৃত্যশিল্পীর ভূমিকায়। নৃত্যশিল্পীর এই পরিচয়টাও তাঁর জন্য বেশ আনন্দের।প্রথম আলো ডটকমকে নিপুণ বলেন, ‘একেবারে ছোটবেলায় সিলেটে থাকা অবস্থায় তপন দের কাছে নাচের হাতেখড়ি। তারপর মস্কোতে গেলে সেখানে দিরাজ মহারাজের কাছে চার বছর শাস্ত্রীয় নৃত্যের ওপর প্রশিক্ষণ নিয়েছি। নাচের প্রতি ছোটবেলা থেকেই আলাদা একটা দুর্বলতা রয়েছে। আর সে জন্যই নাচের অনুষ্ঠানের প্রস্তাবটা পাওয়ার পর রাজি হয়ে গেলাম।’ তিনি আরও বলেন, ‘টেলিভিশনে কিন্তু এবারই প্রথম কোনো নাচের অনুষ্ঠানে অংশ নিলাম এমন নয়, বছর তিনেক আগে এনটিভির একটি নাচের অনুষ্ঠানেও অংশ নিয়েছিলাম।’‘মন পবনের ছন্দে’ অনুষ্ঠানে নিপুণ শ্রেয়া ঘোষালের একটি গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন। নিপুণ ছাড়াও ‘মন পবনের ছন্দে’ অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেছেন সাদিয়া ইসলাম মৌ, রিয়া, নাদিয়া ও জাকিয়া বারী মম।‘মন পবনের ছন্দে’ অনুষ্ঠানটির কোরিওগ্রাফি করেছেন কবিরুল ইসলাম রতন। আর প্রযোজক হচ্ছেন নাজমুল হুদা শাপলা।