মন ভরেও ভরে না যেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের ঈদে মুক্তি পেয়েছে মোট পাঁচটি চলচ্চিত্র। চলচ্চিত্রকার শহিদুল ইসলাম খোকন প্রেক্ষাগৃহে গিয়ে এর তিনটি দেখেছেন এবং সমালোচনা লিখেছেনআশির দশকে সাপ্তাহিক বিচিত্রায় চলচ্চিত্র সমালোচনা লিখতেন মাহমুদা চৌধুরী। তখন আমরা কেউ সহকারী পরিচালক, কেউ কেউ পরিচালক হব হব করছি। আমরা প্রতি সংখ্যা বিচিত্রায় চলচ্চিত্র সমালোচনা বিভাগ মনোযোগ-সহকারে পড়তাম এবং মাহমুদা চৌধুরীর মুন্ডুপাত করতাম। শুধু সহকারী পরিচালকেরা নন; পরিচালক, শিল্পী, অন্য কুশলীরাও এ দলে ছিলেন। কারণ, ওনার লেখায় কোনো ছবির ভালো দিক লেখেননি, শুধু একতরফা খারাপ লিখে যেতেন; তাই তখনকার নামীদামি পরিচালকেরা গম্ভীর মুখে বলতেন, উনি তো সমালোচনা (সম-আলোচনা) করেন না, করেন মন্দালোচনা। ওনার লেখা যাঁরা পড়েন, তাঁরা সিনেমা হলে গিয়ে ছবি দেখেন না। কাজেই ওটার এত গুরুত্ব দেওয়ার দরকার নেই। অনেক পরে পরিচালক হয়েছি, তারও অনেক পরে বুঝতে পেরেছি, উনি তো ভুলগুলো ধরিয়ে দিচ্ছেন, এতে তো আমারই উপকার হচ্ছে। আজকের ভুল থেকেই আগামীকালের শিক্ষা। আসলে নিজের ভুল স্বীকার করা বা সমালোচনা সহ্য করার মানসিকতা আমাদের সমাজের বেশির ভাগ মানুষেরই নেই। রাজনীতিবিদ, সমাজসেবক, লেখক, শিল্পী, বুদ্ধিজীবী, চলচ্চিত্রনির্মাতা—কারও মধ্যেই নেই। একবার যদি আমরা ভিন্নভাবে ব্যাপারটাকে দেখি যে সব মানুষ বা সবার সৃষ্টিকর্ম সমালোচনার যোগ্য হয় না, তাহলেই কিন্তু নিজেকে বা নিজের কর্মকে আরও নির্ভুল করার চেষ্টা করব।আমি নিজে একজন চলচ্চিত্র পরিচালক। প্রথম আলোর অনুরোধে কয়েক বছর ধরে বাংলাদেশে ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের সমালোচনা লিখছি। এতে লাভ হচ্ছে, নিজের আগামী ছবিগুলো নির্মাণে আরও সতর্ক থাকা এবং সহযোদ্ধা পরিচালক-শিল্পী-কুশলীদের কর্মের ভালো দিক ও খারাপ দিক লিখে নিজের স্বল্প বুদ্ধির পাণ্ডিত্য জাহির করা। এই ‘পণ্ডিত’ হতে প্রচুর ছবি দেখতে হচ্ছে আর এখানেই নিজের সর্বনাশ করে ফেলছি। ছবি দেখে নিজের সর্বনাশ কী করে? ছোট একটি উদাহরণ—চিলির দামাল চিত্রপরিচালক মিগেল লিতিনকে হাঙ্গেরির বিখ্যাত প্রবীণ চিত্রপরিচালক ইয়াঞ্চো বলেছিলেন, ‘দেখো হে বাপু, একটা ছোট্ট উপদেশ দিচ্ছি, মনে রাখার চেষ্টা কোরো, চোখ দুটিকে ভারজিন রেখো (অর্থাৎ চোখের সতীত্ব খোয়াতে দিয়ো না)। বেশি ছবি দেখো না (অর্থাৎ বেশি পণ্ডিত হোয়ো না)। তাই বেশি নয়, মাত্র দু-তিনটা ছবি দেখেছি এবং তা-ই নিয়ে এ লেখা। সারা পৃথিবীতে বাণিজ্যসফল ছবির কায়দা-কানুন বা গুণাবলি প্রায় এক। একটি সুন্দর গল্পের অত্যন্ত প্রয়োজন। সেই গল্পের ধরন, মূল চরিত্রের বিকাশ, চিত্রনাট্য সাজানোর কায়দা এবং সর্বোপরি স্টার সিস্টেম—সবই প্রায় একটিই ছকে বাঁধা। একবার বলো ভালবাসিএবারের ঈদে মুক্তিপ্রাপ্ত ছবির ভিড়ে বদিউল আলম খোকন পরিচালিত একবার বলো ভালবাসি অন্যতম। ঈদের পরের শুক্রবার আনন্দ সিনেমা হলের রিয়ার স্টলে বসে দেখলাম। এ সময়ের বাণিজ্যসফল ছবির একজন অন্যতম সেরা পরিচালক বদিউল আলম খোকন সুন্দর একটি গল্প সাজিয়েছেন। চিত্রনাট্যের গুণে এর গতি খুব একটা থামেনি, যদিও মাঝেমধ্যেই শুধু বিনোদনের চিন্তায় লম্বা লম্বা গানগুলো ব্যবহার করে চিত্রনাট্য থমকেছে মাত্র। শাকিব খানের এই ছবির চরিত্রটি একটু ভিন্ন বিধায় তার অভিনয়েও নতুনত্ব ছিল এবং বিশ্বাসযোগ্যতা পেয়েছে। অপু বিশ্বাসকে বেশ ভালো লেগেছে। নতুন নায়িকা তমা মির্জা যতটুকু সময় পর্দায় ছিল, বেশ প্রাণবন্তই ছিল। সবচেয়ে ভালো করেছে মিশা সওদাগর। অনেক দিন পর তাকে মনে হয়েছে, এ তো দুর্দান্ত শিল্পী; তাহলে এত দিন এত এত ছবিতে চিৎকার-চেঁচামেচি, লম্ফঝম্ফ করত কেন এই শিল্পী? আমার মনে হয়, এই ছবিটি মিশা সওদাগরের উচিত সিনেমা হলে গিয়ে দেখা। তাহলে ভবিষ্যতে সে চরিত্র পছন্দে এবং অভিনয়ে গুণগত পরিবর্তন এনে নিজের ও দেশের চলচ্চিত্রের অনেক অভাবই পূরণ করতে পারবে। গানগুলো ভালো, ফটোগ্রাফি মোটামুটি, সম্পাদনা অনেক ভালো, তবে দু-একটি মারপিটের দৃশ্যে ইলিয়াস কোবরা শাকিব খানের ফ্লাইং কিক খাওয়ার জন্য ফিক্সড হয়ে দাঁড়িয়ে আছে দেখে অবাক হতে হয় যে দেশের সেরা চিত্র সম্পাদক জিন্নাত হোসেনের চোখ এড়াল কী করে? বদিউল আলম খোকন ও জিন্নাত হোসেনকে বলছি, ফাইটের ইফেক্ট সাউন্ডগুলো এবার বোধ হয় পরিবর্তন করার সময় হয়েছে। কাহিনিকার ও সংলাপ রচয়িতা কাশেম আলী দুলাল দক্ষিণ ভারতীয় ছবির কাহিনি ভেঙে একবার বলো ভালবাসি ছবির কাহিনি লিখলেও এই ছবির সংলাপ শুনে মনে হয়েছে, উনি ওনার কর্মে বেশ এগিয়েছেন। ছোটখাটো ভুলগুলো বাদ দিলে একবার বলো ভালবাসি একটি পরিপূর্ণ বিনোদন ছবি। আমার মনে একটাই প্রশ্ন, এই বিনোদন দেখছে কে? দর্শক কোথায়? সবাই কি ঘরে বসে টিভি দেখছেন? এই ছবিটি তো দর্শকে টইটম্বুর হওয়ার কথা। জানি না এই দর্শকে নির্মাতা, নির্দেশক খুশি কি না। আমি একজন চলচ্চিত্রের কর্মী হিসেবে খুশি হতে পারলাম না। আশায় থাকি, হয়তো দর্শক বাড়বে এবং বাড়াই উচিত।জান কোরবানজান কোরবান একটি ছবির নাম। ঈদের ঠিক পরের দিন মর্নিং শোতে জোনাকী সিনেমা হলে দেখলাম। এবারও দক্ষিণ ভারতীয় ছবির কাহিনির আদলে কিংবা ছায়া অবলম্বনে কাহিনিকার কাশেম আলী দুলালের কাহিনি নিয়ে এম বি মানিক পরিচালনা করেছেন জান কোরবান। এ ছবিতেও সেই শাকিব খান, অপু বিশ্বাস, মিশা সওদাগর এবং অন্যরা। কাহিনি, সংলাপ, গান, ফাইট, অভিনয়—সবই তো ভালো। শেষ ফাইটের দৃশ্যে শাকিব খানকে দড়ি দিয়ে শূন্যে তুলে তিন-চারজনকে কিক করার দৃশ্যে দড়িটা মাইনাস করা এই প্রযুক্তির যুগেও বেশি কষ্টকর? প্রশ্নটা সম্পাদক জিন্নাত হোসেন ও পরিচালক এম বি মানিকের কাছে। শেষ দৃশ্যে শাকিবের বড় ভাই আলীরাজ খুন হয়েছে শোনার পরও নায়কের হাতে ভিলেন পরাস্ত হওয়ায় আলীরাজের মায়ের মুখে হাসি আসাটা কি স্বাভাবিক? আপন ভাই খুন হওয়ার পর শাকিবের শেষ ফাইট আরও অনেক ভয়ংকর হওয়া উচিত ছিল। আবারও বলছি, ফাইটের ইফেক্ট সাউন্ড একঘেয়ে।একজন অভিনয়শিল্পীর পারফেকশন সেখানে, যেখানে অভিনীত চরিত্রটির শুরু থেকে শেষ পর্যন্ত ব্যালান্স থাকে। এই ছবিতে নিজের জন্য, বিশেষ করে অপু বিশ্বাসের উচিত ছবিটি হলে গিয়ে দেখা। তাতে নিজেরই উপকার হবে। এই তো জান কোরবান ফর্মুলা বাণিজ্যিক ছবি।আসলে সিনেমা নিয়ে যাঁরা লেখেন, ইদানীং যাঁরা একটু বেশি ভাবেন, তাঁরা তাঁদের বুদ্ধির এক ফুঁয়ে বাণিজ্যিক সিনেমাকে উড়িয়ে দেন। কিন্তু এ দেশের আমজনতা সেই ছবির কোনো গুণের সুবাদে সেটিকে সুপারহিট করিয়ে দেন, সেদিকে তাঁরা খেয়ালই করেন না। এই লেখক ও ভাবুকেরা হলেন সিনেমা-তাত্ত্বিক। তত্ত্ব নিয়ে যাঁরা কারবার করেন, তাঁদের কাছে সিনেমার বাণিজ্যের দিকটা ততটা জরুরি নয়। কিন্তু সিনেমা নামক ব্যয়বহুল একটি পণ্যকে গরম কেকের মতো বিক্রি করতে হলে নানা গুণের সমাহার প্রয়োজন। এর প্রধান গুণই হচ্ছে গল্প। ক্যারিয়ারের প্রথম দিকে শ্যাম্পেন নামের একটি ছবি বানিয়েছিলেন হিচকক। হিচককের কোনো ছবিই এর চেয়ে নাকি খারাপ হয়নি। তাঁর ভাষায় দ্যাট ওয়াজ প্রোবাবলি দ্য লোয়েস্ট অব ইন মাই আউটপুট। এই ব্যর্থতার কারণ কী? ক্রফোকে সাফ সাফ জবাব দিয়েছিলেন তিনি দেয়ার ইজ নো স্টোরি। এখন প্রশ্ন, সিনেমার গল্প বাণিজ্যিকভাবে জুতসই কীভাবে হয়? এর একটা ভালো ফর্মুলা আছে, যাকে ইংরেজিতে বলে থাম্বস রুল। উদাহরণ দিলেই বোঝা যাবে, এই ফর্মুলা বা নিয়মটি কী? উদাহরণ হিসেবে পৃথিবীব্যাপী মেগাহিট তিনটি ছবির কথা বলি ই.টি, রকি ও জুরাসিক পার্ক। এর প্রতিটি ছবির গল্পই শুরু হচ্ছে একটি প্রশ্ন দিয়ে; সেই প্রশ্নটি হলো, কী হবে যদি এমন হয়?ই.টি: কী হবে, যদি ভিনগ্রহের কোনো প্রাণীর সঙ্গে বন্ধুত্ব হয় পৃথিবীর কোনো কিশোরের?রকি: কী হবে, যদি তৃতীয় শ্রেণীর কোনো বক্সারের সঙ্গে লড়াই হয় হেভিওয়েট বিশ্ব-চ্যাম্পিয়নের?জুরাসিক পার্ক: কী হবে, যদি কোনো উচ্চাভিলাষী জীববিজ্ঞানী আজকের পৃথিবীতে হঠাৎ তৈরি করে ফেলেন ডাইনোসরের মতো প্রাগৈতিহাসিক প্রাণী?জান কোরবান-এও এই প্রশ্নটি আছে। কী হবে, অপু বিশ্বাসের সঙ্গে মিশা সওদাগরের ছোট ভাই শানু শিবার বিয়ে হলে? কারণ, সে তো শাকিবকে সরাসরি ‘না’ বলে দিয়েছে। সবাই আছে। দর্শক কম। আরও দর্শক চাই। এটি একটি জমকালো অ্যাকশন বাণিজ্যিক ছবি। লাগাতার হাউসফুল হওয়ার মতো ছবি। বেশি বেশি ছবি নির্মাণের আগে আসুন সবাই মিলে ভাবি, কী করে সিনেমা হলে লাগাতার হাউসফুল বোর্ড লাগানো যায়।টাইগার নাম্বার ওয়ানএকজন শিল্পীর শৈলীর সার্থকতা তখনই, যখন তাঁর তৈরি করা শিল্পটির সব কারুকার্যতা সঠিকভাবে থাকে। কথাটি লেখার কারণ বাংলাদেশের বাংলা চলচ্চিত্র। এবারের ঈদে বেশ কয়েকটি ছবির ভিড়ে মুক্তি পেয়েছে শাহীন সুমন পরিচালিত টাইগার নাম্বার ওয়ান। যথারীতি এই ছবির টাইগার মানে ছবিটির নায়কের ভূমিকায় রয়েছেন শাকিব খান। এ ছাড়া ছবিটিতে অভিনয় করেছেন অমিত হাসান, সাহারা, নিপুণ, মিশা সওদাগর, ডলি জহুর, আবুল হায়াত, কাজী হায়াৎ, রেহানা জলি, সুব্রত, কাবিলা, শিবা শানু, ডনসহ আরও অনেকে। ছবিটির সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা ও আহমেদ হুমায়ূন, ক্যামেরায় ছিলেন আজহার ও পনির, সম্পাদনায় তৌহিদ হোসেন চৌধুরী, নৃত্যে ছিলেন মাসুম বাবুল, সাইফ খান কালু ও জাকির, অ্যাকশন দৃশ্য পরিচালন করেছেন ডি এইচ চুন্নু। ছবির গল্পটি বেশ ভালো, তবে কেন জানি বারবার মনে হচ্ছিল, আমি হিন্দি ছবি খলনায়ক-এর বাংলা চিত্রায়ণ দেখছি। ছবিটি নির্মাণের ক্ষেত্রে পরিচালকেরা বেশ তাড়াহুড়োই করছিলেন। এ ছাড়া ছবিটিতে দুজন সুন্দরী নায়িকা নেওয়ার পরও পরিচালকেরা তাদের সংলাপের উচ্চারণের দিকে বিশেষ নজর দেননি। দর্শকেরা ছবির গানগুলো খুব একটা শ্রুতিমধুর বলে মনে করছে না। কেননা, অনেক সময় গানের কথাগুলোই ঠিকমতো বোঝা যাচ্ছিল না। অ্যাকশন দৃশ্যগুলো আরও অভিনব কিংবা আরও আধুনিক হতে পারত। শাকিব খান ও মিশা দুজনেই বরাবরের মতো বেশ ভালো অভিনয় করেছে। গল্পের ধারাবাহিকতা বিবেচনা করে সম্পাদনার সময় আরও বিশেষ দৃষ্টির প্রয়োজন ছিল বলে আমি মনে করি। যে বিষয়টি বিশেষভাবে দৃষ্টিকটু মনে হয়েছে, তা হলো নায়ক ও নায়িকার বেশ কয়েকটি দৃশ্যের স্থান, দৃশ্য বিবেচনা না করেই বারবার কন্টিনিউটি ব্রেক করে পোশাক পরিবর্তন করার বিষয়টি দর্শক ঠিক যেন মেনে নিতে পারছিল না। শেষ করার আগে শুধু এ কথাটিই বলতে চাইব, চলচ্চিত্র হলো এ দেশের বিনোদনের প্রধান মাধ্যম এবং চলচ্চিত্র হলো একটি বিশাল শিল্প। এই মাধ্যমটিকে বিশেষ গুরুত্বের সঙ্গে নিতে হবে। মেধাবী পরিচালক শাহীন সুমনের মেধার পরিচয় আমরা এর আগেও পেয়েছি। সেই ক্ষেত্রটি বিবেচনা করে বলতে চাই, দর্শকেরা তাঁদের কাছ থেকে আরও সৃজনশীল ও শৈল্পিক নির্মাণ আশা করে।