
গানের কথাতেই তো স্পষ্ট, ‘মন যদি ভেঙে যায়, যাক যাক, কিছু বলব না...’। এখন বলিউডে কিন্তু এই আমেজটাই ঘুরপাক খাচ্ছে। যদিও সদ্য অভিনেতা ফারহান আখতার ও স্ত্রী অধুনা তাঁদের সংসার ভাঙার ব্যাপারে মুখ খুলেছেন। কিন্তু মন ভাঙা নিয়ে এখনো একটু রা করেননি বলিউডের এ সময়ের সবচেয়ে আলোচিত জুটি রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ। তাঁরা যেন পণ করেছেন, গুজবের তুফানে মন, সম্পর্ক কিংবা ‘ইমেজ’—সব ভেঙেচুরে যাক, তারপরও মুখ খুলবেন না তাঁরা। কারণ, সামনেই তো মুক্তির অপেক্ষায় তাঁদের নতুন ছবি ফিতুর, জাগগা জাসুস ও অ্যায় দিল হ্যায় মুশকিল। তাই সব রহস্যের অবসান যদি এখনই ঘটিয়ে ফেলেন, তাহলে ছবির প্রচারের সময়টায় কী নিয়ে আলোচনায় থাকবেন তাঁরা? তাই কৌতূহলের ধোঁয়া যেন ইচ্ছা করেই কাটাতে চাইছেন না রণবীর কিংবা ক্যাটরিনা কেউই। দুজনেরই তো এ বিষয়ে পূর্ব অভিজ্ঞতা রয়েছে। তাই মন যদি ভেঙে যায় যাক, কিছু করার নেই। কিন্তু এই ভাঙনকে কাজে লাগিয়ে বক্স অফিসে ভাগ্য তো যাচাই করা যেতেই পারে!
‘ছি ছি, স্বার্থের জন্য নিজেদের সম্পর্ককে এভাবে পুঁজি করলেন রণবীর-ক্যাটরিনা?’ এমনটা ভাবার আগে একটু বলিউডের কিছু পুরোনো স্মৃতি হাতড়ে দেখতে পারেন। এই চর্চায় রণবীর কিংবা ক্যাটই কিন্তু প্রথম নন। তাঁরা কিন্তু তাঁদেরই বলিউডি অগ্রজদের কাছ থেকে অনুপ্রেরণা নিয়েছেন। এই যেমন রণবীরের বোন কাপুর-কন্যা কারিনার কথাই ধরুন। শহীদ কাপুরের সঙ্গে সম্পর্কের ইতি টানার সময় কিন্তু যব উই মেট ছবির প্রচার চলছিল। তখন কত কথা, কত গুঞ্জন! কিন্তু সে সময় মোটেও মুখ খোলেননি কারিনা কিংবা শহীদ। পরে অবশ্য ছবিকে বক্স অফিসের অগ্নিপরীক্ষায় পাস করিয়ে তবেই ‘বিচ্ছেদ’ রহস্যের ইতি টানেন তাঁরা। একই অবস্থা হৃতিক রোশনের। কৃষ থ্রি ছবির প্রচার শুরু হওয়ার খানিক আগে থেকেই শুরু হয় হৃতিক ও সুজানের বিবাহবিচ্ছেদের গুজব ছড়ানো। কিন্তু হৃতিক মুখ খোলেননি তখনো। কৃষ থ্রি মুক্তি পায় ২০১৩ সালের নভেম্বর মাসে। আর আনুষ্ঠানিকভাবে হৃতিক বিচ্ছেদের খবর ঘোষণা করেন ১৩ ডিসেম্বর ২০১৩। ‘কেন রে বাবা? তাঁকে কেনই বা ছবি মুক্তির ঠিক আগে বা পরে এসব নিয়ে মাততে হবে? এসব কি পরে হলে চলত না?’ এমন প্রশ্ন তখন অনেক বলিউডভক্তদের ভাবিয়েছে। কিন্তু গুজব নিয়ে যাদের নিত্য ওঠা-বসা অর্থাৎ বলিউডের গণমাধ্যমকর্মীরা তখন ব্যাখ্যা দিয়েছেন, তাহলে তো আর কৃষ থ্রি এত বেশি গণমাধ্যমের সাড়া পেত না!

বলিউড তারকাদের এসব কৌশল, সম্পর্কের মারপ্যাঁচ আর গুজবের কথা বরং বাদ দেওয়া যাক। নজর দেওয়া যাক রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের ‘স্বর্গবাসী’ প্রেমের দিকে। বেচারারা ঠিক ক্যাটের ফিতুর ছবির আগে সম্পর্কের বাঁক ঘোরালেন, এর সার্থকতা নিশ্চিতের জন্য তাঁদের নিয়ে আলোচনা তো হতেই পারে! হচ্ছেও কিন্তু তা-ই। ভারতের গণমাধ্যমগুলোর বিনোদন বিভাগে এখন প্রতিদিনই রণবীর আর ক্যাটরিনা সম্পর্কের ব্যবচ্ছেদ ঘটানো হচ্ছে কোনো না কোনোভাবে। এই যেমন দিন কয়েক আগেই, কোথা থেকে যেন এই ভাঙনের পেছনের মূল হোতা হিসেবে উড়ে এসে জুড়ে বসলেন আলিয়া ভাট। এত দিন গণমাধ্যমগুলো যে আলিয়ার সঙ্গে সব সময় জুড়ত সিদ্ধার্থ মালহোত্রার নাম, সেই আলিয়াই নাকি এখন রণবীরের কাছের মানুষ হয়ে উঠেছেন। এ জন্যই নাকি হিংসার আগুনে জ্বলেপুড়ে ছারখার ক্যাটরিনা সম্পর্কের ইতি টেনেছেন রণবীরের সঙ্গে। তা ছাড়া এই আলোচিত জুটির প্রেমের সম্পর্কে ভাঙনের কারণ হিসেবে তাঁদের নিজ নিজ পুরোনো প্রেম সালমান খান (ক্যাটরিনার সাবেক প্রেমিক) ও দীপিকা পাড়ুকোনকে (রণবীরের সাবেক প্রেমিকা) তো অনেক আগে থেকেই অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়েছেন অনেকে।
তবে ভাঙনের কারণ এখানেই শেষ হচ্ছে না। রণবীর-ক্যাটরিনা বন্ধু মহল থেকে অনেক গোপন কথা ‘বিশ্বস্ত সূত্র’-এর বরাত দিয়ে ফাঁস হচ্ছে। বলা হচ্ছে, ক্যাটের হৃদয় ভাঙার পেছনে রণবীরের মা অনেকাংশে দায়ী। কারণ, মায়ের লক্ষ্মী ছেলে রণবীর যেদিন থেকে কাপুরবাড়ি ছেড়ে ক্যাটের সঙ্গে মুম্বাই কার্টার রোডের ফ্ল্যাটে উঠেছেন, সেদিন থেকেই নাকি ‘মা বড় না প্রেমিকা বড়’, এমন একটি দ্বন্দ্বে ভুগতেন। কারণ, ক্যাটের জন্য বাড়ি থেকে বেরিয়ে আসাটা মোটেও পছন্দ হয়নি রণবীরের মা নিতু সিংয়ের। তাই ক্যাটরিনাকে সহজভাবে নিতে পারেননি মা নিতু। মনে আছে, একবার স্বজনদের সঙ্গে তোলা এক ছবি থেকে ক্যাটরিনাকে ছেঁটে ফেলায় কতটা আলোচনা হয়েছিল বলিউডি গণমাধ্যমগুলোয়। তা ছাড়া গেল বড়দিনে যখন পুরো কাপুর পরিবার ক্যাটরিনাকে নিয়ে এক টেবিলে বসে দুপুরের খাবার খাচ্ছিলেন, তখন নিতু সিং কিন্তু পারিবারিক রীতি ভেঙে উড়াল দিয়েছিলেন লন্ডনে। তা-ও ক্যাটের সঙ্গে এক টেবিলে বসে এক বেলার খাওয়া মুখে নেননি তিনি।
তবে যত যা-ই হোক, এই বিচ্ছেদী প্রেমের গল্পের ‘খল’ হিসেবে নিতু সিং, সালমান খান, দীপিকা কিংবা আলিয়া—যাঁর নামই উঠে আসুক না কেন, সবচেয়ে বড় সন্দেহের তির কিন্তু বরাবরই রণবীরের দিকেই তেড়ে আসে। এর আগেও যখন দীপিকার সঙ্গে সম্পর্কের ইতি টানেন কাপুরবাড়ির এই আদরের ছেলে, তখনো বলা হয়েছিল, বিয়েতে ‘ভয়’ রণবীরের। প্রতিশ্রুতি দিলে যদি রাখতে না পারেন, সেই আতঙ্কেই নাকি ছেড়েছিলেন দীপিকাকে। তা ছাড়া ‘বিশ্বাসঘাতক’-এর তকমাটিও কিন্তু সেইবারই পেয়ে গিয়েছিলেন তিনি। এমনকি ২০১১ সালে এক ভারতীয় সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারে স্বীকার করেছিলেন রণবীর যে, ‘হ্যাঁ, বয়সের দোষে আমি কিছু ভুল করেছি। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমি সেটা উপলব্ধি করতে পারছি।’
তবে এবারও কি সেই ‘বয়সের দোষ’-এর পুনরাবৃত্তি ঘটছে। আবারও কি নির্দিষ্ট ছবিগুলো মুক্তি পেয়ে যাওয়ার পর, কাঙ্ক্ষিত ‘মিডিয়া কাভারেজ’ ও বক্স অফিস সাফল্য পেয়ে যাওয়ার পর সেই ভুলের উপলব্ধি হবে রণবীরের কিংবা ক্যাটরিনার? সেটা তো সময়ই বলতে পারবে। সময়ের সঙ্গে সঙ্গে তো মানুষ, তাঁদের মত ও সম্পর্কের পরিভাষা সবই বদলায়। শুধু তাহলে রণবীর আর ক্যাটরিনাকে দুষে কী হবে!
আদর রহমান
টাইমস অব ইন্ডিয়া, ফিল্মফেয়ার, ডিএনএ ইন্ডিয়া ও বলিউড লাইফ অবলম্বনে