মনভরানো লোকগানের আসর
কুঁড়েঘরের আদলে তৈরি করা হয়েছে প্রবেশপথ। মূল মঞ্চের দুই পাশেও দুটি কুঁড়েঘরের আদল। সেখানে প্রদীপ জ্বলছে। মঞ্চে উপস্থিত শিল্পীদের লোকজরীতির সাজসজ্জা। আয়োজনজুড়ে ছিল কালজয়ী কিছু লোকগানের পরিবেশনা। দর্শক-শ্রোতারা মুগ্ধ হলেন সেই গানের সুরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের আয়োজনে ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে গত শুক্রবার শুরু হয়েছে দুই দিনের সংগীত উৎসব। ‘ঐতিহ্যের অঙ্গীকার’ স্লোগান নিয়ে আয়োজিত সংগীত উৎসবের গতকাল শনিবার শেষ দিনে ছিল লোকগানের পরিবেশনা।শেষ দিনের আয়োজন শুরু হয় দাদরা তালে ‘মানুষ ছেড়ে ক্ষাপারে তুই’ গানটির সমবেত পরিবেশনার মধ্য দিয়ে। পরে একইভাবে কাহারবা তালে শিল্পীরা পরিবেশন করেন ‘নব দ্বীপে প্রেমের বাজার’ গানটি। দাদরা তালে একক কণ্ঠে শিল্পী এনামুল হক শোনান ‘এমন সমাজ কবে গো হবে সৃজন’ গানটি। কানন বালা সরকার শোনান ‘সাগর কূলে নাইয়া’ গানটি। বিমান চন্দ্র বিশ্বাস শোনান ‘আমার প্রাণবন্ধু আসিয়া’ গানটি।শিক্ষার্থী ছাড়াও অনুষ্ঠানে অতিথি শিল্পী হিসেবে গান শোনান চন্দনা মজুমদার, কিরণ চন্দ্র রায়, মৃদুলকান্তি চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানে আরও পরিবেশিত হয় ‘আমার বন্ধু দয়াময়’, ‘বাওকুমটা বাতাস যেমন’ এসব গান। সমবেতভাবে জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় উৎসব।এর আগে শুক্রবার উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী।