মনমাতানো বাউলগানের উৎসব
‘গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ’ গানটি দিয়ে বাউল উৎসবের গানের পালা শুরু হয়েছিল। সম্মেলক কণ্ঠে পরিবেশন করেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা বাউলশিল্পীরা।গতকাল রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে যৌথভাবে এ উৎসবের আয়োজন করে পল্লি বাউল সমাজ উন্নয়ন সংস্থা ও বিশ্ব কলাকেন্দ্র। উৎসব উদ্বোধন করেন প্রধান অতিথি সাংসদ হাসানুল হক ইনু। সভাপতিত্ব করেন বিশ্ব কলাকেন্দ্রের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান। স্বাগত বক্তব্য দেন পল্লি বাউল সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি ফেরদৌসী নাজমা।উদ্বোধনী অনুষ্ঠানের আগে অপরাজেয় বাংলার পাদদেশে ছিল বাউল-সমাবেশ। সেখান থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা।উৎসবে আরিফ বাউল, সাদেক আলী, বেবী দেওয়ান, মায়া রাণী, বাউল নয়ন, ধীরু বাউল, আসলাম সাঁই, শিরিন সুলতানা গানে গানে শ্রোতাদের মাতিয়ে রাখেন। তাঁরা ‘জাত গেল জাত গেল বলে’, ‘গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান’, ‘বাউলা কে বানাইলো রে’, ‘আমি তোমার পোষা পাখি ও হে দয়াল’, ‘বিনা পাকালে গড়িয়ে কাচি’, ‘চাঁদের গায়ে চাঁদ লেগেছে’, ‘এই পৃথিবী যেমনে আছে তেমনি পড়ে রবে’, ‘আমার গুরুজি তাই জানেরে’, ‘হাওয়া দমে দেখ তারে’সহ অর্ধশত গান গেয়ে শোনান।সুফিয়া কামালের ছবিপ্রতিবাদ সভায় সুফিয়া কামাল, তিনি আছেন রাজপথে, গৃহে অধ্যয়নে মগ্ন। এ ছাড়া বঙ্গবন্ধু, কবি কাজী নজরুল ইসলাম, ইলা মিত্র প্রমুখ বিখ্যাত লোকের সঙ্গে নানা মুহূর্তে সুফিয়া কামাল।কবি সুফিয়া কামালের জন্মশতবার্ষিকী উপলক্ষে স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট আয়োজিত দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে এসব আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে ছায়ানট সংস্কৃতি-ভবনের তৃতীয় তলার লবিতে। গতকাল রোববার বিকেলে প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সারওয়ার আলী, বাংলাদেশ মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ফওজিয়া মোসলেম, কবিকন্যা মানবাধিকারকর্মী সুলতানা কামাল এবং কবিপুত্র সাজেদ কামাল। সভাপতিত্ব করেন স্টেপসের নির্বাহী পরিষদের সভাপতি শ্যামলী নাসরিন চৌধুরী। উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীত পরিবেশন করেন নাসিমা শাহীন ও মীজানুর রহমান। সুফিয়া কামালের কবিতা ও তাঁকে নিবেদিত মহাদেব সাহার কবিতা আবৃত্তি করে শোনান সাংস্কৃতিক সংগঠন জীয়নকাঠির সদস্যরা।আজ দ্বিতীয় দিন থাকছে আলোচনা। বিষয় ‘অসাম্প্রদায়িকতা, মানবিকতা ও সুফিয়া কামাল’। প্রধান অতিথি থাকবেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, ছায়ানটের সভাপতি সনিজদা খাতুন ও সুলতানা কামাল।আলোচনা শেষে প্রদর্শিত হবে কবির জীবন ও কর্মের ওপর নির্মিত তথ্যচিত্র অপরাজিতা। তথ্যচিত্রটি নির্মাণ করেন মানজারে হাসিন।ইন্দোনেশীয় চলচ্চিত্রবাংলাদেশ জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে প্রদর্শিত হচ্ছে সমকালীন ইন্দোনেশীয় চলচ্চিত্র। বাংলাদেশে ইন্দোনেশিয়া দূতাবাসের সহযোগিতায় তিন দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করে রেইনবো ফিল্ম সোসাইটি। গতকাল রোববার বিকেলে প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী। বিশেষ অতিথি ছিলেন সৈয়দ মার্গুব মোরশেদ, চলচ্চিত্র ব্যক্তিত্ব সৈয়দ সালাউদ্দিন জাকী এবং বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত জেট মির্জাল জৈনুদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন রেইনবো ফিল্ম সোসাইটির সভাপতি আহমেদ মুস্তবা জামাল।উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রদর্শিত হয় চ্যারুল উমাম নির্মিত চলচ্চিত্র কেটিকা সিন্টা বারতাসবি-দুই। আজ প্রদর্শনীর দ্বিতীয় দিন প্রদর্শিত হবে গ্যারেথ এবান নির্মিত মেরান্টু কাল। মঙ্গলবার শেষ দিন প্রদর্শিত হবে আইফা ইসফানসাহ নির্মিত গারুদা ডি দাদাকু এবং আদিত্য গুমে নির্মিত এমাক ইঙ্গিন নাইক হাজি।ইংরেজিতে কোয়ান্টাম সিডির প্রকাশনাকোয়ান্টাম মেথডের উদ্ভাবক ও প্রশিক্ষক শহীদ আল বোখারী মহাজাতকের কণ্ঠে কোয়ান্টাম মেডিটেশনের দুটি ইংরেজি সিডি প্রকাশিত হতে যাচ্ছে। আজ রোববার বিকেল পাঁচটায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এর প্রকাশনা অনুষ্ঠান। প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপাচার্য জাতীয় অধ্যাপক নুরুল ইসলাম। বিশেষ অতিথি থাকবেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক।