মনরো উদ্ধারে ব্র্যাড পিট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেরিলিন মনরোর জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘ব্লন্ডে’ নির্মাণের পরিকল্পনা করেছিলেন অস্ট্রেলিয়ান চিত্র পরিচালক অ্যান্ড্রু ডমিনিক। কিন্তু শুটিং শুরুর আগেই থেমে গিয়েছিল ছবিটির কাজ। এবারে মনরোর সেই জীবনকাহিনি রুপালি পর্দায় তুলে ধরার কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন হলিউডের অভিনেতা ও প্রযোজক ব্র্যাড পিট। সম্প্রতি ছবিটি প্রযোজনার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন ৪৮ বছর বয়সী এ তারকা।ব্লন্ডে ছবিতে মনরোর ভূমিকায় অভিনয়ের কথা ছিল ৪৩ বছর বয়সী ব্রিটিশ অভিনেত্রী নাওমি ওয়াটসের। ২০১১ সালের জানুয়ারিতে শুটিং শুরুর পরিকল্পনা করেছিলেন এর পরিচালক। কিন্তু হঠাত্ করেই থেমে যায় ছবিটির কাজ। এবারে নিজের ‘প্ল্যান বি’ প্রযোজনা সংস্থার ব্যানারে ছবিটি প্রযোজনা করবেন পিট। অবশ্য ছবিটিতে অভিনয় করবেন কি না, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেননি তিনি। এ প্রসঙ্গে পিটের উদ্ধৃতি দিয়ে সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে, ‘হ্যাঁ, মনরোকে নিয়ে থেমে যাওয়া ছবির কাজ শেষ করার সিদ্ধান্ত নিয়েছি আমরা।’উল্লেখ্য, এর আগে ডমিনিকের পরিচালনায় ‘দ্য অ্যাসাসিনেশন অব জেসি জেমস’ এবং ‘কিলিং দেম সফটলি’ ছবিতে অভিনয় করেছেন পিট। ছবি দুটি যৌথভাবে প্রযোজনাও করেছেন তিনি। এবারের কান চলচ্চিত্র উত্সবে স্বর্ণ-পাম জেতার লড়াইয়ে নেমেছিল কিলিং দেম সফটলি। পুরস্কার ঝুলিতে ভরতে না পারলেও, সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে ছবিটি।