মনরোর জন্য ভালোবাসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫ আগস্ট রোববার ছিল প্রখ্যাত হলিউডের অভিনেত্রী মেরিলিন মনরোর ৫০তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে সপ্তাহব্যাপী প্রিয় তারকার মৃত্যুবার্ষিকী উদ্যাপনের আয়োজন করেছিলেন মনরো-ভক্তরা। ৫ আগস্ট লস অ্যাঞ্জেলেসের ওয়েস্টউড ভিলেজ মেমোরিয়াল পার্কে মনরোর সমাধিস্থলে হাজির হন তাঁর বন্ধু, আত্মীয়স্বজনসহ বহু ভক্ত ও অনুরাগী। সেখানে অশ্রুসিক্ত নয়নে মেরিলিন মনরোকে স্মরণ করেছেন উপস্থিত সবাই। মনরোর ৫০তম প্রয়াণ দিবসে ফুলে ফুলে ছেয়ে যায় তাঁর সমাধিস্থল। অনেকে মনরোর ছবি, ভালোবাসার বার্তা এবং চিঠি সমাধিস্থলে রেখে শ্রদ্ধাভরে স্মরণ করেন প্রিয় অভিনেত্রীকে। প্রচণ্ড রোদ উপেক্ষা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্মরণসভার আলোচনা মনোযোগ দিয়ে শোনেন শত শত মনরো-ভক্ত। এক খবরে এমনটিই জানিয়েছে ইয়াহু নিউজ। যেখানে মনরোর মৃত্যুবার্ষিকী উদ্যাপনের আয়োজন করা হয়েছিল, লোক সমাগমের তুলনায় তা ছিল অনেক কম আয়তনের। স্থান সংকুলান না হওয়ায় পরে পার্কের ফাঁকা জায়গায় সাদা তাঁবু টাঙিয়ে দেওয়া হয়। সেখানে ভিডিও ট্রান্সমিশনের মাধ্যমে হলের ভেতরের অনুষ্ঠান দেখার সুযোগ পান সবাই। ১৯২৬ সালে লস অ্যাঞ্জেলেসে জন্মগ্রহণ করেছিলেন মেরিলিন মনরো। মডেল হিসেবে বিনোদন জগতে যাত্রা শুরু করেন তিনি। মডেলিংয়ের হাত ধরেই এক সময় চলচ্চিত্র জগতে প্রবেশের সুযোগ মেলে তাঁর। ১৯৪৭ সালে মুক্তি পায় মনরো অভিনীত প্রথম চলচ্চিত্র ‘দ্য শকিং মিস পিলগ্রিম’। পঞ্চাশ ও ষাটের দশকে অসংখ্য ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন আবেদনময়ী এ অভিনেত্রী। মনরো অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘অল অ্যাবাউট ইভ’, ‘ডোন্ট বদার টু নক’, ‘ডাম্ব ব্লন্ডে’, ‘জেন্টলম্যান প্রেফারস ব্লনডে’, ‘হাউ টু ম্যারি আ মিলিয়নেয়ার’, ‘দ্য সেভেন ইয়ার ইচ’, ‘দ্য প্রিন্স অ্যান্ড দ্য শোগার্ল’, ‘বাস স্টপ’, ‘সাম লাইক ইট হট’, ‘দ্য মিসফিটস’ এবং ‘মেরিলিন’। কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন গোল্ডেন গ্লোব, বাফটা, ক্রিস্টাল স্টারসহ অসংখ্য পুরস্কার। ১৯৬২ সালের ৫ আগস্ট লস অ্যাঞ্জেলেসের ব্রেন্টউডে অবস্থিত নিজের বাসায় মাত্র ৩৬ বছর বয়সে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন মনরো। তাঁর মৃত্যুর কারণ হিসেবে বলা হয়, মাত্রাতিরিক্ত ‘বারবিচুরেট’ মাদক সেবনের কারণ।