মনসুর ডাকাতকে নিয়ে নাটক
১৯৭১ সাল। দিনাজপুর জেলার পার্বতীপুরের একটি এলাকা থেকে কিছুতেই পাকিস্তানি হানাদার বাহিনীকে হটাতে পারছিল না মুক্তি বাহিনী। এবার দায়িত্ব দেওয়া হয় কমান্ডার তারেককে। তারেক খবর পায় ওই এলাকায় মনসুর ডাকাত নামে এক ভয়ংকর লোক আছে। পরবর্তী সময়ে মনসুর ডাকাতের অস্ত্র আর বুদ্ধির কাছে পিছু হটতে বাধ্য হয় পাকিস্তানি বাহিনী। দেশ স্বাধীন হওয়ার পর স্বাভাবিক জীবনে ফিরে আসে মনসুর ডাকাত। এটা একটি সত্য ঘটনা। এবার এই ঘটনা নিয়ে তৈরি হলো নাটক মনসুর ডাকাত। নাটকটি লিখেছেন সেই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কমান্ডার তারেক। তিনি এখন বীর বিক্রম হামিদুল হোসেন তারেক। আর নাটকটি পরিচালনা করেছেন শঙ্খ দাশগুপ্ত।তারেক বললেন, ‘নাটকটির শুটিং হয়েছে আমার বাড়িতেই। সেদিন আমার সঙ্গে যাঁরা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন, তাঁদের অনেকেই এই নাটকে অভিনয় করেছেন। আমার ছেলে রুসলান তারেকও অভিনয় করেছে। মনসুর ডাকাত যুদ্ধের পর আর ডাকাতি করেনি। এসব কথা আজ নতুন প্রজন্মের জানা উচিত।’ শঙ্খ দাশগুপ্ত বললেন, ‘রণাঙ্গনের সাথী বইয়ে মনসুর ডাকাতের গল্প পড়েছি। এরপর এই গল্প নিয়ে নাটক তৈরির সিদ্ধান্ত নিই। মুক্তিযুদ্ধের সময়কার ঘটনা সার্থকভাবে তুলে ধরতে চেয়েছি এখানে। পুরোনো দিনের সেই আবহ তুলে ধরতে নাটকটি তৈরি করেছি সাদাকালোতে।’ নাটকে মনসুর ডাকাতের চরিত্রে অভিনয় করছেন আরমান পারভেজ। আরও অভিনয় করেছেন আগুন, অশোক ব্যাপারী, ইকবাল, রানী সরকার প্রমুখ।