মনিপুরী মেয়ের লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্যোতি
জ্যোতি

‘লড়াই এবং লড়াই...আমার জীবনটা হলো লড়াইয়ের। এই মফস্বল শহরে প্রথম দিকে থিয়েটারও করেছি লড়াই করে,’ ২১ এপ্রিল সকালে মৌলভীবাজার থেকে মুঠোফোনে এ কথাগুলো যখন বলছিলেন জ্যোতি সিনহা, সেখানে তখন বয়ে যাচ্ছে কালবৈশাখী ঝড়; ফোনের এ প্রান্তে ঢাকায় বসেও বোঝা যাচ্ছে বোশেখের হাওয়ার তেজ। তার ভেতরে স্পষ্টই শোনা যাচ্ছে জ্যোতির কণ্ঠ, ‘যখন ষষ্ঠ শ্রেণিতে পড়ি, সে সময় বাবাকে হারিয়েছি। ছোটবেলা থেকেই মনিপুরী থিয়েটারের সঙ্গে যুক্ত আমি। আমার এইচএসসি পরীক্ষা যখন শেষ হলো, আত্মীয়স্বজনের অনেকেই বললেন, ওর আর পড়ালেখার দরকার নেই, অভিনয়ও বাদ। এবার ওকে বিয়ে দেওয়া হোক বা ছোটখাটো চাকরি করে সংসারের হাল ধরুক মেয়েটি।’
পরে মনিপুরী সম্প্রদায়ের জ্যোতি সিনহা নামের মেয়েটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে থিয়েটারের সঙ্গে কেবল যুক্তই থাকেননি, মৌলভীবাজারের ঘোড়ামারা গ্রামের মতো প্রত্যন্ত অঞ্চলে থেকেও নিজস্ব লড়াইয়ের মাধ্যমে মঞ্চপাড়ায় দিনে দিনে পরিচিতি পেয়েছেন সুঅভিনেত্রী হিসেবে।
ঢাকার মঞ্চে তিনি প্রথম আলোচনায় আসেন ২০১০ সালে শুভাশীষ সিনহা নির্দেশিত কহে বীরাঙ্গনা প্রযোজনায় অভিনয়ের মাধ্যমে। ‘মহাভারত’-এর কাহিনিনির্ভর এ নাটকে তিনি অভিনয় করেন শকুন্তলা, দ্রৌপদী, দুঃশলা ও জনা—এই চার চরিত্রে। জ্যোতি বললেন, ‘এই নাটকটি আমার জন্য এক অনবদ্য অভিজ্ঞতা। এখানে চার চরিত্রে অভিনয়ের মাধ্যমে মাতৃ, পত্নী, ভগ্নি—নারীর এই নানামাত্রিক রূপ ধারণ করেছি। এতগুলো চরিত্রে অভিনয় আমার জন্য চ্যালেঞ্জিংও ছিল বটে।’
সন্দেহ নেই সেই চ্যালেঞ্জে বেশ ভালো নম্বর পেয়েই জয়ী হয়েছেন জ্যোতি। তবে শুধু কহে বীরাঙ্গনা নয়, এ অভিনয়শিল্পী অভিনয় করেছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর রেপাটরি প্রযোজনা বিদেহতেও। এখানে তাঁর ভূমিকা ছিল যুদ্ধশিশুর।
মনিপুরী থিয়েটারের সক্রিয় কর্মী জ্যোতি সিনহার সব ভাবনা এখন থিয়েটারকে ঘিরে। তিনি কাজ করতে চান মনিপুরী সমাজের মধ্যে, এখানকার মানুষজনকে সঙ্গে নিয়ে। তাই বিশ্ববিদ্যালয়ের পর্ব শেষ করে শহরে নয়, ফিরে যান নিজের গ্রামে। তাঁর কথায়, ‘গ্রামে বসে আমরা একটা নাটক প্রস্তুত করি বটে, তবে আমাদের লক্ষ্য থাকে নাটকটি আমরা শহরবাসীকেও দেখাব। এই যেমন আমাদের সাম্প্রতিক প্রযোজনা লেইমা নিয়ে আগামী ২১ ও ২২ মে আমরা যাব ঢাকার বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে। সেখানে প্রদর্শনী হবে নাটকটির। ফেদেরিকো গারসিয়া লোরকার ইয়ের্মা নাটকের রূপান্তর লেইমাতে আমি অভিনয় করেছি লেইমা চরিত্রে। মনিপুরী ভাষায় নাটকটি অনুবাদ ও নির্দেশনা দিয়েছেন শুভাশীষ সিনহা।’
জ্যোতি সিনহার সঙ্গে ফোনালাপের শুরুতে মৌলভীবাজারে কালবৈশাখীর যে দাপট ছিল, এতক্ষণে তা স্তিমিত। এদিকে পাততাড়ি গোটানোর পালা আমাদেরও। তাঁকে করা হলো শেষ প্রশ্নটি: তবে অভিনয়ে জ্যোতির গন্তব্য কি শুধু মঞ্চ?
ফোনের অপর প্রান্ত থেকে অড্রে হেপবার্নের ভক্ত জ্যোতির গলা ভেসে এল, ‘মানসম্মত পাণ্ডুলিপি ও ভালো নির্মাতা পেলে চলচ্চিত্রেও অভিনয় করব।’
এ তরুণ অভিনেত্রীর কথার জোরটুকু দেখে আমরা বুঝতে পারি, বৃত্তের বাইরে থেকে মনিপুরী মেয়ে জ্যোতির যে লড়াই, তা কেবল তারকা হওয়ার জন্য নয়।