মনির খানের সঙ্গে দ্বৈতগানে ন্যান্সি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মনির খান ও ন্যান্সি
মনির খান ও ন্যান্সি

অনেকের সঙ্গেই দ্বৈতগানে কণ্ঠ দিয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী ন্যান্সি। তবে অডিও কিংবা চলচ্চিত্রে কোথাও কখনোই গাওয়া হয়নি মনির খানের সঙ্গে। এবারই প্রথম তাঁর সঙ্গে কোনো গানে কণ্ঠ দিলেন ন্যান্সি। তাও আবার চলচ্চিত্রে। শাহ আলম মণ্ডল পরিচালিত ছবিটির নাম ‘ভালোবাসা সীমাহীন’। ছবির এই গানে মনির খানের সঙ্গে কণ্ঠ দিতে পেরে ন্যান্সি বেশ খুশি। গতকাল মঙ্গলবার রাতে কাকরাইলের একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং করেন ন্যান্সি। মুন্সি ওয়াদুদের লেখা গানটির সুরকার হলেন আলী আকরাম শুভ।
প্রথম আলো ডটকমকে ন্যান্সি বলেন, ‘কাকরাইলের রেকর্ডিং স্টুডিওতে যাওয়ার আগ মুহূর্তেও জানতাম না গানটিতে আমার সহশিল্পী কে? শুধু জানতাম একটি ছবির গানে কণ্ঠ দিতে হবে। তারপর যখন স্টুডিওতে পৌঁছলাম, তখন শুনলাম, মনির ভাইকে দেখলাম; অন্য রকম অনুভূতি হয়। মনির ভাই এমনিতে আমার খুব পছন্দের একজন শিল্পী। তাঁর কণ্ঠে অনেক গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে। এবার তাঁর সঙ্গে একই গানে কণ্ঠ দিতে পেরে ভালো লেগেছে।’
ন্যান্সি এ-ও বলেন, ‘গানটার সুরও আমার অনেক মনে ধরেছে। মনে হলো অনেক দিন পর চলচ্চিত্রের একটি চমত্কার গানে কণ্ঠ দিলাম।’
তিনি বলেন, ‘আমার মতে, গত কয়েক বছরে আমাদের প্রজন্মের শিল্পীদের কণ্ঠে চলচ্চিত্রের গানগুলো খুব একটা সাধারণ মানুষের কাছে পৌঁছায়নি। যেমনটা পৌঁছেছে মনির খান, আসিফ আকবর কিংবা কনকচাঁপা আপাদের মতো শিল্পীদের কণ্ঠের গানগুলো। আমার কাছে মনে হয়েছে, “ভালোবাসা সীমাহীন” ছবির এ গানটি জনপ্রিয়তা পাবে।’

‘ভালোবাসা সীমাহীন’ ছবির গানটি ছাড়াও একই দিন সকালে মগবাজারের শ্রুতি রেকর্ডিং স্টুডিওতে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘ডার্লিং’ ছবির একটি গানেও কণ্ঠ দিয়েছেন ন্যান্সি। দ্বৈতকণ্ঠের এ গানটির সুর করেছেন অমিত।

এদিকে এবারই প্রথম আসিফ আকবরের সঙ্গে একটি দ্বৈত অ্যালবামে গান করবেন ন্যান্সি। খুব শিগগির অ্যালবামটির কাজ শুরু হবে বলে জানান তিনি।