মনিরের কাব্যিক ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক শিল্প অঙ্গনে সুপরিচিত শিল্পী মনিরুল ইসলাম দীর্ঘদিন ধরে স্পেন-প্রবাসী; কিন্তু শেকড়ের টানে বারবার ফিরে আসেন নদী ও শ্যামল নিসর্গঘেরা বাংলাদেশে। সম্প্রতি দেশে ফিরে তিনি শতাধিক ছবি এঁকেছেন। জীবনের ছায়া, নীরবতা, হূদয়ের রক্তক্ষরণ, দিগন্ত ও প্রান্তর, নিসর্গের অন্তর্নিহিত সৌন্দর্য, মেঘনা নদী ও সমুদ্রের তীর তাঁর সৃষ্টিকে করে তুলেছে গতিময় ও নান্দনিক। এই বিষয়গুলোর মধ্য দিয়ে তিনি বাংলাদেশের হূদয়কে ছুঁয়ে যান। আর এই আয়োজন নিয়ে গতকাল শুক্রবার শুরু হয়েছে তাঁর একক প্রদর্শনী।গতকাল সন্ধ্যায় ধানমন্ডির গ্যালারি চিত্রকে এই প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশে স্পেনের রাষ্ট্রদূত আর্তুরো পেরেজ মার্তিনেজ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরেণ্য চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন গ্যালারি চিত্রকের ব্যবস্থাপনা পরিচালক শিল্পী মনিরুজ্জামান।শিল্পী কাইয়ুম চৌধুরী মনিরুল ইসলামের কাজের প্রশংসা করে বলেন, ‘আমার কাছে মনিরের ছবিকে কবিতার মতো মনে হয়। রেখা, রং, টান—সব মিলিয়ে বলতে হয়, অনন্য এক কবিতা। আমি অপেক্ষা করি ওর ছবির জন্য। কেননা মনিরের ছবিতে সব সময়ই নতুনত্ব থাকে।’ আর্তুরো পেরেজ মার্তিনেজ শিল্পীর সঙ্গে তাঁর ৪০ বছরের বন্ধুত্বের কথা স্মরণ করে বলেন, ‘আমি ও স্পেনের মানুষ শিল্পী মনিরুল ইসলামের জন্য গর্ববোধ করি।’ গুরুগম্ভীর ভাব, বাস্তবতা ও রং-রেখা তৈরির দারুণ ক্ষমতা—সবই অতিক্রমণের আকাঙ্ক্ষা দেখা গেছে শিল্পীর সাম্প্রতিক সময়ে আঁকা ৮০টি শিল্পকর্মে। ইমেজ ব্যবহারের অভিনবত্বে ও কম্পোজিশনের নতুনত্বে তিনি প্রতিটি ছবিতে স্বাতন্ত্র্য সৃষ্টি করেছেন বলে মন্তব্য প্রদর্শনীতে আসা অনেকেরই। শিল্পী লম্বাকৃতির কাগজে অনেকগুলো ছবি এঁকেছেন। মাধ্যম এচিং। ‘ইভিনিং রিটার্ন’, ‘জার্নি টু দ্য আননোন প্ল্যানেট’, ‘সামার’, ‘পেয়ার’, ‘আর্থ ইন রেড’, কিংবা ‘ম্যান অন দ্য রিভার ইন দ্য ব্ল্যাক মুন’ শিরোনামের ছবিগুলোতে বিমূর্ততা ভেঙে উত্থান ঘটেছে অবয়ব কিংবা নিসর্গের। রং কত কোমল, শান্ত ও নমনীয় হতে পারে, তার একটি ভালো উদাহরণ তিনি এসব ছবিতে সৃষ্টি করেছেন। মাধ্যমগত পরীক্ষা-নিরীক্ষার যত গভীরে প্রবেশ করেছেন, ততই তাঁর চিত্র হয়ে উঠেছে জটিলতাহীন ভারমুক্ত। কথা প্রসঙ্গে শিল্পী জানালেন, অনেক সময়ই আঁকার সময় খসড়া করেন না, সরাসরি কাগজে রং ছড়ান। আঁকতে গিয়ে ছবির নিজস্ব দাবি অনুযায়ী স্বতঃস্ফূর্তভাবেই আসে অবয়ব। প্রদর্শনী চলবে আগামী ১৫ জুন পর্যন্ত। সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত তা সবার জন্য উন্মুক্ত থাকবে।শিল্পী মনিরুল ইসলাম ১৯৪৩ সালে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৫ সালে জাতীয় চারুকলা প্রদর্শনীতে ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমী পুরস্কার’, ১৯৯৩ ও ১৯৯৭ সালে ছাপচিত্রে অবদানের জন্য স্পেন সরকারের দেওয়া ‘ন্যাশনাল অ্যাওয়ার্ড অব স্পেন’, ১৯৯৯ সালে বাংলাদেশের সর্বোচ্চ জাতীয় পুরস্কার ‘একুশে পদক’সহ দেশে-বিদেশে অসংখ্য পুরস্কার লাভ করেন। ১৯৬৯ সালে সাংস্কৃতিক কার্যক্রম বিনিময়ের অংশ হিসেবে স্পেন সরকারের দেওয়া বৃত্তি নিয়ে স্পেনে যান এবং তখন থেকে বর্তমান সময় পর্যন্ত স্পেনে বসবাস করছেন। রাজকীয় স্পেন সরকারের মর্যাদাপূর্ণ ‘দি অর্ডার অব কুইন ইসাবেলা’ পুরস্কার পেয়েছেন তিনি।