মনিহারে ববিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২২ আগস্ট যশোরে মনিহার প্রেক্ষাগৃহে একটি ছবি দেখেছেন ববিতা। ছবির নাম খোদার পরে মা। এতে ববিতা নিজেও অভিনয় করেছেন। তিনি জানালেন, সেদিন প্রেক্ষাগৃহে তিনি গিয়েছিলেন বোরকা পরে। তাঁর সঙ্গে ছিলেন বোন সুচন্দা এবং কয়েকজন ঘনিষ্ঠ আত্মীয়। ঈদের পরদিন যশোরে নিজেদের গ্রামের বাড়িতে বেড়াতে যান ববিতা। থাকবেন আরও দু-এক দিন। তিনি বললেন, ‘আত্মীয়স্বজনের অনুরোধে মনিহার প্রেক্ষাগৃহে খোদার পরে মা ছবিটি দেখতে হয়েছে। অনেক দিন পর সবাই একসঙ্গে প্রেক্ষাগৃহে গিয়ে ছবি দেখেছি। ভালোই লেগেছে। আর দর্শকেরাও বেশ আগ্রহ নিয়ে ছবিটি দেখছেন।’ ববিতা আরও জানালেন, মনিহার প্রেক্ষাগৃহে তিনি সর্বশেষ ছবি দেখেছেন ১৯৮৬ সালে। ছবিটি ছিল তিন কন্যা। তখন তাঁর সঙ্গে ছিলেন দুই বোন—সুচন্দা ও চম্পা। খোদার পরে মা পরিচালনা করেছেন শাহীন-সুমন। ছবিতে আরও অভিনয় করেছেন শাকিব খান, সাহারা প্রমুখ।