মনীষা ও সম্রাটের বিয়ে
নেপালের রাজধানী কাঠমান্ডু শহর থেকে ১০ কিলোমিটার পূর্বে গোকর্ন ফরেস্ট রিসোর্টে শুক্রবার সন্ধ্যায় মনীষা ও সম্রাটের বিয়ের অনুষ্ঠান হলো। সম্রাট ও মনীষা একে অন্যের গলায় মালা পরানোর পর আংটি বদল করেন। বৈদিক মন্ত্র আর নেপালি ঐতিহ্য মেনে ছিল কিছু আয়োজন। মনীষার বাবা প্রকাশ কৈরালা ও মা সুশীলা কৈরালা বিয়েতে উপস্থিত থেকে মেয়েকে পাত্রস্থ করেন। নেপালি সংগীতের আবহ ছিল পুরো অনুষ্ঠানে। ছিল নেপালি নাচও। আর খাবারের মধ্যে ছিল ভারতীয়, নেপালি আর কন্টিনেন্টাল ডিশ। রীতি অনুযায়ী গতকাল শনিবার স্বামীর বাড়ি যান মনীষা। তার আগে ছিল হিন্দু প্রথা মেনে কিছু আচার-অনুষ্ঠান। শুক্রবার বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন মনীষা ও সম্রাটের পরিবারের ঘনিষ্ঠজনেরা। ভারতের মুম্বাই থেকে গিয়েছিলেন সুমন রঙ্গনাথন, মনীষার প্রথম ছবির নায়ক বিবেক মুশরান আর গোবিন্দর স্ত্রী সুনীতা। আজ রোববার সন্ধ্যায় তারার মেলা বসবে হোটেল সোয়ালটি ক্রাউন প্লাজায় নবদম্পতির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে প্রায় তিন হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। ওয়েবসাইট।