মনীষার অস্ত্রোপচারের দিন পেছাল
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আজ বৃহস্পতিবার অস্ত্রোপচার করার কথা ছিল ডিম্বাশয়ের ক্যানসারে আক্রান্ত বলিউডের অভিনেত্রী মনীষা কৈরালার। কিন্তু তাঁর শারীরিক অবস্থা বিবেচনা করে দিন পিছিয়েছেন চিকিত্সকেরা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১০ ডিসেম্বর সোমবার অস্ত্রোপচার করা হবে। মনীষার ব্যবস্থাপক সুব্রত ঘোষ এর সত্যতা নিশ্চিত করে জানান, মনীষার ডিম্বাশয়ে ক্যানসার অপসারণের লক্ষ্যে আজ বৃহস্পতিবার অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু তাঁর স্বাস্থ্যপরীক্ষার কয়েকটি প্রতিবেদন পর্যালোচনার পর অস্ত্রোপচারের তারিখ পিছিয়ে ১০ ডিসেম্বর করা হয়েছে। এক খবরে এ তথ্য দিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ। গত ২৮ নভেম্বর মুম্বাইয়ের জাসলক হাসপাতালে ভর্তি হওয়ার পর মনীষার ডিম্বাশয়ে ক্যানসার ধরা পড়ে বলে খবর প্রকাশিত হয় বিভিন্ন সংবাদমাধ্যমে। মনীষার পরিবারের সদস্যদের আপত্তির মুখে শুরুতে এ বিষয়ে খোলাসা করে কিছু জানাতে অপারগতা প্রকাশ করে জাসলক হাসপাতাল কর্তৃপক্ষ। পরে অবশ্য অসুস্থতার কথা মনীষা নিজেই সবাইকে জানান। মনীষা তাঁর ফেসবুক পাতায় লিখেছেন, ‘এমন কঠিন একটি রোগ আমার শরীরে বাসা বাঁধার খবর প্রথম যখন পেলাম, নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলাম না। শুরুতে প্রচণ্ড ঝাঁকুনি খেলেও পরে উপলব্ধি করলাম, মানুষের জীবনটাই আসলে বিস্ময়ে পরিপূর্ণ। প্রিয় বন্ধুরা, উন্নত চিকিত্সার জন্য আমি ভালো হাসপাতালে ভালো চিকিত্সকদের তত্ত্বাবধানে আছি। আমার দৃঢ় বিশ্বাস, সবার ভালোবাসা আর প্রার্থনায় পুরোপুরি সেরে উঠব। আমার প্রতি শুভকামনা জানানোর জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।’ মনীষা আরও লিখেছেন, ‘আমি বিশ্বাস করি, জীবনে যা কিছু ঘটে, ভালোর জন্যই ঘটে। এখন পর্যন্ত জীবন আমাকে অনেক কিছু দিয়েছে। সামনে যা-ই ঘটুক না কেন, আমি খুশিমনে তা মেনে নেব। সবার প্রতি আমার একটাই অনুরোধ, দয়া করে আমার জন্য আপনারা কোনো রকমের দুঃখবোধ হূদয়ে ঠাঁই দেবেন না। আমি ভালো আছি এবং থাকব। এখন পর্যন্ত সবার কাছ থেকে যে অকৃত্রিম ভালোবাসা আমি পেয়েছি, তাতে আমার জীবন ধন্য। হূদয়ের গভীর থেকে সবার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল।’