মনীষার চিকিৎসা শেষ হতে আরও ছয় মাস বাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিকিৎসা চলছে ডিম্বাশয় ক্যানসারে আক্রান্ত বলিউডের অভিনেত্রী মনীষা কৈরালার। ধীরে ধীরে সেরেও উঠছেন ৪২ বছর বয়সী এ তারকা। তবে পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরতে আরও অন্তত ছয় মাস নিউইয়র্কে চিকিৎসা নিতে হবে মনীষাকে। এ প্রসঙ্গে মনীষার ম্যানেজার সুব্রত ঘোষ জানিয়েছেন, ‘সম্প্রতি মনীষার সঙ্গে কথা হয়েছে আমার। তিনি জানিয়েছেন, এখন তাঁর শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো। নিউইয়র্কে তাঁর চিকিৎসা চলছে। পুরো চিকিৎসা প্রক্রিয়া শেষ না করে তিনি বাড়ি ফিরবেন না। এজন্য আরও অন্তত ছয় মাস নিউইয়র্কে অবস্থান করতে হবে তাঁকে।’ এক খবরে এমনটিই জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। সুব্রত আরও বলেন, ‘শারীরিক অবস্থা বিবেচনা করে মনীষাকে খুব বেশি কথা বলার অনুমতি দেননি চিকিৎসকরা। তারপরও সবকিছুকে সহজভাবে নিয়ে ক্যানসারের বিরুদ্ধে যুদ্ধ করে চলেছেন তিনি। সব সময় অসুস্থ মনীষার পাশে থাকছেন তাঁর বাবা-মা।’গত বছরের নভেম্বরে স্বাস্থ্য পরীক্ষায় ডিম্বাশয়ে ক্যানসার ধরা পড়ার পর উন্নত চিকিৎসার জন্য নিউইয়র্কে যান মনীষা। ১০ ডিসেম্বর তাঁর শরীরে অস্ত্রোপচার সম্পন্ন হয়। অস্ত্রোপচার শেষে সপ্তাহখানেক হাসপাতালে থাকার পর ১৮ ডিসেম্বর হাসপাতাল ছেড়ে হোটেলে ওঠেন। জানুয়ারি মাসের শুরুর দিকে তাঁকে প্রথম কেমোথেরাপি দেওয়া হয়।