মনীষার দেহে সফল অস্ত্রোপচার
যুক্তরাষ্ট্রে চিকিত্সাধীন ডিম্বাশয় ক্যানসারে আক্রান্ত বলিউডের অভিনেত্রী মনীষা কৈরালার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। হঠাত্ অচেতন হয়ে পড়ায় গত ২৮ নভেম্বর মুম্বাইয়ের জাসলোক হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। স্বাস্থ্য পরীক্ষায় ক্যানসার শনাক্ত হওয়ার পর উন্নত চিকিত্সার জন্য তাঁকে নিউইয়র্কে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই গতকাল ১০ ডিসেম্বর স্থানীয় সময় সকাল নয়টায় তাঁর দেহে সফল অস্ত্রোপচার করা হয়। বিষয়টির সত্যতা নিশ্চিত করে মনীষার ব্যবস্থাপক সুব্রত ঘোষ বলেন, ‘ডিম্বাশয়ের ক্যানসার নিরাময়ের লক্ষ্যে সোমবার সকাল নয়টার দিকে মনীষার দেহে অস্ত্রোপচার করা হয়েছে। তাঁর পরিবারের সদস্যদের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় আমাকে বলা হয়েছে, অস্ত্রোপচার সফল হয়েছে। নিউইয়র্কে মনীষার পাশে রয়েছেন তাঁর মা, বাবা, ভাই এবং কাছের একজন বন্ধু।’ এক খবরে এমন তথ্য জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ। গত নভেম্বর মাসের শুরু থেকে কাঠমান্ডুতে অবস্থান করছিলেন নেপালি বংশোদ্ভূত ৪২ বছর বয়সী এ অভিনেত্রী। সেখানে তিনি নিজের নতুন বাড়ি তৈরির কাজের তত্ত্বাবধান করছিলেন। হঠাত্ অসুস্থ হয়ে পড়লে সামাজিক যোগাযোগ রক্ষার একটি ওয়েবসাইটে মনীষা জানান, খাদ্যের বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছিলেন তিনি। এই ঘটনার পর হঠাত্ অচেতন হয়ে পড়লে মনীষাকে নিয়ে শঙ্কিত হয়ে পড়েন তাঁর পরিবারের সদস্যরা। দ্রুত তাঁকে নেপাল থেকে মুম্বাই নিয়ে যান তাঁর মা সুষমা কৈরালা। প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে ভর্তি করা হয় জাসলক হাসপাতালে। স্বাস্থ্য পরীক্ষার পর তাঁর ডিম্বাশয়ে ক্যানসার হয়েছে বলে জানান চিকিত্সকরা। জাসলক হাসপাতালেই মনীষার চিকিত্সা নেওয়ার কথা থাকলেও, ৩০ নভেম্বর শুক্রবার তিনি হাসপাতাল ছাড়েন। পরে উন্নত চিকিত্সার জন্য যুক্তরাষ্ট্র নিয়ে যাওয়া হয় তাঁকে।