মনীষার যুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মনীষা কৈরালা
মনীষা কৈরালা

ক্যানসারকে জয় করেছেন বলিউডের অভিনেত্রী মনীষা কৈরালা। কিন্তু যুদ্ধ তাঁর শেষ হয়নি। মনীষার এবারের যুদ্ধ সুস্থ হয়ে ওঠার।
উন্নত চিকিত্সা আর মানসিক শক্তিকে হাতিয়ার করে ডিম্বাশয়ের ক্যানসার সফলভাবে পরাস্ত করেছেন নেপালি বংশোদ্ভূত বলিউডের অভিনেত্রী মনীষা কৈরালা। বাবা প্রকাশ কৈরালার পরামর্শে এখন নিয়মিত শরীরচর্চায় মনোযোগী হয়েছেন নেপালের সম্ভ্রান্ত কৈরালা পরিবারের মেয়ে মনীষা।
এ প্রসঙ্গে মনীষা তাঁর ফেসবুক পাতায় লিখেছেন, ‘বাবা আমাকে প্রতিদিন আট থেকে ১২ কিলোমিটার হাঁটতে বলেছেন। অন্যান্য শরীরচর্চারও পরামর্শ দিয়েছেন তিনি। বাধ্য মেয়ের মতো বাবার প্রতিটি কথা মেনে চলছি আমি।’
মনীষা আরও লিখেছেন, ‘এ ছাড়া প্রতিদিন এক ঘণ্টা করে যোগব্যায়াম করছি। ঘুমানোর আগে কুণ্ডলিনী চর্চাও করছি। পাশাপাশি চলছে ধ্যান ও আয়ুর্বেদিক মালিশ। আমার প্রতিদিনের কর্মকাণ্ডকে আমি “প্রজেক্ট” নামেই ডাকছি।’
ডিম্বাশয়ে ক্যানসার শনাক্ত হওয়ার পর উন্নত চিকিত্সা নিতে গত বছরের ডিসেম্বরে নিউইয়র্ক গিয়েছিলেন মনীষা। দীর্ঘমেয়াদি চিকিত্সা শেষে গত মে মাসে তাঁকে ‘ক্যানসারমুক্ত’ ঘোষণা করেন চিকিত্সকেরা। জুন মাসের শেষের দিকে মুম্বাই ফেরেন মনীষা।
সুস্থ হয়ে ফেরার পরপরই মালয়ালম একটি ছবির অসমাপ্ত কাজ শেষ করার জন্য শিডিউল দিয়েছেন মনীষা। তিনি আগামী নভেম্বরে লেনিন রাজেন্দ্র পরিচালিত ‘ইডাভাপতি: নো ম্যানস ল্যান্ড’ ছবিটির শুটিং শুরু করবেন।