মনে পড়ে গেল একাত্তরের বন্দী নারীদের কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১ অক্টোবর ২০১২, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে ঢুকেই চোখে পড়ল নানা রঙের মসলিনি ফুরফুরে পর্দার। বেশ অন্য রকম একটা আবহ; যেন নবাবি ঢং। হ্যাঁ তা-ই, বাংলা-বিহার-উড়িষ্যার শেষ নবাব সিরাজউদ্দৌলার নৃশংস হত্যার পর তাঁর পরিবারের নারীরা বন্দিদশায় কেমন ছিল—এ নিয়ে নাটক। সৈয়দ শামসুল হকের রচনা ও আতাউর রহমানের নির্দেশনায় নারীগণ দেখতে গিয়েছিলাম সেদিন।যুদ্ধ এবং রাজনীতির নৃশংসতায় আজও যেমন, তেমনি অতীতেও নারী যে বারবার লাঞ্ছিত, নিগৃহীত হয়েছে সিরাজউদ্দৌলার পরিবারের বন্দী নারীদের মুখের কথা শুনে সেটাই আবার প্রতীয়মান হলো। ঢাকার নাট্যপ্রেমী দর্শকদের এ নাটক নতুন আঙ্গিকের একটা স্বাদ দিতে পারবে বলেই আমার বিশ্বাস। নারীগণ দেখতে দেখতে বারবারই আমার মনে হচ্ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন অসহায় বাঙালি নারীদের সেই বন্দিজীবনের কথা। কী নিদারুণ কষ্টে-অপমানে, অবমাননায় আর লাঞ্ছনায় তাঁদের বিসর্জন দিতে হয়েছিল সম্মান, দেহ আর আত্মার।কুশীলবদের কাছ থেকে অভিনয়শৈলীর প্রয়োজনীয় রসদ আদায় করে নেওয়াটা খুব সহজ কাজ নয়। এ নাটকে সবার কাছ থেকে তা পাওয়াও যায়নি। তবে নবাব আলীবর্দী খাঁর স্ত্রী চরিত্রে ফারহানা মিঠুর সংলাপ প্রক্ষেপণ, বয়সী নারীর যথার্থ শরীরী ভঙ্গি এককথায় চমৎকার। সিরাজউদ্দৌলার মা আমিনার চরিত্রে দীপ্তা রক্ষিত সবার দৃষ্টি কেড়েছে তার সুন্দর বাচন এবং পরিমিত অভিনয়ে। তানিয়া মঞ্চে বেশ সাবলিল অভিনয় করে। কিন্তু এই নাটকে সে লুৎফা চরিত্রে চরিত্রের গভীরে যেতে পারেনি। ওকে আরেকটু সচেতন হতে হবে। আলেয়া চরিত্রটিকেও নাট্যকার-নির্দেশক দর্শকের ঠিক কাছাকাছি আনতে পারেননি। তবে কোরাসে যে চারজন ছিল, তারা দৃষ্টি কেড়েছে সবার। তাদের চলা-বলা দুটোই ছিল ছন্দবদ্ধ।নেপথ্য কণ্ঠ, আবহসংগীত হূদয় ছুঁয়েছে। এ নাটককে মঞ্চ সফলতা পেতে হলে সবাইকে অভিনয়শৈলীতে আরও দক্ষতা দেখাতে হবে। দৃশ্য থেকে দৃশ্যান্তরে যেতে আলোর ব্যবহার আরও সুনিপুণতার দাবি রাখে। তবে কিছু কিছু জায়গায় আলোর ব্যবহার দৃষ্টিনন্দন ছিল। অবশ্য আলোবিশেষজ্ঞ ঠাণ্ডু রায়হান নিশ্চয়ই আরও দু-চারটি মঞ্চায়নের পরই আলোর হিসাবে নান্দনিকতা নিয়ে আসবে, এতে কোনো সন্দেহ নেই। সত্যি কথা বলতে কি, প্রয়োজনীয় কারিগরি মঞ্চায়নের সুযোগ আমাদের খুবই কম। একটু খটকা রয়ে গেল মনে—সিরাজউদ্দৌলার মুখে শচীন্দ্রনাথ সেনগুপ্তের সিরাজউদ্দৌলা নাটকের সংলাপ কেন দেওয়া হলো? সৈয়দ হক রচিত কাব্য সংলাপই কি সেখানে প্রত্যাশিত ছিল না?পালাকারের কর্ণধার আমিনুর মুকলকে ধন্যবাদ এমন একটি নাটক মঞ্চের পাদপ্রদীপে নিয়ে আসার জন্য। বিভিন্ন দল থেকে নাট্যকর্মীরা এসে সবার মিলিত প্রচেষ্টায় একটি ভালো প্রযোজনা মঞ্চে নিয়ে আসা—এ কর্মযজ্ঞ যেন একটা মিলনমেলার মতো। বিশেষ করে কোনো দলে যদি ঠিক সেই সময়টায় নতুন কোনো কাজের চাপ না থাকে, তবে তাদের অলস সময় কাটাতে হলো না। বিনম্র শ্রদ্ধায় স্বাগত জানাতেই হয় আতাউর রহমানকে। নিজের দলের বাইরেও তাঁর নির্দেশনার ব্যাপ্তিকে ছড়িয়ে দিয়ে নাট্যাঙ্গনকে ঋদ্ধ করার জন্য। এ যোগ্যতা, এ বদান্যতা, এ উদারতা আমরা সবাই যেন তাঁর মতো ধারণ করার চেষ্টা করি।