মনে পড়ে মনে পড়ে...
‘ছোটবেলায় আবিদা আপা ছিল আমার মায়ের মতো। অন্য সব আপাকে আমি নাম ধরে আপা বলে ডাকতাম। আর আবিদা আপাকে ডাকতাম “বাপু” বলে। মাঝখানে দোপাখি বলেও ডাকতাম। ছোটবেলার স্মৃতি হাতড়ালেন শওকত আলী ইমন। কেন বাপু বা দোপাখি বলে ডাকতেন? উত্তর দেন আবিদা সুলতানা। ‘আমিই ওকে বলেছিলাম দোপাখি আর বাপু বলে ডাকতে। ওকে খুব বেশি ভালোবাসতাম। তাই ওর মুখ থেকে আর সবার মতো ডাক শুনতে ইচ্ছে করত না।’ইমন চলে গেলেন ঈদের দিনে। ‘এমনিতে প্রতিদিন সকালে আমার ঘুম ভাঙত বাপুর গান শুনে। ঈদের দিনগুলোয় এর ব্যতিক্রম ঘটত। একটু মন খারাপ লাগলেও সালামি পাওয়ার পর মনটা একদম ভালো হয়ে যেত। আর বাপু আমাকে সবার থেকে বেশি সালামি দিত। তবে বেশি দিন এটা হয়নি। আমার যখন ছয় বছর বয়স, তখনই আপার বিয়ে হয়ে যায়। এর পর থেকে ঈদ মানেই আমার কাছে আবিদা আপার বাসা। রফিক ভাইয়ের সঙ্গে নামাজ পড়া, একসঙ্গে সেমাই খাওয়া।’ আবিদা সুলতানা বললেন, ‘মা-বাবার সঙ্গে ইমনের বয়সের পার্থক্য অনেক ছিল। তাই ও সব আবদার আমার কাছেই করত। ঈদে কী লাগবে না লাগবে, শত আবদার সব আমার কাছেই করত। বিয়ের পর ঈদ মানেই আমার কাছে ছিল ইমন। ঈদের দিন ও সবকিছু ফেলে আমার বাসায় চলে আসত। ওর দুলাভাইয়ের সঙ্গে নামাজ পড়ত। আমি ওদের জন্য সেমাই নিয়ে বসে থাকতাম। সেই দিনগুলো দারুণ ছিল।’ ইমন হুট করে বলে উঠলেন, ‘বাপু, একবারের কথা মনে আছে? সেই যে ঈদের দিন সকালে মারামারি করার জন্য বাবা তালাবদ্ধ করে রাখলেন। শেষে তুমি আর দুলাভাই এসে বিকেলে আমাকে বন্দিদশা থেকে মুক্ত করলে।’ ‘মনে থাকবে না আবার। আব্বা ছিলেন প্রচণ্ড রাগী। ঈদের দিন সকালে বাড়ির সামনে কার সঙ্গে যেন মারামারি করেছে। আব্বা তা দেখে ইমনকে তালাবদ্ধ করে রাখলেন। এদিকে সকাল গড়িয়ে দুপুর হয়ে যায়। ইমন তো আর সেমাই খেতে আসে না। আমি টেনশনে পড়ে গেলাম। আবার ভাবলাম, বন্ধুবান্ধবের সঙ্গে গেছে হয়তো। বিকেলে আর টিকতে না পেরে বাসায় চলে এলাম। গিয়ে দেখি রাজপুত্র বন্দী অবস্থায় আছে। হা হা হা...।’ ‘সেটা ছিল আমার জীবনের জঘন্যতম ঈদ। টানা চার-পাঁচ ঘণ্টা আমি দরজা ধাক্কাধাক্কি করেছি আর কেঁদেছি।’ বললেন ইমন।এখন অবশ্য ব্যস্ততার কারণে অত সময় পান না। কিন্তু ঈদের সেই দিনগুলোকে এখনো খুব মিস করেন শওকত আলী ইমন ও আবিদা সুলতানা। ‘এখন বড় হয়ে গেছি। ওভাবে আর সালামি পাই না। মাঝেমধ্যে মন খারাপ হয়। তবে এখনো চেষ্টা করি ঈদের দিন রাতে সবাই এক হওয়ার।’ বলছিলেন ইমন।