মনে পড়ে মান্নাকে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ থেকে তিন বছর আগে ২০০৮ সালের আজকের দিনে অনেকটা হঠাত্ করে পৃথিবীর মায়া ছেড়ে চিরনিদ্রায় শায়িত হন জনপ্রিয় অভিনেতা, চিত্রনায়ক মান্না। তাঁর মৃত্যু বাংলাদেশের চলচ্চিত্রে তৈরি করে বিরাট এক শূন্যতা। সেদিন মান্নার মৃত্যু তাঁর সহকর্মীদের শোকে স্তব্ধ করে দেয়। আজ তিন বছর পরেও মান্নার অনুপস্থিতি তাঁর সেই সহকর্মীদের করে তোলে শোকবিহ্বল। আজ মান্নার তৃতীয় মৃত্যুবার্ষিকীতে তাঁরই কয়েকজন সহশিল্পী বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের এ নায়ককে স্মরণ করেছেন গভীর শ্রদ্ধা আর ভালোবাসায়। প্রথম আলো অনলাইনের পাঠকদের জন্য সেগুলো তুলে ধরা হলো— কাজী হায়াত্: আসলে মান্নার চিন্তা-ভাবনা, ধ্যান-ধারণা সবকিছুতেই ফিল্মি একটা ব্যাপার ছিল। চলচ্চিত্র কীভাবে ভালো হবে এবং অশ্লীলতা নিয়ে তার সব সময় ছিল সোচ্চার ভূমিকা। আমার কাছে সব সময় মনে হয়েছে চলচ্চিত্রশিল্পটাকে সে মনেপ্রাণে ভালোবাসত। আমি মান্নাকে দিয়ে প্রায় ২০টিরও বেশি ছবিতে কাজ করেছি। এসব ছবিতে কাজ করতে গিয়ে আমার মনে হয়েছে, মান্না সব সময় আধুনিক চিন্তা-চেতনায় বিশ্বাসী ছিল। এ ছাড়া তার সেবামূলক একটা ভাবনাও প্রায় কাজ করত। শুধু সেটা ভাবনায় নয়, বাস্তবেও প্রতিফলিত হয়েছিল। অনেকটা নীরবে সে চলচ্চিত্রশিল্পের বিভিন্ন বিভাগের দুস্থ ও আর্থিকভাবে অস্বচ্ছলদের সহযোগিতা করত। তার এ ধরনের কাজগুলো বেশ গোপনীয়তা বজায় রাখা হতো। আর পেশাগত ক্ষেত্রে বলতে গেলে মান্নাকে নিয়ে বলা যায়, তাকে নিয়ে যদি কোনো একটা সিনেমা বানানো শুরু করা হতো, সেটা শেষ করার নিশ্চয়তাটা অন্তত ছিল। যেটা এখনকার নায়কদের মধ্যে একেবারেই অনুপস্থিত বলা যায়। মান্না শুটিংসেটে খুবই নিয়মানুবর্তি একজন মানুষ ছিল। তাকে নিয়ে যখন কোনো ছবির শুটিং করা হতো, সে মনেপ্রাণে ভালোবেসে সে কাজটা সময়মতো শেষ করার চেষ্টা করত। মান্নার সঙ্গে পেশাগত কাজের বাইরেও আমার একটা পারিবারিক সম্পর্ক ছিল। তার অনেক ব্যক্তিগত ব্যাপার আমার সঙ্গে শেয়ার করত। এ ছাড়া তার মধ্যে ভালো কাজ করার অনেক বড় একটা আকাঙ্ক্ষা ছিল। সে আমাকে প্রায়ই বলত, ভালো পরিচালকদের সঙ্গে কাজের ইচ্ছার কথা।পপি: শিল্পী হিসেবে মান্না যেমন অনেক বড় মাপের ছিলেন, ঠিক তেমনি মানুষ হিসেবে ওনার ছিল অসাধারণ গুণ। আমার দৃষ্টিতে একজন ভালো মানুষ বলতে যা বোঝায়, তার সবকিছুই উনার মধ্যে ছিল। তা ছাড়া উনার আন্তরিকতার কোনো জুড়ি ছিল না। পেশাগত কাজের বাইরেও মান্না ভাই আমাকে বিভিন্নভাবে বিভিন্ন বিষয়ে উপদেশ দিতেন। এ ছাড়া বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানে ওনার ছিল সদর্প উপস্থিতি। বিভিন্ন উপলক্ষে আমাকে নানাভাবে আশীর্বাদ করতেন। একজন বড় মাপের নায়ক হিসেবে অনেক ক্ষেত্রে তাঁদের মধ্যে কিছু অহঙ্কার কাজ করতে পারেন; কিন্তু সেটার ছিটেফোঁটাও মান্না ভাইয়ের মধ্যে ছিল না। ভালো-মন্দ মিলিয়েই তো মানুষ। কিন্তু মান্না ভাইয়ের ক্ষেত্রে মন্দের চেয়ে ভালোর পাল্লাটাই ছিল বেশি। মান্না ভাইয়ের মৃত্যুতে আমাদের চলচ্চিত্রশিল্পে এক বিরাট শূন্যতার সৃষ্টি হয়। সেটা কোনো অবস্থাতেই পূরণ হওয়ার নয়। ইলিয়াস কাঞ্চন: চলচ্চিত্রে মান্নার আগমন ঘটে ১৯৮৪ সালে এফডিসি আয়োজিত নতুন মুখের সন্ধানে কার্যক্রমের মধ্য দিয়ে। প্রথমদিকে আমিও মান্নাকে অনেকগুলো ছবিকে কাস্ট করিয়েছে। বেশ কয়েকটি ছবিতে আমি ও মান্না সমানভাবে কাজ করেছি। আস্তে আস্তে মান্না চলচ্চিত্রশিল্পে নিজের আলাদা অবস্থান তৈরি করতে সক্ষম হয়। কাজ শুরু করে একক নায়ক হিসেবে। কাজ করতে গিয়ে মনে হয়েছে, সে অনেক বেশি খোলামেলা কথা বলতে পছন্দ করত। এমনকি সে তার পেশাগত কাজের জন্য খুবই আন্তরিক ছিল। এ আন্তরিকতার স্বাক্ষর সে কাজের ক্ষেত্রে সব সময় রেখেছেও। তাঁর জনপ্রিয়তাই এসবের প্রমাণ রাখে। মান্না আসলে এমন একটা পর্যায়ে গিয়েছে, যার উদাহরণ সে নিজেই। চলচ্চিত্রে সে তার আলাদা একটা স্টাইল তৈরি করতে সক্ষম হয়েছিল। অনেক বেশি পরিশ্রমও করতে পারত সে। এসব কিছুর জন্য দর্শকদের ভালোবাসাও পেয়েছে অগণিত। তবে এটা ঠিক যে মান্নার মৃত্যু চলচ্চিত্রশিল্পে বড় একটা ক্ষতি হয়েছে।