
বিশ্বকাপ প্রায় শেষের পথে। ফুটবল নিয়ে সবারই আছে রংবেরঙের স্মৃতি। সেই স্মৃতির ঝাঁপি আজ খুলে বসেছেন সংগীতশিল্পী ন্যান্সি
বিশ্বকাপ ফুটবলের মৌসুম এলেই মনে পড়ে কত কত স্মৃতি! মনে আছে নেত্রকোনার সাতপাইয়ে বাবা-মা-ভাইসহ খেলা দেখতাম। আমার ভাই জাকারিয়া রহমান আর আমি পিঠোপিঠি, আমার চেয়ে ও এক বছরের বড়। ফলে ছোটবেলায় আমাদের সম্পর্ক ছিল অম্লমধুর—ও পুবে হাঁটলে আমি হাঁটতাম পশ্চিমে। বিশ্বকাপ ফুটবল শুরু হলে এটি ধরা পড়ত আরও বেশি করে। ও ব্রাজিলের সমর্থক ছিল বলেই আমি সমর্থন করতাম আর্জেন্টিনা। ওর প্রিয় ফুটবলার ব্রাজিলের রোনালদো, অবধারিতভাবেই আমার প্রিয় ফুটবলার আর্জেন্টিনার বাতিস্তুতা।
যখনকার কথা বলছি, তখন আমি সম্ভবত ষষ্ঠ শ্রেণীতে পড়ি। সেবার বিশ্বকাপ ফুটবল শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই পতাকা বানানোর হিড়িক পড়ল চারপাশে। আমার ভাই গোঁ ধরল—ব্রাজিলের পতাকা বানাবে সে। ফলে বাবা-মায়ের কাছে আমার বায়না—আজেন্টিনার পতাকা বানিয়ে দাও। শুধু তা-ই নয়, ভাইয়ের ব্রাজিলের পতাকার চেয়ে আমার পতাকা যেন বড় হয় সেদিকেও আমার ছিল তীক্ষ্ণ নজর। অবশেষে আমাদের বাড়ির দুই ফটকে ব্রাজিল ও আর্জেন্টিনা—দুই দলের পতাকা টাঙানো হলো, দেখা গেল ভাইয়ের চেয়ে সত্যিই আমার পতাকাটি আকারে বড়। সে সময় আমার আনন্দ দেখে কে, আমার ভেতরে তখন তো যুদ্ধ জয়ের উত্তেজনা। মনে হলো আমি যুদ্ধ জয় করেছি।
এরপর আমার ভাই তার পতাকার সঙ্গে বাড়তি কাপড় যুক্ত করে বড় করল পতাকাটি। কিন্তু এবার ঘটনা ঘটল অন্য জায়গায়—অতিরিক্ত কাপড় যোগ করার ফলে তার পতাকাটি এত বড় হয়ে গেল যে সেটি পতপত করে ওড়ার শক্তিই হারিয়ে ফেলল।
আগে বিশ্বকাপের সময় আমি ও আমার ভাই নিজ নিজ দলের পক্ষ নিয়ে মারামারিও করতাম। পরে ফলাফল যেটা ঘটত—মায়ের হাতে দুজনই খেতাম মৃদু উত্তমমধ্যম। এখন বিশ্বকাপের সময় সেসব মুহূর্ত, সেসব স্মৃতি খুব মনে পড়ে আর মনে হয়, কেন যে বড় হয়ে গেলাম!
এই তো সেদিন আমার মালিবাগের বাসায় ইরান-আর্জেন্টিনার খেলা দেখছিলাম। কোনো পক্ষই গোল দিতে পারে না। অতঃপর খেলার শেষ মুহূর্তে মেসি যখন দুর্দান্তভাবে জালে ঢোকাল বল, মনের মধ্যে যেন উৎসব শুরু হলো আমার। কয়েক মুহূর্তের জন্য যেন আগের বয়সটি ফিরে পেলাম আবার।
অনুলিখন: আলতাফ শাহনেওয়াজ