মনে হয় যেন কোলের মধ্যে ঘুমাচ্ছে ও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাইরে শুটিং। বাসায় সন্তান। কেমন লাগে তারকা মায়েদের? সন্তানকে বাসায় রেখে কি স্বচ্ছন্দে শুটিং করা যায়?

আয়রাকে কোলে নিয়ে মিথিলা
আয়রাকে কোলে নিয়ে মিথিলা

মেয়ে আয়রার বয়স এখন চার বছর। তাকে ঘিরেই আমার জীবন। সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত যা কিছু করি, সবই মেয়ের জন্য।

ওকে নিয়ে আমার জীবনযাপনটা এমনভাবে সাজিয়েছি যে দেশের মধ্যে যেখানে যেভাবেই থাকি, মেয়ে আমার সঙ্গে থাকবে। আমার মনে আছে, ‘ল্যান্ডফোনের দিনগুলোতে প্রেম’নাটকের শুটিংয়ে সময় পাঁচ মাসের মেয়েকে সঙ্গে নিয়ে শুটিং করেছি। আমি চাকরিতে যোগ দেওয়ার পর থেকেই অফিসের ডে-কেয়ারে থাকে আমার মেয়ে। বয়স যখন কম ছিল, তখন কাজের ফাঁকে দুই ঘণ্টা পরপর দেখে আসতাম। গোসল করাতাম, ঠিকমতো খাওয়াতাম। এখন একটু বড় হয়েছে, ডে-কেয়ারে খেলার বন্ধু হয়েছে ওর। এখন পুরো অফিস সময়টাতে এক-দুবার গেলেই হয়। সকালে ঘুম থেকে দুজন একসঙ্গেই উঠি। আমি অফিসে আর ও নানার সঙ্গে স্কুলে যায়। নানার সঙ্গে দারুণ সখ্য ওর। অফিসের কাজে দেশের বাইরে গেলে ওর জন্য বেশি কষ্ট লাগে।

একটা ঘটনা বলি। ওর বয়স তখন দুই বছর। সেবার প্রথম ওকে রেখে ১০ দিনের জন্য দেশের বাইরে গিয়েছিলাম। ওকে ছেড়ে কীভাবে যে আমি সময় পার করেছি, বলে বোঝানো যাবে না। এখন দেশের বাইরে গেলে দিনে অফিসের কাজ নিয়ে ব্যস্ততার ফাঁকে ফাঁকে ওর সঙ্গে ভিডিও কলে কথা হয়। কিন্তু রাতে ঘুমাতে গিয়ে খুব মিস করি। অনেক সময় মাঝরাতে ঘুম ভেঙে গেলে মনে হয় যেন কোলের মধ্যে ঘুমাচ্ছে ও।

মাঝেমধ্যে আমার ওপর মন খারাপও করে। কখনো যদি ওর ঘুম না ভাঙিয়ে অফিসে চলে যাই, তাহলে মন খারাপ করে। বলে, ‘মা, তুমি আমাকে না বলে চলে গেলে কেন? খুব কষ্ট পেয়েছি আমি।’

অনুলিখন : শফিক আল মামুন