মনেই হয়নি অভিনয় করছি: আঁখি আলমগীর
‘প্রথম অভিনয় করি ১৯৮৪ সালে। তাও আবার চলচ্চিত্রে। ভাত দে নামের ছবিটাতে অভিনয়ের জন্য আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পাই। এরপর অনেক অনুরোধ আসে অভিনয় করার। কিন্তু স্ক্রিপ্ট পছন্দ না হওয়ায় অভিনয় করিনি। এর মধ্যে গানে ব্যস্ত হয়ে যাই। তাই অভিনয় নিয়ে আমার আলাদা কোনো ভাবনা ছিল না। সম্প্রতি যে নাটকে কাজ করেছি, সেটা অনেকটা ব্যতিক্রম মনে হওয়ায় অভিনয় করতে রাজি হই।’ কথাগুলো বলছিলেন গায়িকা আঁখি আলমগীর। তিনি বলেন, ‘আসলে নাটকটিতে কাজ করতে গিয়ে মনেই হয়নি যে আমি অভিনয় করছি। মনে হয়েছে, কোনো গানের অনুষ্ঠানে পারফর্ম করছি। পরিচালক এখানে আমাকে স্বনামে এবং স্বীয় পরিচয়ে উপস্থাপন করেছেন। নাটকের অভিনয়টাকে আমি বেশ উপভোগ করেছি।’নাটকের গল্পে দেখা যায়, ‘একটি পারিবারিক অনুষ্ঠানে আমি গান করছি। তবে গান গাওয়ার আগে আমি সেখানে উপস্থিত দর্শকদের উদ্দেশে কিছু বক্তব্যও দিই। আমার সে বক্তব্যটা ছিল বাংলা গানের বর্তমান অবস্থা নিয়ে। বক্তব্যে বাংলা গান নিয়ে তরুণ সমাজের ভাবনার নানা বিষয়ও উঠে এসেছে।’ ফারিয়া হোসেনের রচনা এবং আরিফ খানের পরিচালনায় নাটকটির নাম ‘চাঁদ ফুল অমাবস্যা’। পরিচালক সূত্রে জানা গেছে, নাটকটি এটিএন বাংলার জন্য নির্মিত হয়েছে।আঁখি বলেন, ‘নাটকে অভিনয়ে আমার খুব একটা আগ্রহ না থাকলেও বিজ্ঞাপনের প্রতি আমার আলাদা দুর্বলতা আছে। আমি চাই, ভালো কিছু বিজ্ঞাপনে কাজ করতে।’