মনের জানালা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশন অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক মেহতাব খানম। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন।—বি. স.

সমস্যা
আমি একাদশ শ্রেণীর ছাত্রী। সব সময় সিদ্ধান্তহীনতায় ভুগি। সব সময় মনে হয়, এটা কি ঠিক হচ্ছে! আর আমি খুবই কল্পনাপ্রবণ। বিশেষ করে যখন পড়তে বসি, তখন শুধু বিভিন্ন বিষয় নিয়ে কল্পনা করি। যেমন: আজ কী নাটক দেখলাম, কাল কী হবে বা বিভিন্ন সিনেমার কাহিনি—এসব নিয়ে ভাবি। তবে মানুষকে নিয়ে বেশি ভাবি। হয়তো কারও কোনো কাহিনি শুনলাম, তখন তাকে নিয়ে ভাবব যে সে এটা কীভাবে করল বা কেন করল ইত্যাদি। আর এসব কারণে আমি পড়লেও কিছু মনে রাখতে পারি না। পড়াশোনায় মনোযোগ দিতে পারি না। সব সময় দুশ্চিন্তা ও অনিশ্চয়তায় ভুগি।
নাম প্রকাশে অনিচ্ছুক
পরামর্শ
সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমাদের দেশের বেশির ভাগ শিক্ষার্থীর মধ্যেই কম। শিক্ষার্থীরা লেখাপড়ায় কেমন ফলাফল করল, সেটির ওপরেই কেবল মনোযোগ দেওয়া হচ্ছে। তুমি এখন বয়ঃসন্ধিতে রয়েছ বলে আবেগের তারতম্যের কারণে নিজেকে স্থিতিশীল রেখে চিন্তা করতে অসুবিধা হচ্ছে। এ ছাড়া ছোটবেলা থেকেই হয়তো তোমার ওপরে সিদ্ধান্তগুলো চাপিয়ে দেওয়া হয়েছে, যে কারণে স্বাধীনভাবে কোনো কিছু ভেবে তা বাস্তবায়ন করার সুযোগও তুমি পাওনি। কল্পনাপ্রবণ হওয়া আমাদের জন্য ইতিবাচক হয়, যখন সেটি আমাদের কিছুক্ষণের জন্য ভালো থাকতে সাহায্য করে। তবে অতিরিক্ত সময় ধরে কল্পনা করলে দৈনন্দিন কাজগুলো ক্ষতিগ্রস্ত হয়। তুমি যখন পড়তে বসবে, তখন নিজেকে বলবে যে তোমার চিন্তাগুলো তুমি আপাতত স্থগিত রাখবে এবং দিনের অন্য কোনো একটি সময়ে আধা ঘণ্টা সময় নিয়ে তুমি এই চিন্তাগুলো নাড়াচাড়া করবে। তার পরও যদি এগুলো আসতে থাকে, তাহলে আবার নিজেকে স্মরণ করাবে যে এখন নয়, তুমি এর জন্য আলাদা সময় রেখেছ। সিদ্ধান্তের ব্যাপারে এখন থেকে যা করতে পারো তা হচ্ছে, যে কয়টা সিদ্ধান্ত মাথায় আসছে, সেগুলো নিলে কী কী ইতিবাচক ও নেতিবাচক বিষয় হতে পারে তার একটি তালিকা কাগজে লিখে ফেলা। যেটিতে নেতিবাচক ফলের সম্ভাবনা বেশি, সেটি বর্জন করে অন্যটি গ্রহণ করে নেওয়া। এসব কৌশল অবলম্বন করার পরও যদি তোমার দুশ্চিন্তা ও অনিশ্চয়তাবোধ না কাটে, তাহলে কোনো বিশেষজ্ঞের শরণাপন্ন হলে ভালো হয়। যে জায়গাগুলোয় কাউন্সেলিং দেওয়া হয়, আমি সে জায়গাগুলোর নাম আর ফোন নম্বরগুলো আগে ‘মনের জানালায়’ লিখেছি। তুমি ঢাকায় এসে কিছুদিন সেবা গ্রহণ করলে আশা করি খুব উপকৃত হবে।
সমস্যা
আমার বয়স আনুমানিক ৩৫। দরিদ্র ঘরে জন্ম। মা-বাবা বেঁচে নেই। আমার জন্মসনদে বয়স ৪০ লেখা আছে। ভাইদের সংসারে ছিলাম খুবই অশান্তিতে। তারা আমাকে মারধর করত এবং মানসিক নির্যাতন করতেন। পৈতৃক সম্পত্তি বলতে যে ভিটেমাটি ছিল, তাও ভাইয়েরা বিক্রি করে দিয়েছে এবং তারা তাদের স্ত্রী-ছেলেমেয়ে নিয়ে যে যার মতো জায়গায় চলে গেছে। আমি এখন কর্মজীবী হোস্টেলে থাকি। এমএ (পাস কোর্স, বাংলা সাহিত্য) পাস করেছি তৃতীয় বিভাগে। বিভিন্ন সময়ে মার্কেটিংয়ে কাজ করেছি (মাঠপর্যায়ে)। প্রচণ্ড মাথাব্যথার কারণে এখন কাজ করতে পারছি না। এত যন্ত্রণা-কষ্ট নিয়ে বাঁচতে ইচ্ছে করে না। অনেক কষ্ট করে শিক্ষা নিয়েছি। এত কিছুর পরও এই সুন্দর পৃথিবীতে বাঁচতে মন চায়। দয়া করে বেঁচে থাকার একটা পথ দেখাবেন।
শ্রাবণী
চট্টগ্রাম
পরামর্শ
আমি বুঝতে পারছি, তুমি কতটা অসহায় বোধ করছ জীবনের এই পর্যায়ে এসে। মা-বাবা বেঁচে না থাকায় এবং সেই সঙ্গে ভাইদের কোনো সহায়তা না পাওয়ায় তোমার বিপর্যস্ততা সত্যিই খুব চরম পর্যায়ে পৌঁছে গেছে। এতটা প্রতিকূল অবস্থায় থেকেও তুমি যে বাংলা সাহিত্য নিয়ে মাস্টার্স পাস করেছ, সে জন্য তোমাকে সাধুবাদ জানাচ্ছি। তুমি লিখেছ, কাজ করা বন্ধ করতে হয়েছে, কারণ তোমার প্রচণ্ড মাথাব্যথা হয়। এর কোনো শারীরিক কারণ রয়েছে কি না, তা জানার চেষ্টা করেছ? যদি শরীরগত কোনো ভিত্তি না থাকে, তাহলে বুঝতে হবে, প্রচণ্ড মানসিক চাপের কারণেই এটি হচ্ছে। যদি মানসিক কারণে হয়ে থাকে, তাহলে তোমাকে প্রতিদিন বেশ কিছুক্ষণ রিলাক্সেশন এক্সারসাইজ ও মেডিটেশন করতে হবে। এই ব্যায়ামের নিয়মগুলো তুমি ইন্টারনেটে বসে বের করে নিতে পারো। তোমার বয়সের কারণে ভালো চাকরি হচ্ছে না, তা বুঝতে পারছি। তবে এ নিয়ে তো সংকোচ করলে আরও পিছিয়ে পড়বে। এতটা নেতিবাচক পরিস্থিতিতে থেকে তুমি যে সংগ্রাম করে প্রাতিষ্ঠানিক শিক্ষার শেষ ধাপ অতিক্রম করেছ, সে জন্য নিজেকে অনেক বেশি সম্মানের দৃষ্টিতে দেখার চেষ্টা করবে, কেমন? তোমার বেঁচে থাকার ইচ্ছাটাকে সব সময় ধরে রাখো এই মনে করে যে পৃথিবীতে অনেক ভালো মানুষও আছেন, যাঁদের কারণে দুঃখী মানুষগুলো বেঁচে থাকার পথ খুঁজে পায়। নিজের প্রতি সম্পূর্ণ আস্থা নিয়ে জীবনের সব চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুতি নাও। শুভকামনা রইল।