মনের মণিকোঠায় আজও কিশোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতে চলতে মেরে এ গীত ইয়াদ রাখ না... এর পরের কথাগুলো না বললেও ত্বরিত মনে ভেসে উঠবে তাঁর মুখ। উপমহাদেশের প্রখ্যাত গায়ক কিশোর কুমার গত হয়েছেন ২৫ বছর হলো, কিন্তু রেডিও খুললে আজও তাঁর অসংখ্য জনপ্রিয় গানের কোনো না কোনো গানের সুরতরঙ্গ কানে পৌঁছাবেই। ১৯৮৭ সালের এই দিনে প্রয়াণ ঘটেছিল উপমহাদেশের এই জনপ্রিয় কণ্ঠশিল্পীর।সম্প্রতি ভারতের এফএম রেডিও রেডিও মির্চির ‘পুরানি জিনস’ নামের একটি জনপ্রিয় অনুষ্ঠানের সঞ্চালিকা সায়েমা কিশোর কুমার প্রসঙ্গে জানিয়েছেন, যে সব গান শোনার জন্য শ্রোতাদের কাছ থেকে অনুরোধ আসে, এর অধিকাংশই কিশোর কুমারের। এক খবরে এ তথ্য জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ। রেডিও চ্যানেলগুলোতে আজও তুমুল জনপ্রিয় ‘কিশোর দা’ বা কিশোর কুমার। সবচে জনপ্রিয় বললেও ভুল হবে না। কী হিন্দি কী বাংলা; কিশোরের গান যেন ভাষার-সংস্কৃতির দেয়াল ভেঙে উঠেছে জনপ্রিয়তার অভিন্ন চূড়ায়। ইউটিউবে তাঁর গানের কোটি হিট আর সহস্র ডাউনলোডই প্রমাণ করে কিশোরের তুমুল এই জনপ্রিয়তার জোয়ারের। কারা তাঁর গান শোনেন? মজার তথ্য হচ্ছে, বুড়ো থেকে ছেলেপুলে সব্বাই—এ কথা বললেও কিশোরভক্তদের মধ্যে কিন্তু এগিয়ে আছে ১২ থেকে ১৯ বছরের কিশোররাই!ফেসবুক, টুইটার কিংবা ই-মেইল; হোক ইউটিউব কিংবা এফএমের কোনো রেডিও চ্যানেল, সেই ‘পল পল দিলকে পাস’, ‘হাওয়াকে সাথ সাথ’, ‘ছু কর মেরে মন কো’, ‘হামে আউর জিনে কি’ থেকে শুরু করে ‘এক পলকের একটু দেখা’, ‘এ কি হলো’, ‘কী আশায় বাঁধি খেলাঘর’—কিশোর আজও কিশোর। বিহারের গাঙ্গুলী পরিবারের সন্তান কিশোর কুমারের নাম ছিল আভাষ কুমার; বড়ভাই অশোক কুমার অভিনেতা, বোম্বের টিন-সেলের। এক সময় বোম্বে টকিজে কোরাস গায়ক হিসেবে যাত্রা শুরু করেছিলেন আভাষ কুমার ওরফে কিশোর কুমার। ১৯৪৬ সালে ‘শিকারী’ ছবিতে তাঁর অভিনয়ে হাতেখড়ি। অশোক কুমার চাইতেন ছোট ভাই কিশোর অভিনয়ে ব্যস্ত হোক। কিন্তু কিশোর কুমার যে সে পাত্রটি নন। তাঁর চিন্তা ও চেতনায় যে শুধুই সুর! তার পরও বিভিন্ন সময়ে বড় ভাই অশোক কুমার আর শুভাকাঙ্ক্ষী পরিচালকদের অনুরোধে বহুবারই অভিনয়ের ঢেঁকি গিলতে হয়েছিল কিশোর কুমারকে। অভিনয় যে খারাপ করতেন, তা নয়। ‘মুসাফির’ ছবিতে সলিল চৌধুরী ছিলেন সংগীত পরিচালক। শুরুতে ‘মুসাফির’-এ কিশোর কুমারকে গান গাওয়ানোর বিষয় নিয়ে খানিক দ্বিধাতেই ছিলেন সলিল। কেননা সংগীতে যে কিশোরের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না। পরে কিশোরকে নিয়েছিলেন সলিল। কিশোর কুমারকে সংগীতে প্রতিষ্ঠা পেতে সবচেয়ে বেশি সহযোগিতা করেছিলেন যে মানুষটি, তিনি শচীনকর্তা, শচীন দেব বর্মন। ‘মশাল’ ছবিটি তৈরির সময় একবার অশোক কুমারের বাড়িতে গিয়েছিলেন শচীন দেব বর্মন। সে সময় তিনি শুনছিলেন বাড়িতে কে এল সায়গলের ভঙ্গি নকল করে কে যেন গাইছেন! কণ্ঠ আর অনুকরণের বিষয়টি তাঁকে চমৎকৃত করেছিল। শচীন খোঁজ নিয়ে জানতে পারেন গায়কটির নাম কিশোর কুমার, অশোক কুমারের ছোট ভাই। সামনাসামনি হয়ে শচীন দেব বর্মন তাঁর প্রশংসা করার পর কিশোর কুমারকে কে এল সায়গলের অনুকরণ নয়, বরং নিজস্ব একটি গায়কি বা ঢং সৃষ্টি করতে বলেছিলেন। কিশোরও শচীন দেব বর্মনের উপদেশ মনে রেখেছিলেন। পরবর্তীতে চর্চা আর অধ্যবসায়ের কল্যাণে নিজের অননুকরণীয় এক গায়কির জন্ম দিয়েছিলেন তিনি। বাড়িতে ছিল ভাই অনুপ কুমারের গান শোনার কিছু রেকর্ড। টেক্স মর্টন আর জিমি রজার্সের গানের গায়কি প্রভাবিত করেছিল ভবিষ্যতের ইয়ডলিংয়ের এই জাদুকরকে। পরবর্তী সময় শচীন দেব বর্মনের বহু গানেই কণ্ঠ দিয়েছেন কিশোর। কিশোর কুমারের নিজস্ব কয়েকটি ছবির কাজেও সংগীতের দায়িত্ব নিয়েছিলেন শচীন দেব বর্মন। ১৯৬৯ সালের দিকে ‘আরাধনা’ ছবিটির সংগীতের কাজ করার সময় শচীন দেব বর্মন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। কাজ শেষ করতে শচীন দেব বর্মনের ছেলে আরডি বা রাহুল দেব বর্মন বাবার দায়িত্ব নিয়েছিলেন। সে সময়ই কিশোর কুমার গেয়েছিলেন, ‘মেরে স্বপ্ন কি রানি’, ‘রূপ তেরা মাস্তানা’। জীবনে বহু পুরস্কারে পুরস্কৃত হয়েছেন কিংবদন্তির গায়ক কিশোর; মোট আটবার ফিল্মফেয়ার পুরস্কার পেয়ে রেকর্ড করেছেন তিনি। কিন্তু ‘রূপ তেরা মাস্তানা’ তাঁকে এনে দিয়েছিল তাঁর জীবনের প্রথম ফিল্মফেয়ার পুরস্কারটি।ব্যক্তিজীবনে বেশ খাপছাড়াই ছিলেন কিশোর। খানিকটা পাগলামোও ছিল এই সৃষ্টিশীল প্রতিভাবান মানুষটির। জীবনে চারবার বিয়ে করেছেন। গান গাওয়া ছাড়াও পরিচালনা-প্রযোজনা-অভিনয় করেছেন চলচ্চিত্রে। নিভৃতচারী দাতা ছিলেন যেমন, তেমনি অনেক সময় খেয়ালি এক যুবরাজের মতো দম্ভ দেখিয়েছেন, অহংকারের সোনালি তরবারি যেন তাঁকে বেশ মানিয়ে যেত। একবার নাকি প্রখ্যাত পরিচালক ঋষিকেশ মুখার্জিকে তাঁর বাড়ির দরজা থেকে বাধ্য হয়েই চলে যেতে হয়েছিল। দারোয়ান কিশোরের নির্দেশ মেনে ঋষিকেশ মুখার্জিকে ভেতরেই ঢুকতে দেননি। দারোয়ানকে কিশোর কুমার জানিয়ে রেখেছিলেন, কোনো বাঙালিকে যেন ভেতরে ঢুকতে না দেওয়া হয়। দারোয়ানও ঋষিকেশের বাঙালি পরিচয় পেয়ে তাঁকে ভেতরে ঢুকতে দেননি! তাঁকে নিয়ে মজার অনেক গল্পও প্রচলিত আছে। একবার নাকি মুখের অর্ধেক অংশে মেকআপ করে শুটিংয়ে হাজির হয়েছিলেন কিশোর। কারণ হিসেবে বলেছিলেন, তাঁর মোট সম্মানীর অর্ধেক অর্থ হাতে পাওয়ার কারণেই নাকি এই অর্ধেক মেকআপ!কিশোর কুমারকে নিয়ে এমন আরও অনেক অদ্ভুত গল্পই প্রচলিত। জীবনের যে পাত্র তা প্রায়ই কিশোর কুমারের উচ্ছল-প্রাণময় সৃষ্টিশীলতার তরঙ্গভঙ্গে, তাঁর চিরকালীন এক অননুকরণীয় কণ্ঠের সুরপ্রবাহের ঢেউয়ে ছলকে ছলকে উঠছে। প্রয়াণের ২৫ বছর পরও যেন উপমহাদেশের অযুত ভক্তের মনের মণিকোঠায় আজও তিনি গেয়ে চলেছেন, চলতে চলতে মেরে এ গীত ইয়াদ রাখনা, কাভি আল বিদা না কেহ না...কাভি আল বিদা না কেহ না।সূত্র: ফিল্মফেয়ার, ইন্দো-এশিয়ান নিউজ, টাইমস অব ইন্ডিয়া।