মনের মানুষ নিয়ে প্রসেনজিতের মুখোমুখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার নিয়ে বাংলাদেশের ছবিতে কতবার কাজ করলেন?চতুর্থবারের মতো কাজ করছি। প্রথম করেছিলাম অচেনা শত্রু। এরপর যৌথ প্রযোজনার দুটি ছবিতে কাজ করি। অনেক দিন আর কাজ করা হয়নি। এবার করছি মনের মানুষ।মনের মানুষ ছবিতে আপনি লালনের চরিত্রে অভিনয় করার জন্য নাকি এখন অন্য কোনো কাজ করছেন না?তিন মাস ধরে আমি আসলে একধরনের নির্বাসন নিয়েছি লোকালয় থেকে। বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, শুটিং, অফিস—সব বন্ধ রেখেছি। শুটিং বলতে শুধু মনের মানুষ-এর কাজ করেছি। আমার মাথার চুল ও দাড়ি দেখলে কেউ আমাকে চট করে চিনতে পারবে না। আগামী ছয় মাস বোধহয় এভাবেই আমাকে চলতে হবে। এভাবে জীবন যাপন করতে গিয়ে দেখলাম, এ জীবনের অন্য রকম একটি মানে আছে, যেটা আমি উপলব্ধি করতে পারছি।আপনি তো ওপার বাংলার একজন ব্যস্ততম এবং মোটা অঙ্কের পারিশ্রমিক নেওয়া শিল্পী। তার পরও এতগুলো মাস আপনি অন্য কোনো কাজ করছেন না। এ জন্য তো আপনাকে অনেক বড় ছাড় দিতে হচ্ছে।হ্যাঁ। তা দিতে হচ্ছে। দেখুন, আমি মনের মানুষ ছবিতে এমন একজনের চরিত্রে কাজ করছি, যে চরিত্রটি দুই বাংলার ঐতিহাসিক একটি চরিত্র। যাঁর কর্ম, যাঁর সাধনা ও গান যুগ যুগ ধরে মানুষ স্মরণ করছে। অনেক ছবিতে অভিনয় করেছি, কটা ছবিই বা মানুষের মনে থাকবে? একদিন মরে যাব, শত বছর পরও আমার এই মনের মানুষ ছবিটির কথা মানুষ মনে রাখবে। এটা কি কম পাওয়া?লালনের চরিত্রে কাজ করার আগে আপনি কী কী প্রস্তুতি নিয়েছেন?কয়েক মাস ধরে লালনের ওপর যত বই বেরিয়েছে, তা নিয়ে পড়াশোনা করেছি। পরিচালক গৌতম ঘোষ আমাকে লালনের ওপর একগাদা বই সংগ্রহ করে দিয়েছেন। লালনের গান, অজস্র গান শুনলাম।এগুলোর সঙ্গে ঠোঁট মেলালাম। ঠোঁট মেলাতে মেলাতে গানগুলো প্রায় মুখস্থ করে ফেললাম। গানের কোন লাইনে, কোথায় কী এক্সপ্রেশন দিতে হবে, তারও মহড়া দিলাম। অসাধারণ এক অনুভূতি কাজ করেছে এ সময়টায়। সত্যি, আমি যেন অন্য এক জগতের মধ্যে সময়টা কাটিয়েছি।ছবিতে অভিনয়ের ব্যাপারে আপনার নামটা এল কী করে?গৌতম ঘোষের ছবিতে কাজ করব, এটা তো প্রায়ই বলি। সুনীলদার মনের মানুষ উপন্যাসটা যখন বেরোল, তখন আমি পড়ে মুগ্ধ হলাম। গৌতমদাকে বললাম, অসাধারণ হয়েছে। দাদাও বললেন, তিনি একটি ছবি বানাবেন। আমাকে অনেক সময় দিতে হবে। আমি বললাম, ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। ব্যস, এভাবেই শুরু।লালনের তো অনেক বড় একটা অধ্যায় আছে। চলচ্চিত্রে পুরোটা কি তুলে আনা যাবে?এটা আসলে পরিচালকই ভালো বলতে পারবেন। তবে আমি আমার কথা বলতে পারি যে, ছবিতে লালনের চারটা বয়সের চরিত্রে কাজ করছি আমি। যুবক চরিত্রে কাজ করেছি। এরপর ৩০-৪০ বছর বয়স, ৬০ বছর বয়স এবং বৃদ্ধ বয়স। একেক সময়কার চরিত্রগুলো একেকভাবে তুলে আনা হবে। আর এই যে একেক সময় একেক গেটআপ নিয়ে কাজ করেছি, গেটআপ নেওয়ার কাজটা করছেন ভারতের সেরা রূপসজ্জাকরদের একজন। তিনি বিক্রম গায়কোয়াড়। তিনি ভারতের অমিতাভ বচ্চন, শাহরুখ খান, আমির খানের রূপসজ্জা করেন এবং তাঁদের বিভিন্নভাবে উপস্থাপন করেন। তবে লালনের বিচরণ ছিল অনেক স্থানেই। পরিচালক সেখান থেকে গুরুত্বপূর্ণ কিছু অংশের জায়গা তুলে আনবেন।ছবিতে এমন একটি চরিত্রে কাজ করতে গিয়ে আপনার কি কোনো স্মৃতির কথা মনে পড়ছে?একটা কথা বলি। কদিন আগেই আমরা দুর্গম অঞ্চলে শুটিং করছিলাম। আমাদের বলা হলো, ভোররাত চারটার মধ্যে লোকেশনে যেতে হবে। কনকনে শীত। এর মধ্যেই আমরা রওনা হলাম। লক্ষ করে দেখলাম, কারও মধ্যে কোনো ক্লান্তি নেই। বেশ প্রাণবন্ত হয়েই সবাই কাজ করছে। কাজটা ভালো হলেই সবাই খুশি হচ্ছে। তারপর সেখানে একটি শুটিং সেট বানানো হলো। হঠাত্ একদিন হাতি এসে সেটের ওপর আক্রমণ করল। তারপর বন্দুকের গুলি ছুড়ে, প্রচণ্ড শব্দ করে হাতি তাড়ানো হলো। এভাবেই কাজ করছি। সামনে আরও অনেক দিন কাজ করতে হবে। বাংলাদেশে কাজ শেষ করে ১৫ তারিখ ঢাকা ছেড়ে কলকাতায় ফিরব। ফেব্রুয়ারিতে আবার আমরা শুটিং করব।এমন একটি ছবিতে কাজ করার পর আপনি কি আবার আগের মতোই মারদাঙ্গা ছবিতে অভিনয় করবেন?আসলে এটা বলা কঠিন। আর এসব নিয়ে ভাবছিও না। এখন আমার মাথার মধ্যে শুধুই লালনের চরিত্রটি খেলা করছে। দুই বাংলার মানুষকে নিয়ে তৈরি হচ্ছে মনের মানুষ। এখানে খুঁজে পাওয়া যাবে আমাদের মনের মানুষকে, লালনের দর্শনকে, কিছু সময়কে, ইতিহাসকে।আনন্দ প্রতিবেদক