মনোভূমি আর্টস্পেসের 'জলরঙে ছাপচিত্র'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এলিফ্যান্ট রোডের গ্যালারি মনোভূমি আর্টস্পেসে চলছে সেরিগ্রাফি ওয়াটার কালার প্রিন্টসবিষয়ক ছাপচিত্র কর্মশালায় চিত্রিত ছবি নিয়ে নিরীক্ষাধর্মী প্রদর্শনী। সমকালীন জীবনধারা, নিসর্গের নান্দনিকতা, নানা মানবিক অনুভূতি, রাজনীতি, আদিবাসী জীবনের আনন্দময়তাসহ বহু বিষয়ের চিত্রকর্ম ঠাঁই পেয়েছে প্রদর্শনীতে। এতে অংশ নিচ্ছে ২৯ শিল্পী।
বাঁধাইকৃত উনত্রিশটি চিত্রকর্মের সঙ্গে প্রদর্শনীতে দেখা যাবে প্রত্যেক শিল্পীর পৃথক পৃথক পোর্টফোলিও। ছোট্ট পরিসরের প্রদর্শনালয়টির মেঝের ওপর টেবিলে বিছিয়ে রাখা হয়েছে সেসব পোর্টফোলিও। সেখানে রয়েছে আরও দুই শতাধিক ছবি। ‘বাংলার রূপ’ শিরোনামের চিত্রকর্মে ফুলে ফুলে শোভিত এক বৃক্ষের দেখা মেলে। সেই গাছের ডালে বসে খাবার খুঁজছে কালো পাখা ও হলুদ শরীরের জোড়া পাখি। ছবি এঁকেছেন আদিত্য সুন্দর রায়। আমজাদ আকাশের ছবিতে গাছের গুঁড়ি থেকে বেরিয়ে আসা ছুরির বাঁটে মানুষের মুখমণ্ডল বসিয়ে তুলে ধরা হয়েছে রাজনীতির নিষ্ঠুরতাকে।
প্রদর্শনীতে অংশগ্রহণকারী অন্য শিল্পীরা হলেন আতিয়া ইসলাম এ্যানি, সৈয়দ হাসান মাহমুদ, শহিদ আহমেদ, জেমরিনা হক, ফারজানা ইসলাম, মুক্তি ভৌমিক, ইসরাত জাহান কাকন, জাহিদ হোসাইন, ফজলুর রহমান, রিফাত আরা প্রমুখ।
১০ এপ্রিল থেকে শুরু হওয়া পক্ষকালব্যাপী প্রদর্শনী শেষ ২৪ এপ্রিল।