[মেরিল-প্রথম আলো পুরস্কার ২০০৯-এর জন্য যাঁরা মনোনয়ন পেলেন তাঁদের প্রতিক্রিয়া কী, জানতে মনোনয়ন পাওয়া শিল্পীদের মুখোমুখি হয়েছিলেন রুম্মান রশীদ খান, শফিক আল মামুন ও পার্থ সরকার]সমালোচকের রায়ে মনোনীত যাঁরামনোনীত শিল্পীদের প্রতিক্রিয়া ছাপা হলো বর্ণানুক্রমেসেরা টিভি অভিনয়শিল্পী (পুরুষ ও নারী)জয়া আহসান (টাইপরাইটার)এর আগেও মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার পেয়েছি। সমালোচকদের রায় পাওয়া, সত্যিই ভাগ্যের ব্যাপার। জনপ্রিয় হতে কে না চায়, তবে বোদ্ধা সমালোচকদের চুলচেরা বিশ্লেষণ—এটি আমার কাছে অনেক গুরুত্ব বহন করে। পাঁচজন বিচারকের পাঁচ রকম দৃষ্টিভঙ্গি। তাঁদের সম্মিলিত রায়ে তিনজনের একজন হতে পেরে আমি ভীষণ আনন্দিত। নওহা মুনির দিহান (বিকল পাখির গান) ও মাই গড! বিশ্বাসই করতে পারছি না। আমার প্রতিক্রিয়া শোনার জন্য খোলা মাঠে যেতে হবে। চিত্কার করব গলা ছেড়ে। আনন্দ প্রকাশের ভাষা পাচ্ছি না। ফুর্তি ফুর্তি লাগছে। আমার প্রতিক্রিয়ার পুরোটাই ফুর্তিময়।নওশীন নাহরিন (ইজ ইকুয়্যাল টু) আমি খুশি হব, নাকি অবাক হব বুঝতে পারছি না। গত বছরই অভিনয় ক্যারিয়ার শুরু করেছি। সত্যি বলতে অভিনয় নিয়ে কখনোই খুব একটা সিরিয়াস ছিলাম না। তার পরও গত বছর আমার বেশ কয়টি উল্লেখযোগ্য কাজ গেছে, যার একটি ইজ ইকুয়্যাল টু। এ নাটকের জন্য অনেক গুণীজনের প্রশংসা পেয়েছিলাম, তবে মেরিল-প্রথম আলো পুরস্কারে সমালোচকদের মনোনয়ন পাব, স্বপ্নেও ভাবিনি। সত্যি বলতে এই মনোনয়ন কাজের স্পৃহা শতগুণ বাড়িয়ে দিল। বছরে এ রকম একটি-দুটি কাজ করে যেতে পারলেই যথেষ্ট। আজাদ আবুল কালাম (নুরুন্নাহারের দ্বৈত জীবন)আমি নাটকটির যে চরিত্রটি করে মনোনয়ন পেয়েছি, এর চেয়ে গত বছর অনেক গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করেছি। মেরিল-প্রথম আলো পুরস্কারে মনোনয়ন পাওয়ার জন্য আমার কোনো প্রতিক্রিয়া নেই। এ ধরনের পুরস্কার আমাকে উচ্ছ্বসিত করে না। আহমেদ রুবেল (মায়েশা) প্রতিক্রিয়া? ভালো। কিছুটা অবাক। মায়েশা একটি ব্যতিক্রমী কাজ ছিল। আমরা সচরাচর যে ধরনের নাটক করি, তার থেকে বেশ আলাদা ছিল নাটকটি। মাত্র কয়েকটি চরিত্র দিয়ে এত ভালো কাজ হয়েছিল, সবাই বেশ আনন্দ নিয়ে কাজটি করেছিলাম। মনোনয়ন পেয়ে ভালো লাগছে।ফজলুর রহমান বাবু (পাঞ্জাবিওয়ালা)মেরিল-প্রথম আলো তারকা জরিপ পুরস্কার এখনো পর্যন্ত সবার কাছে বেশি গ্রহণযোগ্য। এর আগে আমি তারকা জরিপ পুরস্কার পেয়েছি। আবারও যদি পাই, তাহলে আরও বেশি আনন্দের হবে। তবে তিনজনের মধ্যে যে-ই পান, তাঁর জন্য অগ্রিম শুভ কামনা রইল।সেরা নির্দেশক (টিভি)অমিতাভ রেজা (ইজ ইকুয়্যাল টু)সমালোচকেরা আমাদের নাটককে মনোনয়ন দিয়েছেন, খুশির খবর। এই নাটকের সঙ্গে যুক্ত সবাই ভালোবাসা নিয়ে কাজটি করেছিল। তাদের সবাইকে জানাই অভিনন্দন। ওয়াহিদ তারেক (সম্পর্কের দানা) কী বলব, বুঝতে পারছি না। বাকরুদ্ধ। নাটকটি নির্মাণ করেছিলাম পাঁচ বছর আগে। কোনো চ্যানেল তখন নাটকটি প্রচার করতে রাজি হয়নি। কীভাবে কীভাবে যেন নাটকটি প্রচার হয়ে যায় গত বছর, এটাও ছিল আমার কাছে বিস্ময়ের ব্যাপার। এমনকি মনোনয়নের খবর শুনেও বিস্মিত হচ্ছি এ কারণে, নাটকটি যে জমা পড়েছিল সে খবরও জানতাম না।নুরুল আলম আতিক (বিকল পাখির গান) মেরিল-প্রথম আলো পুরস্কার ২০০২-এ চতুর্থ মাত্রা নাটকের জন্য সেরা নির্দেশক, চিত্রনাট্যকারের মনোনয়ন পেয়ে দুটি পুরস্কারই অর্জন করেছিলাম। এরপর অনেক বছর কোনো পুরস্কারে নাটক জমা দিইনি। এবারও শেষ মুহূর্তে জমা দিয়েছিলাম। কোনো প্রত্যাশা ছিল না। মনোনয়ন পেয়ে বেশ ভালো লাগছে।সেরা চিত্রনাট্যকার (টিভি)আশরাফী মিঠু (ছুটি)মুহম্মদ জাফর ইকবালের বৃষ্টি গল্প নিয়ে ছুটি নামে এই নাটকটি করেছি। আমার মেয়েও এই নাটকে প্রথম অভিনয় করেছে। চিত্রনাট্যকার বিভাগে সমালোচক পুরস্কারে মনোনয়ন পাওয়ায় আমি খুবই আনন্দিত। এর আগেও আমি নির্দেশক হিসেবে একবার মনোনয়ন পেয়েছিলাম। মেরিল-প্রথম আলো পুরস্কারে মনোনয়ন পাওয়াটাও আমার কাছে পুরস্কার পাওয়ার সমান মনে হয়। নুরুল আলম আতিক (বিকল পাখির গান) পুরস্কার না পেলেও দুঃখ নেই। অনেক বছর পর নাটক জমা দিয়ে দুটি বিভাগে মনোনয়ন পেয়েছি, নাটকের অভিনেত্রী দিহান মনোনয়ন পেয়েছে—এতেই আমি ভীষণ খুশি। শিবু কুমার শীল (কেউ নয় শূন্যতা)খুব ভালো লাগছে। দুই বছর আগে প্রথমবার মেরিল-প্রথম আলো পুরস্কারে মনোনয়ন পেয়েছিলাম। তবে সেটি আমার মৌলিক গল্প ছিল না। এবারই প্রথম মৌলিক গল্প নিয়ে কাজ করেছি। মেরিল-প্রথম আলো পুরস্কারের মতো দেশের সবচেয়ে সম্মানজনক পুরস্কারে মনোনয়ন পেয়ে আমি বিচারকদের কাছে কৃতজ্ঞ। ধন্যবাদ জানাই কেউ নয় শূন্যতা নাটকের পরিচালক মেজবাউর রহমান সুমন, অভিনেতা ইরেশ যাকের ও অন্যান্য শিল্পী-কলাকুশলীকে। সেরা চলচ্চিত্র অভিনয়শিল্পী (পুরুষ ও নারী)চঞ্চল চৌধুরী (মনপুরা)সব ধরনের মানুষের কাছেই মনপুরা ভালো লেগেছে। আমি যে এ ছবিতে অভিনয়ের জন্য সমালোচকদের দৃষ্টিতে মনোনয়ন পেয়েছি, এটা অবশ্যই খুশির খবর। দেখা যাক, তাঁরা কী রায় দিয়েছেন।মামুনুর রশীদ (মনপুরা)চলচ্চিত্রে আমি আসলে বড় ধরনের চরিত্রে তেমন একটা কাজ করিনি। তবে এবারই মনপুরাতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে কাজ করলাম। এ ধরনের একটি ছবিতে কাজ করে এমন একটি সম্মানজনক পুরস্কারের জন্য মনোনয়ন পাওয়াটা তো সুখবরই আমার জন্য। পুরস্কার পেলে হয়তো আরও ভালো লাগবে। রিয়াজ (মন ছুঁয়েছে মন)আমি এর আগে সেরা নায়ক হিসেবে সমালোচক পুরস্কার পেয়েছিলাম। এবারও মনোনয়ন পেয়েছি। খবরটি আনন্দের। পুরস্কার পেলে আরও ভালো লাগবে। ফারহানা মিলি (মনপুরা)আমি খুবই খুশি। আসলে এক ধরনের কৌতূহলী হয়ে আছে আমার মন। মনপুরা আমাকে অনেক বড় একটি জায়গায় নিয়ে গেছে। জনপ্রিয় শাখার পাশাপাশি আমি যে সমালোচক বিভাগেও মনোনয়ন পেয়েছি, এটা খুবই আনন্দের সংবাদ আমার জন্য।তিশা (থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার) ধন্যবাদ জুরি বোর্ডের সদস্যদের। সেই সঙ্গে ধন্যবাদ জানাতে চাই ছবির শিল্পী ও কলাকুশলীদের। সবার চেষ্টার কারণেই একটি ভালো ছবি নির্মাণ করা সম্ভব হয়েছিল। এমন একটি ছবির জন্য মনোনয়ন পাওয়াটা তো অবশ্যই আনন্দের।সিমলা (গঙ্গাযাত্রা)খুবই ভালো লাগছে। জানি না কে পুরস্কার পাবে। তবে আমার অভিনয় যে বিচারকদের কাছে ভালো লেগেছে, এতেই আমি অনেক আনন্দিত। সেরা চলচ্চিত্র পরিচালকগিয়াস উদ্দিন সেলিম (মনপুরা)এর আগে আমি নাটক নির্মাণের জন্য সমালোচক পুরস্কার পেয়েছিলাম। এবার চলচ্চিত্র নির্মাণের জন্য মনোনয়ন পেয়েছি। খবরটি জেনে খুশি লাগছে। আমার তো মনে হয়, মনপুরা ছবির জন্য আমার পুরস্কার পাওয়া উচিত। ছবিটি সব মহলেই ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।মোস্তফা সরয়ার ফারুকী (থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার)মনোনয়ন পেয়ে ভালো লাগছে। প্রতিক্রিয়া ভালো। আমি আসলে এই সুযোগে ছবির সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাতে চাই। দর্শকেরা ছবিটি দেখেছেন, তাই সবাইকে অনেক ধন্যবাদ। আর পুরস্কার পাব কি পাব না, তা এ মুহূর্তে বলা খুবই কঠিন।সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড (গঙ্গাযাত্রা)আমার কাজ সব সময় অন্য রকম হয়। একটি গল্প নিয়ে ছবি নির্মাণ করি। সেই গল্পের প্রয়োজনেই বিভিন্ন লোকেশনে যাই। গঙ্গাযাত্রা নিয়ে আমাকে সেসব জায়গায়ই যেতে হয়েছে। ছবিটি যে মনোনয়ন পেয়েছে এটা জেনে আমি আনন্দিত হলাম। সেরা চলচ্চিত্র গঙ্গাযাত্রা (ফরিদুর রেজা সাগর)এই ছবিটির কাজ প্রথমে শুরু করেছিলেন অহিদুজ্জামান ডায়মন্ড। পরে ইমপ্রেস এটি কিনে নিয়েছে। আমরা আসলে ভালো কাজের পৃষ্ঠপোষকতা করি। সেদিক থেকে গঙ্গাযাত্রা ছিল একটি ভিন্নধর্মী ছবি। এটি মনোনয়ন পাওয়ায় আমি জুরি বোর্ডের বিচারকদের ধন্যবাদ জানাই।থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার (ফরিদুর রেজা সাগর)মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কারে আমি প্রতিবারই মনোনয়ন পাই। এটাই আমাদের জন্য একটা বড় পুরস্কার। আবার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার-এর জন্য মনোনয়ন পেয়েছি, এটা অবশ্যই একটি ভালো খবর আমার এবং আমার প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্মের জন্য। মনপুরা (মাছরাঙা প্রোডাকশন লিমিটেড)মাছরাঙা প্রোডাকশন্স লিমিটেডের প্রযোজনায় নির্মিত মনপুরা ছবিটি সুস্থধারার চলচ্চিত্রকে উৎসাহিত করার পাশাপাশি সাধারণ মানুষের বিনোদনের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। গিয়াস উদ্দীন সেলিমের নির্দেশনায় মাছরাঙার সার্বিক তত্ত্বাবধানে নির্মিত মনপুরা বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি সমালোচকদের কাছেও হয়েছে প্রশংসিত। সবচেয়ে বড় অর্জন, এই ছবির মাধ্যমে বাংলাদেশের সাধারণ দর্শক আবার হলমুখী হয়েছে। এর সাফল্যে আমরা আনন্দিত।সেরা টিভি অভিনয়শিল্পী (পুরুষ)অপূর্ব (এক্সফ্যাক্টর-২)আমি এবার নিয়ে মেরিল-প্রথম আলো তারকা জরিপ পুরস্কারে চারবার মনোনয়ন পেলাম। প্রতিবারই বড় বড় অভিনেতার সঙ্গে মনোনয়ন পেয়ে থাকি। এই মনোনয়ন আমাকে উৎসাহিত করে। যদিও একবারও পুরস্কার পাইনি। তবে না পেলেও খুশি। দর্শকেরা ভালোবেসে আমাকে ভোট দেন, তাঁদের কাছে কৃতজ্ঞ।চঞ্চল চৌধুরী (পাত্রী চাই)২০০৯-এ যত নাটক করেছি, আমার মনে হয়েছে, তার মধ্যে সবচেয়ে দর্শক-পছন্দের নাটক পাত্রী চাই। এ নাটকটির জন্যই আমি এবার মনোনয়ন পেয়েছি। আমি মনে করি, দর্শক তাঁদের রায় আমার জন্য ঠিক জায়গায় রেখেছেন। জাহিদ হাসান (একা)আমি দর্শকের জন্য কাজ করি। সেই দর্শকই আমাকে মনে রাখবেন, এটা-ই চাই। মেরিল-প্রথম আলো তারকা জরিপ ২০০৯-এর জন্য দর্শকেরা আমাকে মনোনীত করেছেন। দর্শকদের ধন্যবাদ।ফজলুর রহমান বাবু (দৈনিক তোলপাড়)দৈনিক তোলপাড় নাটকটির জন্য দর্শকেরা আমাকে মনোনীত করেছেন। এ জন্য দর্শকদের ধন্যবাদ জানাই। এই তারকা জরিপ পুরস্কারে মনোনয়ন পাওয়াটাই বড় ব্যাপার। শেষ পর্যন্ত পুরস্কার পেলে আরও বেশি খুশি হব।মোশাররফ করিম (হাউসফুল)আমি হাউসফুল ধারাবাহিকে অভিনয়ের জন্য এ বছর মনোনয়ন পেয়েছি। এ নাটকটি খুবই জনপ্রিয়তা পেয়েছিল। দর্শকেরা ওই জনপ্রিয়তার কথা ভোট দিয়ে জানান দিয়েছেন। মেরিল-প্রথম আলো তারকা জরিপে মনোনয়ন পাওয়াটাই আমার কাছে পুরস্কারের সমান সম্মানের মনে হয়। আর শেষ পর্যন্ত পুরস্কার জিতে নিতে পারলে তো আর কথাই নেই!সেরা চলচ্চিত্র অভিনয়শিল্পী (নারী)অপু বিশ্বাস (মনে বড় কষ্ট)এবার নিয়ে সম্ভবত তিনবার মনোনয়ন পেলাম। চূড়ান্ত পর্বে আমিসহ আরও যারা আছি, সবাই নিজ নিজ জায়গায় ভালো করেছি। এখন দর্শক ও ভক্তরা কাকে বিজয়ী করবেন, সেটা জানার অপেক্ষাতেই আছি।তিশা (থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার)পর পর দুই বছর আমি সেরা মডেল হিসেবে পুরস্কার পেয়েছি। এরপর আমি মডেল ও সেরা অভিনেত্রী হিসেবে মনোনয়ন পেয়েছি। এবারই প্রথম চলচ্চিত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছবির জন্য মনোনয়ন পেলাম। এর কৃতিত্ব আসলে আমি দেব দর্শক ও ভক্তদের।মিলি (মনপুরা)আগে আমি মেরিল-প্রথম আলো পুরস্কারের অনুষ্ঠাটি গিয়ে দেখতাম। তখন আমি নাটকে কাজ করেছি। সে সময় মনে করতাম, যদি একদিন আমিও মনোনয়ন বা পুরস্কার পেতাম, খুবই ভালো লাগত। আজ সত্যি সত্যি সে রকম একটা জায়গায় এসেছি মনপুরা ছবির জন্য। মীম (আমার প্রাণের প্রিয়)মনোনয়ন পেয়েছি এর আগেও। সেবারই আমি সমালোচক শাখায় সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছি। এবার আমি জনপ্রিয় শাখায় মনোনয় পেয়েছি, আমার তো মনে হচ্ছে যে এতেই আমার পুরস্কার পাওয়া হয়ে গেছে। জানি না এবার দর্শকেরা কী রায় দিয়েছেন?শাবনূর (বলব কথা বাসর রাতে)নয়বার আমি এই পুরস্কার পেয়েছি। আমাকে যদি প্রশ্ন করেন যে, আমার অভিনয়জীবনের সবচেয়ে বড় পাওয়া কী, আমি বলব, অনেকগুলোর মধ্যে এই পুরস্কারপ্রাপ্তি একটি অন্যতম বড় পাওয়া। নয় থেকে দশবার হবে কি হবে না, এটা আসলে ৯ এপ্রিল সন্ধ্যার আগে কিছুই বলা যাচ্ছে না।সেরা কণ্ঠশিল্পী (পুরুষ)আইয়ুব বাচ্চু (বলিনি কখনো)সেরা কণ্ঠশিল্পীর এই মনোনয়ন পেয়ে আমি আনন্দিত, অভিভূত এবং চমকিত। ধন্যবাদ জানাই সেই সব পাঠক-শ্রোতাকে, যারা বহু কষ্ট করে ভোট দিয়ে আমাদের এই পর্যায়ে তুলে এনেছেন। আসিফ (বন্ধু তোর খবর কিরে)২৫ মার্চ থেকে আমি গানসম্পর্কিত সবকিছু থেকে বিদায় নিয়েছি। সেই হিসেবে এটিই আমার শেষ মনোনয়ন। কিন্তু এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না। অনুভূতি থাক নিজের কাছে। বালাম (স্বপ্নের পৃথিবী)এর আগে একবার আমি এই পুরস্কার পেয়েছি। মনোনয়নটাই অবশ্য আমার কাছে বড় কথা। শ্রোতাদের এই ভালোবাসার প্রতিদানে আরও ভালো ভালো গান করার চেষ্টা করে যাব। হাবিব (দ্বিধা)এই মনোনয়ন ভালো কাজ করার একধরনের স্বীকৃতি। আগামী বছর আরও ভালো কিছু করার উৎসাহ জাগায়। এর আগেও আমি এ পুরস্কার পেয়েছি। পুরস্কারটি সারা বছর শ্রোতাদের কাছে আমাদের দায়বদ্ধতার কথা মনে করিয়ে দেয়। হূদয় খান (বল না তুই বল না)অনেক ভালো লাগছে মনোনয়ন পেয়ে। বড় বড় যে নামের সঙ্গে আমার নাম এসেছে, তাঁরা সবাই আমার অনেক শ্রদ্ধার। তাঁদের নামের পাশে নিজের নাম দেখেই অনেক ভালো লাগছে। যাঁরা আমাকে ভোট দিয়ে এ পর্যন্ত নিয়ে এসেছেন, তাঁদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা।সেরা টিভি অভিনয়শিল্পী (নারী)জয়া আহসান (তারপরও আঙুরলতা নন্দকে ভালোবাসে) সত্যি বলতে আমার কেন জানি বিশ্বাসই হয় না, তারিন, রিচি, তিশা, শিমুর সঙ্গে আমার নাম কেন? ওরা তো আমার তুলনায় অনেক গুণী এবং জনপ্রিয় অভিনেত্রী। এঁদের সঙ্গে পাঠক-ভক্তরা যে এক কাতারে আমাকে দাঁড় করিয়েছেন, তাতেই আমি মুগ্ধ, কৃতজ্ঞ।তারিন (তুমি আমার মা)আমি এর আগে বেশ কয়েক বছর মনোনয়ন পেয়েছি। দুবার পুরস্কারও পেয়েছি। এবারও আমি মনোনয়ন পেয়েছি। এই মনোনয়নের গুরুত্ব অনেক। কেননা, এটি পাঠকের পছন্দের মনোনয়ন। আমরা দর্শকের জন্য নাটক করি। সেই দর্শকই ভালোবেসে ভোট দিয়ে চূড়ান্ত পর্যায়ে এনেছেন। এ জন্য আমি কৃতজ্ঞ।তিশা (প্রভাতী সবুজ সংঘ)এর আগেও আমি মনোনয়ন পেয়েছি। এবারও দর্শকের ভালোবাসায় মনোনয়ন পেয়েছি। চূড়ান্ত পর্যায়ে পুরস্কার পেলে খুশি হব, না পেলেও খুশি হব। আশা করব, দর্শকের ভালোবাসা অব্যাহত থাকবে।রিচি সোলায়মান (তোমার দোয়ায় ভালো আছি মা)এর আগে সমালোচক শাখায়পুরস্কার পেয়েছিলাম। এবার তারকা জরিপে মনোনয়ন পেয়ে ভালোই লাগছে। তবে একটা টেনশনও কাজ করছে। সুমাইয়া শিমু (ললিতা)মেরিল-প্রথম আলো তারকা জরিপ ২০০৮-এ আমি দর্শকের পাঠক জরিপে শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছিলাম। এবারও দর্শকেরা আমাকে তাঁদের পছন্দের তালিকায় রেখেছেন। দর্শকের ভালোবাসা এভাবে অব্যাহত থাকলে আরও এগিয়ে যেতে পারব।সেরা চলচ্চিত্র অভিনয়শিল্পী (পুরুষ)ইমন (পিরিতির আগুন জ্বলে দ্বিগুণ)সেরা মডেল হিসেবে মেরিল-প্রথম আলোর মতো সম্মানের একটি পুরস্কার পেয়েছিলাম। এরপর মনোনয়ন পেয়েছি। এই মনোনয়ন পাওয়াটাকে আমি অনেক বড় করে দেখি। এভাবেই হয়তো একদিন আমি দর্শকের আরও কাছাকাছি এগিয়ে যাব।চঞ্চল চৌধুরী (মনপুরা)আমি এর আগে মডেল ও সমালোচক পুরস্কারে সেরা চলচ্চিত্র অভিনেতার পুরস্কার পেয়েছি। এবারই প্রথম তারকা জরিপ বিভাগে সেরা নায়কের মনোনয়ন পেয়েছি। একধরনের ভালো তো লাগছেই। এবার পুরস্কার পাব কি না, তা নিশ্চিত করে বলতে পারছি না। তবে এতটুকু বলতে পারি, মনপুরা সবার প্রিয় একটি ছবি। মোশাররফ করিম (থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার)আমি গতবার সমালোচক শাখায় টিভি নাটকে পুরস্কার পেয়েছিলাম। এবারই প্রথম আমি জনপ্রিয় শাখায় চলচ্চিত্র বিভাগে মনোনয়ন পেলাম। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছবিটির জন্য আমি মনোনয়ন পেয়েছি। পুরস্কারটি পাব কি না বলতে পারছি না। কেননা, এটা একটা জনমত রায়ের ব্যাপার। আমি আসলে রায়টা জানার অপেক্ষায় আছি।রিয়াজ (এবাদত)মেরিল-প্রথম আলোর তারকা জরিপে একাধিকবার পুরস্কার পেয়েছি। এ বছর এমনিতেই অনেক আনন্দে আছি। মেরিল-প্রথম আলো পুরস্কার প্রদানের পরদিনই আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে যাচ্ছি। আর যদি মেরিল-প্রথম আলো পুরস্কারও পেয়ে যাই, তবে সেটা হবে বেশ আনন্দের। শাকিব খান (বলব কথা বাসর ঘরে)একবার সমালোচক পুরস্কারের জন্য, অন্যবার জনপ্রিয় শাখায় সেরা নায়কের পুরস্কার পেয়েছি। এবার কী হবে, তা নিজেও জানি না। একটু একটু টেনশন তো কাজ করে। একটা পুরস্কার পাওয়া মানে কাজের উৎসাহ পাওয়া। অবশ্য আমি জীবনের সবচেয়ে বড় পুরস্কারটি এরই মধ্যে পেয়ে গেছি, আর তা হচ্ছে দর্শকের ভালোবাসা। সেরা কণ্ঠশিল্পী (নারী)কনক চাঁপা (বলব কথা বাসর ঘরে)ভালো লাগছে। ধন্যবাদ জানাই আমার সব শ্রোতা, পাঠক ও ভক্তকে। দোয়া করবেন যেন আরও অনেক দিন গান করে যেতে পারি। জুলি (স্বপ্নের পৃথিবী)মেরিল-প্রথম আলো পুরস্কার অনেক সম্মানের। দেশসেরা এই আয়োজনে মনোনয়ন পাওয়ার খবর যখন প্রথম পেলাম, খুবই ভালো লেগেছে। আমি মনে করি, এখানে মনোনয়ন পাওয়াটাই অনেক বড় ব্যাপার।ন্যান্সি (দ্বিধা)মেরিল-প্রথম আলো পুরস্কার সবচেয়ে আস্থার একটা জায়গা। ভালো কাজকে তারা যেভাবে উৎসাহ দিচ্ছে তাতে আরও ভালো কাজ হবে। আমার কাছে এর আবেদন অন্য রকম। পুরস্কার পেলে আরও ভালো লাগবে। তবে মনোনয়নটাও কম পাওয়া নয়।মিলা (রিডিফাইন্ড)চূড়ান্ত পর্বে মনোনয়ন পেয়ে ভালো লাগছে। আমার বিশ্বাস, আমি এবার পুরস্কার পাব না। তবে আশা করি, যোগ্যতম মানুষটাই পুরস্কার পাবেন। আমার শ্রোতাদের জানাই অনেক অনেক ভালোবাসা। তাঁদের জন্যই এই স্বীকৃতি। শিরিন (মাতোয়ালি) (ইন্টারনেটের মাধ্যমে)মনোনয়নের খবর শুনে অনেক ভালো লাগছে। এই অ্যালবামটি নিয়ে অনেক কষ্ট করেছি। খুব ভালো লাগত যদি এখন বাংলাদেশে থাকতে পারতাম। দেশকে, দেশের প্রিয় মানুষদের খুব মিস করছি। কৃতজ্ঞতা জানাই আমার ভক্ত-শ্রোতাদের, যাঁরা আমাকে ভোট দিয়ে মনোনীত করেছেন।