
আগামী ৫ মে বাংলাদেশ শিল্পী সমিতির নির্বাচন সামনে রেখে আনুষ্ঠানিক প্রচার শুরু হলো। গতকাল রোববার এফডিসির শিল্পী সমিতির কার্যালয়ে অনাড়ম্বর পরিবেশে মনোনয়নপত্র জমা দেওয়ার মধ্য দিয়েই এই প্রচার শুরু হয়। ১৮ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।
আগে থেকে এই নির্বাচনে ওমর সানী-অমিত হাসান, মিশা সওদাগর-জায়েদ খান—এই দুটি প্যানেলের প্রতিদ্বন্দ্বিতার খবর থাকলেও শেষ পর্যন্ত ড্যানি সিডাক-ইলিয়াস কোবরা নামে আরেকটি প্যানেল মনোনয়নপত্র জমা দেয়।
সব প্যানেলের মনোনয়নপত্র জমা শেষে গতকাল সন্ধ্যায় নির্বাচন কমিশনের চেয়ারম্যান মনতাজুর রহমান আকবর জানিয়েছেন, শিল্পী সমিতির ২১ পদের বিপরীতে মোট ৫৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচনে মোট ভোটার ৬২৪।
সব প্যানেল থেকে একাধিক পদে তারকা শিল্পীরা একে অন্যের বিরুদ্ধে নির্বাচনে লড়ছেন। তাঁদের মধ্যে আছেন রোজিনা, অঞ্জনা, সুব্রত, আলীরাজ, শহিদুল আলম সাচ্চু, নাদের খান, আরমান, রীনা খান, শহীদুজ্জামান সেলিম, অরুণা বিশ্বাস, রুবেল, মৌসুমী, রিয়াজ, ফেরদৌস, বাপ্পারাজ, পপি, পূর্ণিমা, ডন, ইমন, নিরব, সাইমন।
মিশা-জায়েদ প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্যপদে প্রার্থী হয়েছেন পূর্ণিমা। মনোনয়নপত্র জমা দেওয়ার পর এই নায়িকা বলেন, ‘এর আগেও মিজু আহমেদ-মান্না প্যানেল থেকে একই পদে প্রার্থী হয়ে জয়ী হয়েছিলাম। মাঝে বেশ কিছুদিন চলচ্চিত্রে কাজ করিনি। এখন আবার টুকটাক কাজ শুরু করেছি। দেশীয় চলচ্চিত্র বাঁচানোর স্বার্থে কাজ করবে—এমন একটি প্যানেল থেকে প্রার্থী হয়েছি।’
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সানী-অমিত প্যানেলের কার্যনির্বাহী সদস্য প্রার্থী ফেরদৌস বলেন, ‘শিল্পীদের সঙ্গে মিলেমিশে থাকতে চাই। নিজের ব্যস্ততার ফাঁকে এই জায়গাটাতে কাজ করতে চাই।’