‘সাধনা কি আছে আর বিনে আত্মপরিচয় আমি বা কে, তুমি বা কে, কেবা আমি তুমি কয়?’ মানুষের আত্মপরিচয় পেতে সাধনার কী প্রয়োজন? সে কথাই এ গানে বলে গেছেন লোক-দার্শনিক মনোমোহন দত্ত। এই সাধকের জীবন ও দর্শন নিয়ে সেমিনার ও সংগীতানুষ্ঠান আয়োজিত হয়েছিল গতকাল বিকেলে। লালন রিসার্চ ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠানটি হয় শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে। ৩২ বছর বয়সের জীবনে মহর্ষি মনোমোহন দত্ত মানুষের সাধনা করে গেছেন।
লোকগবেষক সুমনকুমার দাশের লেখা মনোমোহন দত্ত: তাঁর গান, তাঁর কথা প্রবন্ধের ওপর আলোচনা করেন অধ্যাপক শ্যামা প্রসাদ ভট্টাচার্য। এতে প্রধান অতিথি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘একদিকে মনোমোহন বৈষ্ণব ধারায় গান লিখেছেন, অন্যদিকে সুফি ঘরানার ফকিরি গানও লিখেছেন। তাঁর মরমিবাদ নানা কিছু স্পর্শ করে গেছে। অল্প বয়সে লোকান্তরিত হলেও তাঁর গান, ভক্তিভাব হারিয়ে যায়নি।’ অনুষ্ঠানে বক্তব্য দেন কবি আসাদ চৌধুরী।