মন্ট্রিল চলচ্চিত্র উৎসবে দেশের দুই ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জালালের গল্প ছবির দৃশ্যে মোশাররফ করিম ও মৌসুমি হামিদ
জালালের গল্প ছবির দৃশ্যে মোশাররফ করিম ও মৌসুমি হামিদ

কানাডার মন্ট্রিলে বিশ্ব চলচ্চিত্র উৎসবের আসর বসছে ২৭ আগস্ট থেকে। মন্ট্রিল বিশ্ব চলচ্চিত্র উৎসবের এটি ৩৯ তম আসর। এ উৎ​সবে প্রদর্শিত হবে বাংলাদেশের দুটি চলচ্চিত্র। ছবি দুটির একটি আবু শাহেদ ইমনের ‘জালালের গল্প’ এবং অন্য ছবিটি রুবাইয়াত হোসেনের ‘আন্ডার কন্সট্রাকশন’।' জালালের গল্প’ ইমন পরিচালিত প্রথম এবং ‘আন্ডার কন্সট্রাকশন’ রুবাইয়াত হোসেনের দ্বিতীয় চলচ্চিত্র।

মন্ট্রিল বিশ্ব চলচ্চিত্র উৎসবের ‘ফোকাস অন ওয়ার্ল্ড সিনেমা’ বিভাগে দেখানো হবে বাংলাদেশের এই দুই ছবি। আগামী ২ সেপ্টেম্বর থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বাইরের দর্শকেরা ছবি দুটি দেখতে পাবেন। এ ধরনের একটি উৎসবে তাঁদের ছবি প্রদর্শিত হবে জেনে দারুণ উচ্ছ্বসিত নির্মাতা ইমন ও রুবাইয়াত।
প্রথম আলোর সঙ্গে আলাপে ইমন বলেন, ‘যেকোনো অর্জন অনেক বেশি আনন্দের। জালালের গল্প আমাকে এখন পর্যন্ত অনেকগুলো সুসংবাদ এনে দিয়েছে। বাংলাদেশের একজন নির্মাতা হিসেবে দেশের বাইরে এমন স্বীকৃতি ভালো কাজের ক্ষেত্রে অনেক বেশি অনুপ্রেরণা দেয়।’

‘আন্ডার কনস্ট্রাকশন’ ছবির দৃশ্যে বলিউডের শাহানা গোস্বামী ও বাংলাদেশের শাহাদাত
‘আন্ডার কনস্ট্রাকশন’ ছবির দৃশ্যে বলিউডের শাহানা গোস্বামী ও বাংলাদেশের শাহাদাত

এদিকে, রুবাইয়াত বলেন, ‘মন্ট্রিল বিশ্ব চলচ্চিত্র উৎসবের আসরে ছবি প্রদর্শনের ব্যাপারটা আমার জন্য অনেক বড় সম্মানের বিষয়। আমাদের মতো স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের জন্য এ বিষয়টা অনেক আনন্দের।’
১৯৭৭ সাল থেকে শুরু হওয়া এই চলচ্চিত্র উৎসবটি ছবির বিশ্বায়নের জন্য ভূমিকা রেখে আসছে বলে মনে করেন ইমন ও রুবাইয়াত। আরেকটা কারণে তাঁরা দুজন বেশ উচ্ছ্বসিত। বললেন, ‘এই প্রতিযোগিতামূলক উৎসবে কিন্তু বিশ্বের বাঘা বাঘা নির্মাতারা তাঁদের ছবির বিশ্ব প্রিমিয়ার করে থাকেন। এবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রদর্শিত হবে ইরানি পরিচালক মাজিদ মাজিদির “মোহাম্মদ, দ্য ম্যাসেঞ্জার অব গড” ছবিটি। আমরা জেনেছি, ইরানের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল এ ছবিতে কাজ করেছেন বিশ্বের নামীদামি সব কলাকুশলীরা। যার মধ্যে আছেন সিনেমাটোগ্রাফার হিসেবে তিন তিনবার অস্কার জয়ী ভিত্তেরিও স্তোরারো। এছাড়াও এ ছবিতে কাজ করেছেন ভারতের অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান।

আবু শাহেদ ইমন ও রুবাইয়াত হোসেন
আবু শাহেদ ইমন ও রুবাইয়াত হোসেন


মেহেরজান-খ্যাত পরিচালক রুবাইয়াত হোসেনের ‘আন্ডার কন্সট্রাকশন’ চলচ্চিত্রটি নির্মিত হয়েছে সমকালীন ঢাকা শহরের প্রেক্ষাপটে রয়া নামের মধ্যবিত্ত এক নারীর আত্ম-অনুসন্ধানের পটভূমিতে। এ বছর যুক্তরাষ্ট্রের সিয়াটল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘দ্য নিউ ডিরেক্টরস শোকেস’ বিভাগে ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। অন্যদিকে জালাল নামে একটি ছেলের জীবনের তিন অধ্যায়ের তিনটি ভিন্ন গল্প নিয়ে নির্মিত হয়েছে 'জালালের গল্প’ ছবিটি। বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে গত বছর কোরিয়ার বুসান উৎসবে ‘নিউ কারেন্টস’ বিভাগে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়ে ভারতের গোয়া ও জয়পুর, ইরানের ফজর, ফিজি, মেলবোর্ন ও পর্তুগালের আভাঙ্কা সহ আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ উৎসবে ইতিমধ্যেই ছবিটি পুরস্কৃত ও প্রদর্শিত হয়েছে। বাংলাদেশের দর্শকেরা আগামী ০৪ সেপ্টেম্বর থেকে প্রেক্ষাগৃহে জালালের গল্প ছবিটি দেখতে পারবেন। জালালের গল্প ছবির মুক্তি উপলক্ষে এরই মধ্যে ট্রেলার ছাড়া হয়েছে।