মফস্বলের পাওয়া না-পাওয়ার গল্প নিয়ে ‘সবুজ নক্ষত্র’
‘মফস্বল শহরের নানা ঘটনা ও সম্পর্কের টানাপোড়েন নিয়ে নাটকটি। রাজধানীর যান্ত্রিক জীবনের চেয়ে মফস্বল শহরের জীবন অনেক বেশি গোছানো। সম্পর্কগুলো অনেক কাছের। শহরের ছোট ছোট ঘটনা প্রভাব ফেলে সবার মধ্যে। এসব সম্পর্ক আর ঘটনা এগিয়ে নিয়ে চলে নাটকের গল্প।’ এভাবেই নিজের নতুন নাটক সবুজ নক্ষত্র নিয়ে বললেন পরিচালক গোলাম সোহরাব।আজ এই দীর্ঘ ধারাবাহিকটি শুরু হচ্ছে এনটিভিতে। পরিচালক জানালেন, মাসদুয়েক আগে মানিকগঞ্জের বেথেলি, সদর ও কিছু প্রত্যন্ত এলাকায় ধারাবাহিকটির শুটিং হয়েছে। শিগগিরই আবার কাজ শুরু হবে। নাটকটির দৈর্ঘ্য হবে শতপর্ব কিংবা তারও বেশি। গোলাম সোহরাব বললেন, ‘নাটকে মফস্বলের আসল চেহারাটা তুলে ধরার চেষ্টা করেছি। এখানে হাসি, আনন্দ, দুঃখ, বেদনা—সবই আছে।’একসময় বিটিভিতে শিশুশিল্পী হিসেবে নিয়মিত অভিনয় করতেন গোলাম সোহরাব। পরেও করেছেন। জানালেন, নাটকে প্রায় ১০ বছর পর আবার তিনি অভিনয় করছেন।নাটকটি লিখেছেন মাসুম রেজা। অভিনয় করেছেন হুমায়ুন ফরীদি, তিশা, ফারহানা মিলি, চঞ্চল চৌধুরী, জেনি, ফজলুর রহমান বাবু, দিলারা জামান, মীর সাব্বির, নিশো, এজাজুল ইসলাম প্রমুখ।