মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী
‘আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি!’—এ বাণী শুধু কাব্যে নয়, কবির জীবনেও সত্য হয়ে উঠেছিল। দারিদ্র্য ও সামাজিক অন্যায়-অবিচার-দুঃশাসন দেখে কবির মনে যে বিদ্রোহের আগুন জ্বলে উঠেছিল, সেসবই প্রকাশ করেছেন তিনি তাঁর অগ্নিঝরা লেখনীতে। আবার এই অগ্নিময় পরিবেশ-পরিস্থিতির মধ্যেই তিনি সন্ধান করেছেন মানুষের মানবিক মহিমার। গেয়েছেন প্রেম, প্রীতি, প্রকৃতির অপার সৌন্দর্যের গান। তিনি কাজী নজরুল ইসলাম। আমাদের জাতীয় কবি।গতকাল শুক্রবার শাহবাগের জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে জাতীয় কবির ১১২তম জন্মবার্ষিকী উপলক্ষে নজরুলসংগীত শিল্পী পরিষদ আয়োজন করেছিল দিনব্যাপী অনুষ্ঠান। শিরোনাম ‘মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণ-তূর্য’। এতে সহায়তা করেছে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক। ছুটির দিনের সকাল। জাদুঘরের প্রাঙ্গণে এবং মিলনায়তনে শোভা পাচ্ছে নজরুলের বিভিন্ন রকম প্রতিকৃতি আঁকা পোস্টার ও ব্যানার। মূল ব্যানারে বাঁশি হাতে নজরুল। পাশে লেখা মিলনায়তনের প্রবেশপথ গাঁদা ফুলসহ নানা ধরনের কারুশিল্প দিয়ে সাজানো। সকালে দিনের প্রথম অধিবেশনের শুরুতে ছিল সম্মাননা প্রদান। ২০ জেলা থেকে আসা নজরুলশিল্পী, গবেষক, প্রশিক্ষক ও সংগঠকদের সম্মাননা দেওয়া হয়। এ পর্বে ফরিদপুরের করুণাময় অধিকারী, গাজীপুরের হাসান পারভেজ, জামালপুরের শিউলি চৌধুরী, পাবনার আবুল কাশেম, সিরাজগঞ্জের সালামত হোসেন চৌধুরী, গোপালগঞ্জের নিপূর্ণা বিশ্বাস, রাজশাহীর রিয়াজউদ্দীন আহমেদ, চট্টগ্রামের কাজী আয়েশা আমান, যশোরের শাহ মোহাম্মদ গোলাম মোরশেদ, খুলনার এ বি এম শওকত আলী, চুয়াডাঙ্গার শরিফউদ্দীন বিশ্বাস, বরিশালের নজরুল আমিন চৌধুরী, টাঙ্গাইলের ইব্রাহিম হোসেন, সিলেটের হিমাংশু বিশ্বাস ও ঝিনাইদহের অজয় দাশের হাতে সম্মাননা সনদ এবং ক্রেস্ট তুলে দেন কেন্দ্রীয় পরিষদের শিল্পীরা। পরে বাংলাদেশ শিশু একাডেমী আয়োজিত শিশু-কিশোর প্রতিযোগিতায় আটটি অঞ্চলের ‘ক’ ও ‘খ’ বিভাগে নজরুলসংগীত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী শিশুশিল্পী অদিতি দেবনাথ, আফরিদা জামান, আফসানা আরবি, দেবশ্রী তালুকদার, ফাহমিদা হক, ফরিদা রহমান, ইশরাত জাহান, সাইদুজ্জামান রিয়ার, নন্দিতা ঘোষ, নওরীন রহমান, স্বর্গ তৌহিদ, সিরাজুম মুনীর, তিথি দাশ ও আনিকা নওশীন নজরুলসংগীত গেয়ে শোনায়।বিকেলে দ্বিতীয় অধিবেশনে নজরুল গবেষক আসাদুল হক ‘নজরুলসংগীতের সমস্যা ও সমাধান’ শীর্ষক মূল প্রবন্ধ পড়েন। তিনি বলেন, ‘নজরুল ছিলেন স্বকীয় ব্যুৎপত্তিসমৃদ্ধ সংগীতজ্ঞ। রাগরাগিণী, তাল-লয়-মাত্রা ছিল তাঁর পূর্ণ নিয়ন্ত্রণে। কাজেই এটা নিশ্চিত যে নজরুলসংগীতে কোনো সমস্যা নেই। সমস্যা চর্চার ক্ষেত্রে। যা অবস্থাভেদে বাণী, সুর, তাল-লয়ের মতো মৌলিক বিষয়গুলোকে পরিবর্তন বা বিকৃতির দোষে দুষ্ট করেছে।’ সন্ধ্যায় শুরু হয় সমাপনী অধিবেশন। সমবেতভাবে ‘ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি’, এবং ‘চল্ চল্ চল্, ঊর্ধ্ব গগনে বাজে মাদল’ পরিবেশনা দিয়ে শুরু হয় অনুষ্ঠান। কবি আসাদ চৌধুরীর সভাপতিত্বে এই পর্বে নজরুলসংগীত শিল্পী পরিষদ পদক দেওয়া হয় বিশিষ্ট শিল্পী খালিদ হোসেন ও রফিকুল ইসলামকে। সুদৃশ্য ক্রেস্ট ও ৫০ হাজার টাকার একটি করে চেক এবং ফুলের তোড়া তুলে দেওয়া হয় দুই শিল্পীর হাতে। এ সময় উপস্থিত ছিলেন নজরুলসংগীত শিল্পী পরিষদের সভাপতি ফেরদৌসী রহমান, সাধারণ সম্পাদক সুজিত মোস্তফা, কবির পৌত্রী খিলখিল কাজী প্রমুখ। পরে নজরুলের বিভিন্ন ধরনের গান গেয়ে শোনান পরিষদের নবীন-প্রবীণ শিল্পীরা। একক কণ্ঠের শিল্পীদের মধ্যে ছিলেন, শাহীন সামাদ, ফাতেমা-তুজ-জোহরা, ফেরদৌস আরা, খায়রুল আনাম, ডালিয়া নওশীন, নাশিদ কামাল, লীনা তাপসী খান, এম এ মান্নান, রাহাত আরা গীতি, রেবেকা সুলতানা, সালাউদ্দীন আহমেদ, সুজিত মোস্তফা, ইয়াকুব আলী খান, ইয়াসমিন মুশতারী, খিলখিল কাজী প্রমুখ। এতে ‘বাজে মঞ্জুল মঞ্জীর রিনিকিঝিনি’র মতো যেমন ছিল কীর্তন আঙ্গিকের গান, তেমনি ছিল ‘আধো ধরণী আলো’, ‘আমি চাঁদ নহি অভিশাপ’, ‘আলগা করো খোঁপার বাঁধন’ এসব গান। গানের ফাঁকে ফাঁকে ছিল নাচ ও কবিতা আবৃত্তি। ‘রিম্ ঝিম্ রিম্ ঝিম্ ঘন দেয়া বরষে’ গানে সঙ্গে মুনমুন আহমেদ নৃত্য পরিবেশন করেন।