মমতা শঙ্করের সঙ্গে এক দুপুরে

উদয় শঙ্করের মেয়ে আপনি। ছেলেবেলাটা কেমন ছিল?
মমতা: অত্যন্ত সহজ-সরল। বাবা-মা এমন ব্যবহার কখনো করেননি যে তাঁরা সেলিব্রিটি। বাবা সব সময় বলতেন, ও নিজের মতো বেড়ে উঠুক। যখন বড়রা মহড়া করছে, তাঁদের পায়ের মাঝখান দিয়ে নেচে বেড়াতাম। বাড়ির মহলটাই ছিল এমন যে সেখানে কস্টিউম তৈরি হচ্ছে, বাজনা বাজছে, সেট তৈরি হচ্ছে। আমি এসব ঘুরে ঘুরে দেখতাম, একটু হাত লাগাতাম। এই করে করে বোধ হয় অজান্তেই আমার ভেতরে জিনিসগুলো এসে গেছে। আমি নাচ শিখেছি অনেক পরে।
আপনার নৃত্যধারায় কার প্রভাব বেশি, বাবা নাকি মায়ের?
মমতা: বাবা যে অত বড় মাপের নৃত্যশিল্পী, সেটা তিনি বেঁচে থাকতে বুঝিনি। কিন্তু বাবা কী ছিলেন, সেটা মা আমাকে বুঝিয়েছেন। বাবার প্রভাবটাই মায়ের মধ্য দিয়ে আমার মধ্যে এসেছে। যখন মা-বাবা মঞ্চে নাচতেন, যে পোশাকগুলো তাঁরা ছাড়তেন, সেগুলো জড়িয়ে নিয়ে মঞ্চের পাশে দাঁড়িয়ে নাচতাম। সবচেয়ে মজার ঘটনা ছিল, কোনো গ্রামের দৃশ্য থাকলে বাবা আমাকে কোলে তুলে নিয়ে মঞ্চে একটা চক্কর দিয়ে আসতেন।
আপনাদের ডান্স-প্রোডাকশনগুলোর অনেকগুলো রবীন্দ্রনাথের রচনা। কেন?
চন্দ্রোদয়: এটা অনেকটা ওপরে যিনি বসে আছেন, তাঁর কিছুটা হাতও আছে। উদয় শঙ্কর আর রবীন্দ্রনাথ ঠাকুরের যোগসূত্র কিন্তু একজনই, স্যার উইলিয়াম রদেনস্টাইন। তিনিই প্রথম গীতাঞ্জলি পড়ে কীটসকে পড়তে বলেছিলেন, আর তাঁরই ছাত্র ছিলেন উদয় শঙ্কর। উদয় শঙ্করকে প্রথম যিনি আশীর্বাদ করেছিলেন, ভারতীয় সংস্কৃতিকে পশ্চিমে পৌঁছে দেওয়ার জন্য, তিনি কিন্তু রবীন্দ্রনাথ। সে জন্য তিনি ঘুরেফিরে এসে যাবেনই। যোগসূত্রটা ও রকমই হয়তো...

উদয় শঙ্করের সময় থেকে এখনকার ভারতীয় নৃত্যের বিবর্তনকে কীভাবে দেখেন?
মমতা: আমার কাছে খুব কষ্টের। সবাই সমসাময়িক বলতে ভেবেছে প্রাচ্য আর পাশ্চাত্যের নাচের মিশ্রণ। এটা যে কত ভুল! আমরা সারা পৃথিবীর ভালো জিনিসটাকে নেব। কিন্তু নিয়ে সেটাকে নিজের মতো একটা নতুন জিনিস করে উপস্থাপন করব। উদয় শঙ্করের নৃত্যধারায় অনেক স্বাধীনতা, কিন্তু তার একটা নিজস্ব নিয়মও আছে। বাবা বলে গেছেন, আমি যেটা করেছি, সেটাই হুবহু করো না। তিনি বিদেশ থেকে যেটা এনেছিলেন, সেটা হলো শোম্যানশিপ। কী রকম আলো হবে, কী পোশাক হবে, কোথায় কাকে দাঁড় করানো হবে। আর সবচেয়ে বড় কথা সময়টা ছোট হবে।
অভিনয়ে কীভাবে এলেন?
মমতা: অভিনয়ের পেছনে বাবার হাত আছে। আয়নার সামনে দাঁড় করিয়ে দিয়ে বলতেন, একটা কথা কত রকমভাবে বলা যায় বলতে থাকো। পরে কলেজে ওঠার পর ছবিতে এসেছি। তখন মৃণাল সেনের তিনটি ছবিতে দাদা (আনন্দ শঙ্কর) মিউজিক করেছিলেন। সেই থেকে মৃণালদা বলতেন অভিনয় করতে। পড়াশোনা করতে ভালো লাগত না বলে একদিন তাঁকে ফোন করে বললাম, ‘আমি ছবি করতে চাই।’ তখন তিনি মৃগয়ার কথা ভাবছিলেন। তো বললেন, ‘একটা সাঁওতালি মেয়ের চরিত্র করতে হবে। শরীরে কালো রং করা হবে।’ সে কুৎসিত এক চেহারা হলো। স্বাভাবিক কালো নয়। তখন আমি বললাম রোদে পুড়ে কালো হব। মৃণালদার পরের ছবি ওকা উরি কথাতেও আমি কালো হয়েছি। আমার ভাগ্য যে আমি এত ভালো ভালো পরিচালকদের সঙ্গে কাজ করেছি।
বেছে বেছে ছবি করেছেন। কমার্শিয়াল ফিল্ম করতে ইচ্ছা হয়নি?
মমতা: করেছি। কিন্তু কোনো কারণে মেলেনি হয়তো।
সত্যজিৎ রায়ের ছবিতে কীভাবে এলেন?
মমতা: আমি ঘুমাচ্ছিলাম। চন্দ্রোদয় খবরের কাগজ পড়ে বলল, সত্যজিৎ রায় আবার ছবি করছেন। ঘুমের ঘোরেই বললাম, যদি আমায় নিতেন! কিছুক্ষণ পর আমাকে জাগিয়ে হাতে ফোন দিয়ে বলল, সত্যজিৎ রায়! আমি ভয়ে ভয়ে বললাম, মানিক কাকা, আমাকে একটা সুযোগ দেবেন? বললেন, ‘তোমার কথা একেবারে ভাবিনি তা নয়!’ কিছুদিন পরে আবার ফোন করলে তিনি বলেন, ‘তোকে কেউ বলেনি? তুই তো আমার ছবিতে আছিস!’ গণশত্রু হলো, শাখা-প্রশাখাতেও আমায় নিলেন। শুটিংয়ের শেষ দিন আমি আর দীপঙ্কর দে বলছিলাম, আর কি সুযোগ হবে? এরপর আমি ইউরোপ সফরে গেছি। সেখানে মানিক কাকার ফোন, ‘আমি ছবি করছি, সেখানে উৎপল দত্ত, দীপঙ্কর আছে, আর আমি তোকে চাইছি।’ যে সময়টায় শুটিং, তখন প্যারিসে আমার শো। বললাম, ‘মানিক কাকা, একদিন সময় দিন। শোটা বাতিল করা যায় কি না দেখি।’ ফোন করে জানলাম, সব টিকিট বিক্রি হয়ে গেছে, এখন কিছুই করার নেই। আমার বুক ফেটে যাচ্ছে মানিক কাকাকে বলতে, ‘পারছি না।’ শুনে বললেন, ‘তুই যদি না করিস তাহলে আমি আর ছবিটা করব না। বাবু (সন্দ্বীপ রায়) একটা ছবি করবে, সেটা আগে আরম্ভ করে দিচ্ছি।’ তারপর যেদিন কলকাতায় পৌঁছেছি, তার পরদিন থেকেই শুটিং করেছি।
বাংলাদেশ কেমন লাগছে?
মমতা: বাংলাদেশ আমার সব সময় ভালো লাগে, যানজটটা বাদ দিয়ে। আপনাদের আতিথেয়তার কাছে সারা পৃথিবী হার মানবে। ভীষণ আপন করে নিতে পারেন। আমার শ্বশুরবাড়ি-বাপের বাড়ি সবই এই দিকে। শ্বশুরমশাই ময়মনসিংহ, শাশুড়িমা ঢাকা, বাবা যশোর আর মা খুলনার। এত গল্প শুনেছি মায়ের কাছে, এখন ৯৭ বছর বয়স তাঁর। আসার আগে বললেন, তুই যদি আগে আমায় বলতি, আমি একটু যেতাম।
‘আগন্তুক’ সিনেমার পর ‘আগন্তুকের পরে’ নামে কোনো সিনেমা হচ্ছে?
মমতা: একটা কথা হচ্ছে, তবে যদি বাবুদা অনুমতি দেন। সেটা হলে খুব মজা হবে।
ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ।