মমতাকে দেখে সুচিত্রা সেনের প্রশ্ন 'তুমি কে?'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুচিত্রা সেন
সুচিত্রা সেন

আচ্ছন্ন ভাবটা তখনো কাটেনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামনে দাঁড়াতেই সুচিত্রা সেন প্রশ্ন করলেন, ‘তুমি কে?’
চিকিৎসকেরা বললেন, ‘মমতাদি আপনাকে দেখতে এসেছেন।’ এরপর সুচিত্রা সেন আবেগভরে মমতাকে বললেন, ‘তুমি আমার কে হতে?’
গত শুক্রবার বিকেলে সুচিত্রা সেনের শারীরিক অবস্থা ক্রমেই অবনতি ঘটে। রক্তে অক্সিজেনের মাত্রা আবারও কমতে শুরু করে। খবর পেয়ে সন্ধ্যার পর মধ্য কলকাতার বেলভিউ হাসপাতালে যান মুখ্যমন্ত্রী। তিনি সেখানে ছিলেন প্রায় আড়াই ঘণ্টা।
অবস্থা কিছুটা স্থিতিশীল হওয়ার পর সুচিত্রা সেনের আচ্ছন্ন ভাবটা কেটে যায়। বিছানা ছেড়ে চেয়ারে বসতে চান। জানতে চান, ‘কটা বাজে?’
তখন তাঁর সামনে ছিলেন মেয়ে মুনমুন সেন আর দুই নাতনি রাইমা ও রিয়া। সুচিত্রা কিছু সময় মুখ্যমন্ত্রীর হাত ধরে থাকেন। মমতা তাঁকে বলেন, ‘তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। খিচুড়ি খেতে ভালোবাসেন তো! সুস্থ হয়ে খিচুড়ি খাবেন!’
সুচিত্রা বলেন, ‘খিচুড়ি না, ফুচকা খেতে ইচ্ছে করছে।’
শুক্রবার কৃত্রিম উপায়ে কোনো খাবার খেতে রাজি হননি সুচিত্রা। তবে সন্ধ্যার পর তাঁকে স্যালাইনের মতো করে কিছুটা তরল খাবার দেওয়া হয়। আবার ইনভেসিভ ভেন্টিলেশনে থাকতে কিছুতেই রাজি নন সুচিত্রা। রাজি না মেয়ে মুনমুনও। কান্নাকাটি করছেন। ফলে কিছুক্ষণ পরপর সুচিত্রা সেনকে নন-ইনভেসিভ ভেন্টিলেটরে রেখে আর ফিজিওথেরাপি দিয়ে বুকের কফ বের করতে হচ্ছে। তাতে সাময়িক স্বস্তি মিললেও কিছুক্ষণ পর আবার শ্বাসকষ্ট শুরু হচ্ছে। সূত্র: আনন্দবাজার।
এদিকে প্রথম আলোর কলকাতা প্রতিনিধি জানিয়েছেন, গতকাল শনিবার দুপুরে বেলভিউ হাসপাতাল থেকে পাওয়া তথ্য অনুযায়ী সুচিত্রা সেনের অবস্থা সংকটাপন্ন। তাঁর শ্বাসকষ্ট নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না।