মমতাকে নিয়ে ১১টি যাত্রাপালা
পশ্চিমবঙ্গের যাত্রাপালার মৌসুম শুরু হয় রথযাত্রার দিন থেকে। এই দিন থেকে শুরু হয় বিভিন্ন যাত্রাপালার বুকিং। তাই কলকাতার যাত্রাপাড়া চিৎপুর রথযাত্রার দিন থেকে হয়ে ওঠে সরগরম। শুরু হয় বুকিং। এদিন পত্রিকায় দেওয়া হয় যাত্রাদলের নানা বিজ্ঞাপন। জানা গেছে, গত রোববার রথযাত্রার দিনই বিভিন্ন যাত্রাদল শতাধিক বুকিং পেয়েছে।এবার কলকাতার যাত্রাপাড়ার মূল আকর্ষণ হলো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিভিন্ন যাত্রাপালা। জানা গেছে, এখন পর্যন্ত কলকাতার বিভিন্ন যাত্রাদল মমতাকে নিয়ে ১১টি যাত্রাপালা তৈরি করেছে। এগুলো হলো: কলকাতা অপেরার মাটির ঘরে মমতা, ভারতজয়ী অপেরার ঘরে ঘরে মমতা, মঞ্জুরী অপেরার মহাকরণে মুখ্যমন্ত্রী মমতা, অঞ্জলি অপেরার বাংলার মসনদে মমতা, দিগ্বিজয়ী অপেরার মহাসংগ্রামে জয়ী মমতা, আনন্দবীণা অপেরার বাংলার ক্ষমতায় এবার মমতা, বিনোদিনী নাট্য কোম্পানির বদলা নয় বদল চাই, শিল্পী মন্দির যাত্রাসংঘের বাংলা আমার মমতাময়ী, গীতাঞ্জলি অপেরার স্বপ্নের নেত্রী মমতাময়ী, দীপালি অপেরার বিদ্রোহিনী বঙ্গনারী এবং রবীন্দ্র ভারতী অপেরার বিদ্রোহিনী অগ্নিকন্যা।