মমতাজের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুক্তি ভঙ্গের অভিযোগে দায়ের করা একটি মামলায় বাংলাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী ও সাংসদ মমতাজকে এক সপ্তাহের মধ্যে পশ্চিমবঙ্গের বহরমপুরের নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বহরমপুরের জেলা ও দায়রা জজ পি কে বন্দ্যোপাধ্যায় শুক্রবার এই নির্দেশ দেন। এর আগে ১৩ এপ্রিল একই আদালত থেকে মমতাজকে আগাম জামিন দেওয়া হয়। ওই সময় তাঁকে এক মাসের মধ্যে নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু শুক্রবার মমতাজের পক্ষে তাঁর আইনজীবী আরও এক মাসের সময় চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত সাত দিনের সময় দেন। গত বছরের ফেব্রুয়ারি মাসে মুর্শিদাবাদের এক অনুষ্ঠান আয়োজক শক্তিশঙ্কর বাগচি মমতাজের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ এনে আদালতে একটি মামলা করেন। অভিযোগে বলা হয়, ভারতে শুধু শক্তিশঙ্কর আয়োজিত অনুষ্ঠানেই মমতাজ গান করতে পারবেন। এ জন্য তিনি মমতাজকে দুই দফায় ১৪ লাখ টাকা দেওয়ার দাবি করেন। এ ব্যাপারে তাঁদের মধ্যে একটি চুক্তি হয়েছে। কিন্তু তাঁর আয়োজিত অনুষ্ঠানে মমতাজ অংশ নেননি। ফলে সেই চুক্তি ভঙ্গ হয়েছে। এদিকে এই মামলার ব্যাপারে মমতাজ বলেন, ‘শক্তিশঙ্কর বাগচির সঙ্গে আমার কোনো চুক্তি হয়নি। আমার নাম ব্যবহার করে তিনি বিভিন্ন আয়োজকের কাছ থেকে টাকা নিয়েছেন। কিন্তু এ ব্যাপারে আমি কিছুই জানি না। এখন নিজে বাঁচার জন্য তিনি আমার বিরুদ্ধে এই মামলা করেছেন। ভুয়া চুক্তিপত্র দেখাচ্ছেন। আমি সম্প্রতি আদালতে হাজির হয়েছি, প্রয়োজনে আবারও যাব। আমি বিশ্বাস করি, এই অভিযোগ মিথ্যা প্রমাণিত হবে।’