মমতার সঙ্গে দেখা
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন ফেরদৌস। গতকাল রোববার দুপুরে মমতার কালীঘাটের বাসায় গিয়ে তিনি তাঁকে শুভেচ্ছা জানান। এ সময় ফেরদৌস মমতাকে বলেন, ‘বাংলাদেশের মানুষ আপনাকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে পেয়ে আনন্দিত। আমি আপনাকে শুভেচ্ছা জানাতে এসেছি।’মমতা বলেন, ‘কলকাতার মানুষের পক্ষ থেকে আমিও বাংলাদেশের জনসাধারণকে শুভেচ্ছা জানাচ্ছি।’ফেরদৌস মমতাকে বাংলাদেশ সফরের অনুরোধ জানান। মমতা তাঁর দাওয়াত গ্রহণ করে বলেন, ‘অবশ্যই বাংলাদেশে যাব। দুই বাংলার সাংস্কৃতিক কর্মকাণ্ড কীভাবে আরও বাড়ানো যায়, এসব বিষয় নিয়ে আলোচনা করব।’ফেরদৌস বিকেলে কলকাতা থেকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হওয়ার পর কিছু পরিকল্পনা করেছিলাম। তারই অংশ হিসেবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। আমি তাঁর কাছে দুই বাংলার চলচ্চিত্র নির্মাণের নানা সমস্যার কথা বলেছি। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে আশ্বাস দিয়ে বলেছেন, ভারতের দিক থেকে যে সমস্যাগুলো আছে, সেগুলোর সমাধান তিনি করবেন। এ ছাড়া আমি দুই বাংলার শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান করার কথা বলেছি। তিনি তাতেও সম্মতি দিয়েছেন।’