মমর দ্বিতীয় ইনিংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনটা যদি টেস্ট ম্যাচ হয়, তাহলে জাকিয়া বারী মম এই জীবন-টেস্টের মাঠে নেমেছেন দ্বিতীয় ইনিংস খেলতে। অন্তত তাঁর বক্তব্যে তো তেমনটাই মনে হয়। মমর প্রথম ইনিংসের কথা বলা বাতুলতামাত্র। লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় পরেছিলেন বিজয়ীর মুকুট। তারপর সেই মুকুটে একে একে যোগ হয়েছে নানা বর্ণের পালক। সেখানে আছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মতো উল্লেখযোগ্য কিছু নাম। কিন্তু এর মধ্যে একটা বিরতিও আছে। বিরতির সময়টা ঠিকঠাক ১৪ মাস। দীর্ঘ এই বিরতিতে মমর অনেক ভক্তই পড়েছিলেন শঙ্কায়—মম কি তবে হারিয়ে গেলেন? ভক্তদের ভালোবাসা মিশ্রিত এই আশঙ্কাকে হাওয়ায় উড়িয়ে দিয়েছেন মম নিজেই। দ্বিতীয় ইনিংস শুরু করেই বলছেন, ‘না, মম হারিয়ে যায়নি। কারণ, আমার বন্ধু-বান্ধব, সমালোচক, শিক্ষক, সহকর্মী এবং বিশেষ করে ভক্ত-দর্শকেরা বলছেন, মম, প্রথম ইনিংসের চেয়ে দ্বিতীয় ইনিংসে তুমি আরও ভালো করছ।’দ্বিতীয় ইনিংসে মমর পারফরম্যান্সের কথায় পরে যাই, তার আগে আমরা দেখি মম এখন কী করছেন এবং এর আগে জানিয়ে দেওয়া ভালো, বিরতির ১৪ মাসে ব্যক্তিগত জীবনে মম নতুন পরিচয়ে আবির্ভূত হয়েছেন। তাঁর কোলজুড়ে এসেছে ফুটফুটে এক পুত্রসন্তান। ‘আরিজ আবিয়াজ এজাজ উদ্ভাস—আমার ছেলের লম্বা নাম!’ হাসতে হাসতে বলছিলেন মম। সে হাসিতে মিশে ছিল মা হওয়ার অহংকার ও গর্ব। নতুন এই পরিচয় নিশ্চয়ই নতুন দিনের পথচলায় জ্বালানি হিসেবে কাজ করছে? মমর উত্তর, ‘হ্যাঁ, নতুন এই পরিচয়, আমার পরিবার—সব মিলিয়ে ব্যস্ততা থাকলেও আমি সুখী। তাই ১৪ মাস পরে টিভি নাটকের কাজ করতে গিয়ে কোনো সমস্যা হয়নি। ঈদুল আজহার জন্য প্রায় ১০-১১টি নাটকে অভিনয় করেছি। এর মধ্যে আছে হাবিবের পরিচালনায় যে এসেছিল অথবা আসেনি, সুস্ময় সুমনের বি পজিটিভ, সাহাদাত হোসেন সুমনের ছবিঘর। এ ছাড়া অরণ্য নীল ও নুজহাত আলভী আহমেদের নাটকেও অভিনয় করেছি এবার।’ আর ঘরের মানুষ এজাজ মুন্নার নাটকে? ‘হ্যাঁ, এজাজ মুন্নার টেলিছবি গোধূলি এবং মীরা নাটকে কাজ করেছি।’ পরিচালক মুন্নার কথা উঠতেই স্বামী মুন্নার কথা এসে যায়। মম বললেন, ‘আমি এখন যা করছি, সব কৃতিত্ব মুন্নার। ও যে আমাকে কতটা সাপোর্ট দেয়, তা বলে বোঝানো যাবে না। আমি সত্যিই সৌভাগ্যবান স্ত্রী। ও না থাকলে হয়তো আমি অনার্স পরীক্ষাই দিতে পারতাম না। মুন্না সব সময় একটা কথাই বলে, আমি আছি তোমার পাশে, তুমি তোমার কাজ করো।’একসঙ্গে অনেক কাজই করছেন মম। এক ঘণ্টার নাটকে বেশি সময় দিলেও অভিনয় করছেন দুটি বড় ধারবাহিকেও। পাশাপাশি ব্যস্ততা আছে পরীক্ষা নিয়ে। জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় থেকে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মম দিচ্ছেন মাস্টার্স পরীক্ষা। এর ফাঁকে ফাঁকে নাচের কথাও ভুলে যাননি একেবারে। কিন্তু এত কিছু সামলাচ্ছেন কী করে? কিংবা কাজের মান ধরে রাখছেন কীভাবে? খানিকক্ষণ ভেবে মম বললেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছেন, মানুষের ক্ষমতা বাড়ে জ্ঞানে আর অধিকার বাড়ে প্রেমে। কথাটা খুব সত্যি। আমি বিশ্বাস করি, কাজের প্রতি প্রেম থাকলে সেটাই ধ্রুব হয়। কাজের জন্য আমার ভালোবাসা এবং চেষ্টা আছে—এটাই বড় কথা। আর তাই হয়তো আমি ভালো কাজ করতে পারছি এবং এই চেষ্টাটাই করে যাব সব সময়।’