মমর বিয়ে
লাক্স-চ্যানেল আই সুপারস্টার ও অভিনয়শিল্পী মম বিয়ে করেছেন। বর পরিচালক এজাজ মুন্না। গতকাল বুধবার সন্ধ্যায় ধানমন্ডিতে মমর বাসায় ঘরোয়াভাবে এই বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মমর বাবা-মা ও মুন্নার বোন এবং দুই পরিবারের কাছের আত্মীয়স্বজন। দুজনের খুব ঘনিষ্ঠ সূত্র থেকে এই খবরের সত্যতা নিশ্চিত হওয়া গেছে। মম-মুন্নার বিয়ে হচ্ছে—এমন খবর শোনা গিয়েছিল মঙ্গলবার সন্ধ্যায়। কিন্তু ওই সময় থেকে দুজনেরই মুঠোফোন বন্ধ থাকায় তাঁদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। আরেকটি সূত্র জানিয়েছে, গতকাল বিকেলে ধানমন্ডির পারসোনাতে বিয়ের সাজে সাজতে যান মম।মম এখন এজাজ মুন্না পরিচালিত ধূপছায়া ধারাবাহিকে অভিনয় করছেন। জানা গেছে, প্রায় দুই বছর ধরে প্রেম হলেও শেষ পর্যন্ত পারিবারিকভাবেই তাঁদের বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়। গতকাল বুধবার মম কোনো শুটিংয়ে অংশ নেননি। কাল শুক্রবার নাটকের শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।