
‘মরণসাগরপারে তোমরা অমর,/ তোমাদের স্মরি।/ নিখিলে রচিয়া গেলে আপনারই ঘর,/ তোমাদের স্মরি’ জাতীয় নাট্যশালার মূল মঞ্চে খালি কণ্ঠে গাইলেন মিতা হক। বিজয় দিবস আনন্দের হলেও তার ঠিক এক দিন আগে জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্রে শত্রুরা দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করেছিল। তাই তো অন্তরে বিজয় দিবস আসে বিষাদের দীর্ঘশ্বাস নিয়ে। গতকাল ছিল শহীদ বুদ্ধিজীবী দিবস। আগামীকাল বিজয় দিবস। দুটি দিনকে উপলক্ষ করে গতকাল রাজধানীর সাংস্কৃতিক অঙ্গনে ছিল নানা আয়োজন।
শিল্পকলা একাডেমীর উদ্যোগে শুরু হয়েছে ১৩ দিনব্যাপী বিজয় উৎসব। নাটক মঞ্চায়ন, চলচ্চিত্র প্রদর্শনী, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের মডেলে অনুষ্ঠান পরিবেশন, মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ও প্রামাণ্য চিত্রানুষ্ঠান দিয়ে সাজানো হয়েছে বিজয় উৎসবের অনুষ্ঠানমালা।
গতকাল রোববার সন্ধ্যায় একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে ১৩ দিনের এই বিজয় উৎসবের উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক ও কথাসাহিত্যিক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল।
শুরুতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর গান করেন মিতা হক। উৎসবের উদ্বোধনকালে বক্তারা মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করেন। একই সঙ্গে তাঁরা সব যুদ্ধাপরাধীর শাস্তি বাস্তবায়ন এবং স্বাধীনতার শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করার আহ্বান জানান। বক্তারা স্বাধীনতার সব শহীদের স্মরণের পাশাপাশি স্মরণ করেন বঙ্গবন্ধুকে।
অনুষ্ঠানে প্রধান অতিথি শিল্পকলা একাডেমী আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। উদ্বোধন ঘোষণা এবং পুরস্কার দেওয়ার পর শুরু হয় সাংস্কৃতিক পর্ব। এ পর্বে ছিল একক, দলীয় গান, আবৃত্তিসহ নানা আয়োজন।
পদাতিকের ‘পোড়ামাটি’
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গতকাল শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে উদ্বোধনী মঞ্চায়ন হয়ে গেল পদাতিক নাট্য সংসদের নাটক পোড়ামাটি। বাবুল বিশ্বাসের রচনায় এবং আইরিন পারভীনের নির্দেশনায় এটি পদাতিকের ৩১তম প্রযোজনা। পোড়ামাটির উদ্বোধন করেন শহীদ বুদ্ধিজীবী পরিবারের তিন সদস্য পান্না কায়সার, শ্যামলী নাসরিন চৌধুরী ও জাহীদ রেজা নূর। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারতের উপহাইকমিশনার সন্দীপ চক্রবর্তী। মহান মুক্তিযুদ্ধের সময় বন্দিশিবিরে বুদ্ধিজীবী হত্যা ও নির্যাতনের ঘটনাকে উপজীব্য করে রচিত হয়েছে নাটকটি।