মরমি গানের সুরে মগ্ন হেমন্তসন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিমেল হাওয়া বইতে শুরু করেনি এখনো, তবে ঢাকা মহানগরে হেমন্তসন্ধ্যার শীতের আভাস কিছু কিছু মিলছে। গতকাল রাধারমণ সংস্কৃতি চর্চা কেন্দ্র ও শিল্পকলা একাডেমী আয়োজিত দুই দিনের রাধারমণ উৎসবের ছিল সমাপনী অধিবেশন। শ্রোতাদের স্বাগত জানান কেন্দ্রের সাধারণ সম্পাদক শিল্পী বিশ্বজিৎ রায়।গানের পালা শুরু হয়েছিল শিল্পী প্রান্ত আচার্যের গাওয়া ‘কী রূপ দেখলাম জলের ঘাটে গিয়া’ গানটি দিয়ে। বেলা সাড়ে তিনটা থেকে গানের পালা শুরু হয়। সন্ধ্যা নাগাদ শ্রোতাসমাগম শামিয়ানার নিচে স্থানসংকুলান হলো না। চার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাটি অঞ্চলের সাধক রাধারমণের প্রেম, বিচ্ছেদি, ধামাইল গানের সুরে মগ্ন হয়ে রইলেন বহুজন।উৎসবে ঢাকার শিল্পীদের পাশাপাশি বৃহত্তর সিলেট অঞ্চলের প্রবীণ ও নবীন শিল্পীরা অংশ নিয়েছেন। তাঁদের মধ্যে প্রবীণ শিল্পী চন্দ্রবতী রায় বর্মণ গেয়ে শুনিয়েছেন, ‘তুমি আওনা কেনে রসের বৃন্দাবনে’, ‘শুন গো পরান সই’। জামাল উদ্দিন বান্না শুনিয়েছেন, ‘ওরে মন কুপথে যাইও না’, জান্নাত-ই-ফেরদৌসী গেয়েছেন, ‘পাষাণ মনরে বুঝাইও’ ও ‘আমার সাধনের ধন’, অনিমা মুক্তি পরিবেশন করেন, ‘আমার গলার হার’ ও ‘আমি রব না রব না গৃহে’। শাহনাজ বেলীর গান দুটি ছিল ‘পিরিতি বিষম জ্বালা’ ও ‘কালায় প্রাণটি নিল বাঁশিটি বাজাইয়া’। আলোচনা করেছেন মাঈনুদ্দিন খন্দকার।