মরমি গানের সুরে মুখর আখড়াবাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর-পূর্ব কোণের আকাশে চাঁদ তার পূর্ণ রূপ নিয়েছে। সন্ধ্যার পরপরই জ্যোৎস্নার ছটা ছড়িয়ে পড়েছে ছেঁউড়িয়ার আখড়াবাড়ি প্রাঙ্গণে। লালন শাহ জীবদ্দশায় তাঁর ভক্ত অনুসারীদের নিয়ে এই দোল পূর্ণিমা তিথিতেই সাধুসঙ্গের জন্য দোল উৎসবের আয়োজন করতেন। তাঁর মৃত্যুর পরও ভক্তজনেরা অব্যাহত রেখেছেন সেই ধারা। দেশ-বিদেশ থেকে আসা সাধুসন্ত আর বাউলশিল্পীদের একতারা, দোতারা, ঢোল, বাঁশির সঙ্গে মরমি গানের সুরে মুখর হয়ে আছে পরিবেশ। গুরুর প্রতি ভক্তের নিবেদন করা সেই সুরের নৈবেদ্য চৈত্রের দমকা হাওয়া ভাসিয়ে নিয়ে যাচ্ছে দূর থেকে দূরে। শুক্রবার সন্ধ্যায় কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় শুরু হয়েছে লালন স্মরণোৎসব। উৎসবের উদ্বোধন করেন সাংসদ বেগম সুলতানা তরুণ। লালন একাডেমির আয়োজনে ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং বেসরকারি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবির পৃষ্ঠপোষকতায় এই উৎসব হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে লালন একাডেমীর সভাপতি জেলা প্রশাসক আবদুল মান্নানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন লালন একাডেমির সাধারণ সম্পাদক তাইজাল আলী খান। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন আবদুর রশীদ চৌধুরী। পরে লালন মঞ্চে গান পরিবেশন করেন লালন একাডেমি ও দেশের বিভিন্ন জায়গা থেকে আসা শিল্পীরা। এদিকে সাঁইজির মূল মাজার চত্বরের বিশাল মিলনায়তনে নিচতলার ফাঁকা জায়গায় ছোট ছোট আসরে অবিরাম চলছে লালনের চেনা সুরের গান।