মরমি সাধকের জীবনাখ্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাছনজানের রাজা নাটকে রামিজ রাজু
হাছনজানের রাজা নাটকে রামিজ রাজু

সামান্য আনুষ্ঠানিকতা শেষে যখন নাটক শুরু হয়, তখন মঞ্চের পেছনে পর্দার ওপাশে ঝলমলে চাঁদ আলো ছড়াতে শুরু করে। জ্যোৎস্নাকবলিত ভরা বর্ষার এক হাওরে রূপ নেয় পুরো মঞ্চ। সে হাওরে ভেসে চলে এক নৌকা। সেই নৌকার পাটাতনে বসা জনা দশেক অত্যাধুনিক তরুণ-তরুণী। কেউবা ক্যামেরা দিয়ে ছবি তুলছে, কেউবা মত্ত ফেসবুক নিয়ে আবার কেউবা মনের আনন্দে বাজাচ্ছে গিটার। বাতাস কেটে কেটে পালতোলা নৌকা এগিয়ে চলছে সামনের দিকে। মাঝি বৈঠা বাইতে বাইতে গাইছেন ‘ছাড়িলাম হাসনের নাও রে’।

নিশা লাগিল রে, নিশা লাগিল রে

যেমন করে হাওরের পানি কাটতে কাটতে নৌকা এগিয়ে চলছিল, তেমনই নাটকের কাহিনিও দ্রুততার সঙ্গে এগিয়ে চলছিল। কাহিনি ঠিক এ রকম: হাসন রাজাকে দেখার উদ্দেশ্যে শহুরে কিছু তরুণ-তরুণী সুনামগঞ্জের দেখার হাওরে চাঁদনি রাতে নৌকা ভাসায়। এর আগে তারা লোকশ্রুতির বদৌলতে জানতে পেরেছিল, ১৯২২ সালে মারা গেলেও বর্ষার ভরা জোছনায় হাওরে ‘হাছন রাজার নাও ঘুরিয়া বেড়ায়’, আবার ‘কাছে গেলে এই নাও আকাশে মিলায়।’ কেবল এই তথ্যটুকু সম্বল করে তারা সুনামগঞ্জে এসে নৌকা ভাড়া করে হাওরে রাত কাটাতে যায়। সেখানেই ঘটনাপরম্পরায় হাসন রাজার সঙ্গে তাদের সাক্ষাৎ ঘটে। এরপর কাছে পেয়ে তারা সরাসরি হাসন রাজাকেই জিজ্ঞেস করে জেনে নেয় তাঁর জীবনকাহিনি, নারীদের নিয়ে তাঁর সম্পর্কে প্রচলিত মুখরোচক গল্প আর জনশ্রুতির বিষয়েও। নাটকের একেকটা সংলাপ আর বেশ কিছু চরিত্রের প্রাণময় উপস্থিতি দর্শকদের মনে নেশা ধরিয়ে দেয় যেন!

আহা রে সোনালি বন্ধু, শুনিয়া যা মোর কথা

অল্প বয়সেই সিলেট ও সুনামগঞ্জের বিশাল জমিদারির মালিক বনে যান হাসন রাজা। বেহিসাবি সম্পদের কারণে ভোগবিলাস, উচ্ছৃঙ্খল ও বেপরোয়া জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়েন। তবে মধ্যবয়সে এসে তাঁর মনে ব্যাপক পরিবর্তন আসে। জাগতিক মোহ ত্যাগ করে সাধারণ মানুষের মতোই জীবনযাপন শুরু করেন। জমিদারের চারিত্রিক বৈশিষ্ট্য খর্ব করে একের পর এক গান রচনায় মেতে ওঠেন। কিছুদিনের মধ্যেই মরমি গানের কিংবদন্তি একজন গীতিকার হিসেবে পরিচিতি আদায় করে নেন। খোদ রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত তাঁর গান উদ্ধৃত করে বিদেশবিভুঁইয়ে বক্তৃতাও দেন। হাসন রাজার এমন চরিত্রকেই নাটকে উপস্থাপন করা হয়েছে। তবে উপস্থাপন-ভঙ্গিটিও বেশ চমকপ্রদ এবং অভিনব। প্রায় শতবর্ষ আগে মৃত্যুবরণকারী মরমি গানের সুবিদিত একজন প্রাচীন ব্যক্তির জীবনযাপন এবং গায়নপদ্ধতিকে অতি আধুনিক কিছু তরুণ-তরুণীর চরিত্রগত বৈশিষ্ট্যের মধ্যে সফলতার সঙ্গে মিলেমিশে একাকার করে দিতে পারাটাই এ নাটকের সবচেয়ে বড় সফলতা। এই নাটকের সংলাপ পয়ার ছন্দে রচিত এবং সংলাপের ফাঁকে ছিল হাসন রাজার লেখা প্রাসঙ্গিক সব গান।

নাটকের প্রধান চরিত্র জমিদার দেওয়ান হাসন রাজা অন্যান্য চরিত্রের উত্থাপিত প্রশ্নের একের পর এক উত্তর দিয়ে যান। আর তখনই আমাদের সামনে বেরিয়ে আসে অন্য এক হাসন রাজা। যে হাসন রাজা তাঁর বিপুলায়তন জমিদারি আর সমাজ থেকে একেবারেই আলাদা, নিঃসঙ্গ একাকী মানুষ। যিনি হাওরের নির্জনতার ভেতর দিয়ে সন্ধান করে চলেছেন মনের মানুষের। নিজেরই মুখোমুখি দাঁড়িয়ে একসময় তাই হাসন রাজা নাটকের অন্যান্য চরিত্রের সামনে দাঁড়িয়ে উচ্চারণ করেন সেই চিরায়ত সত্যবাণী: ‘মন যাইবায় রে ছাড়িয়া/ কেহ নাহি পাইব তোমায় সংসার জুড়িয়া...’।

আগুন লাগাইয়া দিল কনে

অনন্ত হিরার মেধা, মনন ও অভিনয়গুণের বিষয়টি নাট্যামোদীদের কাছে নতুন কোনো বিষয় নয়। তাঁর সমীহজাগানো একেকটি কাজ এরই মধ্যে দেশের সীমানা ছাড়িয়ে বিদেশের মাটিতেও সুনাম কুড়িয়েছে। হাছনজানের রাজা নাটকেও তাঁর মেধা এবং মননের অহরহ পরিচয় পাওয়া যায়। প্রকৃত অর্থেই এক সুসংযোজিত পরিবেশনা ছিল। একদিকে নাটকের পাত্রপাত্রীরা অতি আধুনিক, অন্যদিকে হাসন রাজা প্রাচীন এক চরিত্র। শতবর্ষ আগের-পরের প্রজন্মের চিন্তা-চেতনা-রুচির মধ্যে সেতুবন্ধন তৈরিতে নির্দেশকের সজাগ ও সচেতন দৃষ্টিভঙ্গির বিষয়টি নাটকের পরতে পরতে টের পাওয়া গেছে। নাটকের অন্যতম পার্শ্বচরিত্র আধুনিক তরুণ-তরুণীদের বাচনভঙ্গি ও শারীরিক ভাষা আমার কিংবা আগের প্রজন্মের দর্শকদের মনে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব এবং মানসিক খচখচানির মতো পরিস্থিতি তৈরি করে দিতে পারে ঠিকই, তবে হালের প্রজন্মের সঙ্গে কিন্তু এমন দৃশ্য খাপে খাপে মিলে যায়। নাটকটিতে যে প্রাচীনের সঙ্গে বর্তমানের সমন্বয় ঘটানো হয়েছে, এটিও এক প্রকৃষ্ট উদাহরণ। নাটকের কোরিওগ্রাফি, আবহ সংগীত, মঞ্চভাবনা, রূপসজ্জা থেকে শুরু করে আলোক প্রক্ষেপণ—সবই ছিল প্রশংসনীয়।

হাসন রাজার নামভূমিকায় অভিনয়কারী রামিজ রাজুর কথা বিশেষভাবে বলতেই হবে। মূল বাজির ঘোড়া কিন্তু তিনিই। মঞ্চের নিয়মিত দর্শকদের কাছে নিশ্চয়ই তাঁর অভিনয়ÿক্ষমতার বিষয়টি নতুনভাবে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন নেই। এই নাটকেও পুনর্বার রামিজ তাঁর জাত চিনিয়েছেন। তাঁর কুশলী ও পরিশীলিত অভিনয়-দক্ষতা ছিল মন্ত্রমুগ্ধের মতো উপভোগ্য বিষয়। অভিনয় ও গানের পাশাপাশি শারীরিক অভিব্যক্তির মাধ্যমে প্রায় একাই পুরো নাটককে শেষ পর্যন্ত সফলতার দিকে টেনে নিয়ে গেছেন। রামিজের বলিষ্ঠ কণ্ঠস্বরের প্রক্ষেপণ ও সংলাপ উচ্চারণ দুটোই ছিল সমানভাবে আকর্ষণীয়। এর বাইরে কেবল মাঝি চরিত্রে অভিনয়কারী ছাড়া বাকিরা গড়পড়তা অভিনয় করেছেন।

পুনশ্চ: মনে পড়ছে সে রাতের কথা। ভালো একটি নাটক দেখার আত্মতৃপ্তি নিয়ে রাতের গাড়িতে চেপে সিলেটে ফিরে আসছি। টানা ভ্রমণে ক্লান্ত শরীর এলিয়ে দিই সিটে। খোলা জানালা দিয়ে বাতাস এসে ধুয়ে দিচ্ছে আমাকে। চোখে তন্দ্রাভাব। সদ্য দেখা নাটকের চরিত্রগুলো চোখের সামনে যেন সজীব হয়ে ভাসছে। তবে তা সত্ত্বেও আমার ভাবনায় জায়গা করে নিতে থাকে প্রাঙ্গণে মোর-এর আওরঙ্গজেব কিংবা ঈর্ষা নাটক। কেন জানি তখন মনে হলো, হাছনজানের রাজা ওই দুটি নাটককে উতরে যেতে পারেনি।

অবশ্য কারও কাছে এ রকম না-ও মনে হতে পারে। আমিও দ্বিধাদ্বন্দ্বে আছি, আমার দৃষ্টিভঙ্গি কিংবা উপলব্ধি ভুলও হতে পারে!